বই বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রায়ই সংশোধন ও পরিবর্তন আনা হচ্ছে। তবে একটি জায়গায় পরিবর্তনের কথা কেউ অনুধাবনের চেষ্টাও করে না। আমরা জানি, মাধ্যমিক শ্রেণীর তুলনায় উচ্চমাধ্যমিক শ্রেণীর সিলেবাস অনেক বড় এবং সময়ও অত্যন্ত কম। সীমিত সময়ে আমাদের যে বই পড়ে শেষ করতে হবে, তা নিয়ে আমাদের ভোগান্তির শেষ নেই।
আমরা বাজারে একই সিলেবাসে একই বিষয়ে একাধিক রকমের বই পাই। কোনটা রেখে কোনটা কিনব—তা নিয়েই প্রথমে বিভ্রান্তিতে পড়তে হয়। যা হোক, একটা কিনে ক্লাসে গিয়ে দেখি, শিক্ষকের পড়ানোর সঙ্গে বইটির অধিকাংশই মিল নেই। আবার একই তথ্য একাধিক বইয়ে একাধিক রকমের হয়ে থাকে। কিছু বইয়ে আবার তথ্য কম, কিছু বইয়ে তথ্য বেশি থাকা সত্ত্বেও প্রয়োজনীয় তথ্যটি থাকে না। ফলে ক্লাসে ও পরীক্ষায় দুই ক্ষেত্রে বিভ্রান্তিতে পড়তে হয়। আর তাই একাধিক লেখকের একাধিক বইয়ের প্রথা বাতিল করে সর্বজনীন (মাধ্যমিক শ্রেণীর মতো) বই চালুর উদ্যোগ গ্রহণ করতে হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্যোগেই এটা করা সম্ভব হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোত্তালেব হোসেন
ফখরুদ্দিন আহমদ হল, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।