বইমেলা ২০১৪ সফল হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলা মানেই বাঙালির প্রাণের মেলা। বাঙালির অস্তিত্ব রক্ষার সংগ্রামের সঙ্গে বইমেলা ওতপ্রোতভাবে জড়িত। মাতৃভাষা রক্ষার দাবিতে বায়ান্নর এক ব্যতিক্রমী আন্দোলনের মাধ্যমে এ দেশের কতিপয় সাহসী ছাত্র-জনতা তাঁদের মহান প্রাণের বিনিময়ে বাংলা ভাষাকে রক্ষা করেন। যার উদাহরণ পৃথিবীর অন্য কোনো ভাষার জাতি-গোষ্ঠীর মধ্যে খুঁজে পাওয়া যায়নি।
বইমেলা এলেই বাঙালি যেমন উৎসবমুখর হয়ে ওঠে, ঠিক তেমনি নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতেও শেখে। প্রতিবার বছর ঘুরে ফেব্রুয়ারি মাস এলেই বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণকে নতুন রূপে সাজিয়ে তোলা হলেও এবারই প্রথমবারের মতো মেলার পরিসর বাড়িয়ে নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। ফলে লেখক-প্রকাশকসহ সচেতন পাঠকদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিয়েছে।
এতে মেলায় আসা মানুষ তাদের পছন্দের বই কেনার ব্যাপারে হয়রানির পরিবেশ থেকে রক্ষা পাবে বলে আশা করা যায়। আর প্রকাশকেরাও তাঁদের প্রকাশিত বইগুলো পাঠকের সামনে প্রদর্শন করার মতো সুযোগ খুঁজে পাবেন। মেলার এই বর্ধিতকরণ উদ্যোগের জন্য কর্তৃপক্ষের অবদান প্রশংসার দাবি রাখে। তবে মেলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে জরুরি ভিত্তিতে আরও কিছু প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। ইতিমধ্যে কর্তৃপক্ষের প্রতি অভিযোগ উঠেছে, মেলা প্রাঙ্গণে আসা প্রকাশক ও দর্শকদের জন্য শৌচাগার নির্মাণ না করায়।
নিরাপত্তার ব্যাপারেও কর্তৃপক্ষকে সর্বাত্মক সচেতন নজর রাখতে হবে, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। এই কথা বলার অপেক্ষা রাখে না যে সবকিছুর মধ্যে একটি সুষ্ঠু সমন্বয়ই পারবে অমর একুশে গ্রন্থমেলা ২০১৪-কে সফল সমাপ্তির দিকে নিয়ে যেতে। বইমেলা ২০১৪ সফল হোক, এই প্রত্যাশা করছি।
আরিফ মজুমদার
বারিধারা, ঢাকা।