
বাছাই কমিটি দিয়ে নির্বাচন কমিশন (ইসি) করেও তারা কেন দাঁত বের করতে পারল না? কেন তারা ব্যাঘ্র না হয়ে মেষশাবক হয়েই থাকল? কেন তারা একটিবারের জন্য তফসিল পেছাতে পারল না? বিরোধী দলগুলোকে তারা সংলাপে ডাকল না। রাজনীতিকেরা যেভাবে নাকে দড়ি দিয়ে জনগণকে ঘোরান, সেভাবে ইসিও ঘোরাল। ইতিহাসে ১২২টি লাশের ওপর দিয়ে হেঁটে এর আগে কোনো ইসি নির্বাচনী শবযাত্রায় অংশ নেয়নি। তারা প্রকাশ্যে সমঝোতায় সব সম্ভব বললেও বাস্তবে সমঝোতার জন্য কিছুই করেনি। কিন্তু আমরা ভুল করব, ক্ষমতাসীনদের তাঁবেদারি করব, যদি বলি ইসিই হলো নন্দ ঘোষ, তার ব্যর্থতার কারণেই আজ তামাশার নির্বাচন হচ্ছে। সংবিধান থেকে ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার রদবদল না করে ইসির শক্তিশালীকরণ আলোচনা হয় না। ডেনমার্কের যুবরাজ ছাড়া হ্যামলেট মঞ্চায়ন হাস্যকর নয় কি?
রকিব কমিশন যেমন তাঁবেদার, তেমনি সাদেক ও আজিজের কমিশনও তাঁবেদারি করেছে। সাদেক ও আজিজ কমিশন কেবল ‘সংবিধান রক্ষা’ করেছিল, এবারও একই জিগির। সঙ্গে আরেকটি নতুন মন্ত্র যুক্ত হয়েছে। জামায়াত ও যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাতের কারণে বিএনপির ভূমিকা অবশ্যই নিন্দার যোগ্য। কিন্তু লুটপাটের ধারক-বাহকদের ছলাকলা এবং ক্ষমতার মোহও নিন্দনীয়। এটা গ্রহণযোগ্য নয় যে, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাইলে নির্বাচনী শবযাত্রায় অংশ নিতে হবে। এটা মুক্তিযুদ্ধের লক্ষ্যের ভুল ব্যাখ্যা। কারণ, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারকে দলিতমথিত করে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটে না। ঘটতে পারে না।
বরং মুক্তিযুদ্ধকে আজ নির্বাচনের বিপরীতে দাঁড় করানোয় স্বাধীনতাবিরোধীরা উল্লসিত। বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে মনে পড়ছে। অষ্টম সংশোধনী মামলায় তাঁর মন্তব্য: ‘চতুর্থ সংশোধনীর পরিবর্তন ছিল যেন নির্বাচিতদের দ্বারা একটি সামরিক অভ্যুত্থান। এর ফলে স্বাধীনতার মিত্ররা হয়ে পড়েছিলেন হতভম্ব। আর স্বাধীনতার শত্রুরা উল্লসিত।’ আজ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ১৯৮৮ ও ১৯৯৬-এর সাম্প্রদায়িক নির্বাচনওয়ালাদের গোত্রভুক্তি ঘটল। আমি শ্রদ্ধাশীল থাকি যাঁরা আবেগভরে বলছেন, এটা একাত্তরের পক্ষে-বিপক্ষের লড়াই। আজকের নির্বাচনে জয়ী হওয়া হয়তো লড়াইয়ে শেখ হাসিনার জয়লাভ। কিন্তু এটা অনেক বেশি সত্যিকারের যুদ্ধের জন্য আওয়ামী লীগের পরাস্ত হওয়ারও দিন।
গতকাল গুলশানের লেকশোর হোটেলে অর্থনীতি সমিতির প্রাণবন্ত আলোচনায় কেউ কেউ দশম সংসদ যে ভালো সংসদ নয়, তা স্বীকার করলেন। মানলেন অংশগ্রহণমূলক নির্বাচন একটা লাগবে। ড. সলিমুল্লাহ খান বললেন, ‘বিএনপিকে রাজনৈতিক পরাজয় স্বীকার করতে হবে।’ অনেকেই তাঁর সঙ্গে একমত হবেন। কিন্তু বিএনপি স্বীকার করলে বা না করলেও আজকের নির্বাচনী শবযাত্রার জয়-পরাজয় মাপা হবে কোন মানদণ্ডে? স্বাধীনতাবিরোধীদের দুষলেই চলবে কি?
লেকশোর সংলাপে কারও কাছ থেকে শুনলাম না, যুদ্ধাপরাধের বিচারের স্বার্থে শেখ হাসিনাকে রেখে একাদশ সংসদও অপরিহার্য কি না? দ্বাদশ কিংবা ত্রয়োদশ সংসদ তাঁকে রেখে বা সরকারপ্রধানকে রেখে করতে হবে কি হবে না?
অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সংবিধান সংস্কার ভাবনা আমাকে মুগ্ধ করল। তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করলেন। ঐতিহাসিক পটভূমি শব্দটিও উচ্চারণ করলেন। তবে শেখ হাসিনাকে সরিয়ে নির্বাচনের যুক্তিকে তিনি অগণতান্ত্রিক বললেন। ৩ জানুয়ারি সিলেটে অর্থমন্ত্রী এম এ মুহিত সমঝোতা হলে ‘আজ-কালই মানে ২৪ জানুয়ারির পরেই’ একাদশ সংসদ নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দেন।
কোনো তরফেই নির্বাচনকালীন সরকারের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব টেবিলে নেই। অবশ্য ফর্মুলার ঘাটতির কারণে সংকট গভীর হয়নি, হচ্ছে না। মুনতাসীর মামুন লিখেছেন, ‘পাকিস্তানি ও তার দালালদের আর নয়।এর জন্য যদি আরও কয়েক লাখের মৃত্যু হয়, হবে।’ (জনকণ্ঠ, ১ জানুয়ারি ২০১৪) আমার ৩ জানুয়ারির লেখা (দশম সংসদ বৈধতা পাবে না) পড়ে আইনের একজন প্রবীণ অধ্যাপক বলেছেন, ‘এটা বৈধ না হলেও বেআইনি নির্বাচন নয়। তবে বড় কথা, এবারে মুক্তিযুদ্ধ চলছে।’ এর আগে তথ্যমন্ত্রী বলেছেন, যুদ্ধের রীতি মেনে মোকাবিলা করা হবে। এরপর প্রধানমন্ত্রীকে বলতে শুনলাম, গেরিলা প্রশিক্ষণ তো নেওয়া আছে। গেরিলা কায়দায় মোকাবিলা করুন। উভয় পক্ষ ‘গৃহযুদ্ধ’ শব্দ ব্যবহার করছে। এসব যদি সত্যি হয়ে থাকে, তাহলে মাহ্ফুজ আনামের সংসদ অধিবেশন ডাকাসংক্রান্ত লেখাজোখা তো অপ্রাসঙ্গিক। ওই ‘যুদ্ধ’র আয়ুষ্কাল নিয়ে আলোচনা হতে হবে সর্বাগ্রে। গভর্নর মালেকও একাত্তরের যুদ্ধকালে নির্বাচন করেছিলেন। অধ্যাপক হারুন-অর-রশিদ বললেন, এটা ‘টেকনিক্যাল নির্বাচন।’ গভর্নর মালেকও নিশ্চয় টেকনিক্যাল নির্বাচন করেছিলেন।
একাত্তর টিভি আয়োজিত সংলাপে সজীব ওয়াজেদ জয় বললেন, ‘সমঝোতার চেষ্টা করেছেন তাঁরা। বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিতে বলার পরও তারা নির্বাচনে আসেনি।’ বিএনপির চেয়ারপারসনের প্রেস টিমের একজন মুখপাত্র আমাকে ইঙ্গিত দেন যে, শেখ হাসিনাকে রেখেই তাঁর ক্ষমতা সীমিত করার বিষয়টি তারানকো খালেদা জিয়ার কাছে তুলেছিলেন। তিনি নাকি হ্যাঁ বা না কিছুই বলেননি। তাহলে নতুন ফর্মুলাটি কী হবে?
২৪ জানুয়ারির পরে বিএনপি সংসদের সাবেক বিরোধী দল হচ্ছে। তাই অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে এ সপ্তাহেও নবম সংসদের অধিবেশন ডাকা যায়। দশম সংসদ নির্বাচনের প্রক্রিয়াও চলবে। পাশাপাশি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নবম সংসদকে কাজে লাগাতে কোনো সাংবিধানিক বাধা নেই। নাগরিক সমাজের একাংশের নির্বাচন বন্ধের সুপারিশ আজ দৃশ্যত তামাদি হচ্ছে। সাংবিধানিক অর্থে হচ্ছে না। কারণ, ২৪ জানুয়ারির আগে এই নির্বাচন বাতিল করা সম্ভব। নাগরিক সমাজের আরেক অংশ যুক্তি দিলেন, এই বুদ্ধি ষড়যন্ত্রমূলক। কারণ, তাহলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। যুদ্ধাপরাধীরা বাঁদরনাচ নাচবে।
খালেদা জিয়ার দ্বারা সরকারকে অবৈধ বলা নাকচ করে লিখেছিলাম, ২৩ এপ্রিল পর্যন্ত সরকার বৈধ। আজ যদি শেখ হাসিনা ১২৩ অনুচ্ছেদের ৩ দফার দ্বিতীয় বিকল্পে নির্বাচন করতেন, তাহলে এই বুদ্ধিজীবীরা কী বলতেন? সরকারের আইনমন্ত্রী, প্রতিমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, আমীর-উল ইসলাম প্রমুখ বলেছেন, প্রধানমন্ত্রী সংসদ রেখে কিংবা ভেঙেও নির্বাচন করতে পারেন। তাঁদের ওই যুক্তি চক্রান্ত না হলে বর্তমান নির্বাচন বন্ধ করে বিরোধী দলকে আরও সময় দেওয়ার যুক্তি চক্রান্ত হবে কেন? সাংবিধানিক শূন্যতার প্রশ্ন তো আসবে আরও তিন মাসের বেশি সময়ের পরে। ২৪ জানুয়ারির আগে তো নতুন সরকারও করা যাবে না। এই সময়ের মধ্যে জামায়াত প্রশ্নে একটি স্থায়ী আইনি ফয়সালায় উতলা হতে কেন দেখা গেল না? নবম সংসদের সরকারের ওজন ও মর্যাদার মান ১০০ হলে দশম সংসদের মান দশেরও নিচে থাকবে।
একাত্তর চ্যানেলে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জয়কে প্রশ্ন করেছেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে কি আওয়ামী লীগ সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে? উত্তর এড়িয়ে গেছেন জয়। বলেছেন, ‘আমি আপনাকে উল্টো প্রশ্ন করি, যখন কেউ আপনার বাড়ি ডাকাতি করে চলে যায়, তাহলে কি তাকে দ্বিতীয়বারের মতো আমন্ত্রণ জানাবেন?’
জনগণ যদি চায়, তাহলে কিন্তু অবশ্যই। এটাই গণতন্ত্র। জনাব জয় যুক্তি দেন, আওয়ামী লীগ কখনো ভোট কারচুপি করেনি। গত পাঁচ বছরে ছয় হাজার সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাই প্রধানমন্ত্রীকে রেখে নির্বাচন করার অধিকার আওয়ামী লীগের আছে। শেখ হাসিনাকে বিএনপি কেন রাখতে চায় না? জয়ের উক্তি: ‘এই ডিসেম্বরে তাহলে কাদের মোল্লার ফাঁসি হতো না।’ এটা সত্য। কিন্তু একটি জাতির জীবনে অগণিত ডিসেম্বর আসবে। যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করতে আওয়ামী লীগকেই ক্ষমতায় রাখতে হবে? ব্যস, তাহলে বলুন, এর মেয়াদ কত হবে।
সংবিধান কিন্তু বহিঃশত্রুর সঙ্গে যুদ্ধকালেও সংসদের জনপ্রতিনিধিত্বশীল চরিত্র বজায় রাখার সঙ্গে আপস করেনি। তাই বলেছে, প্রজাতন্ত্র যুদ্ধরত থাকলেও সংসদকে বিনা নির্বাচনে অনধিক এক বছরের বেশি বাঁচানো যাবে না। তাই ‘দেশের শত্রুর’ সঙ্গে ‘যুদ্ধ’ করার সময়সীমা বাঁধতে হবে। অন্যথায় লাঠি ভাঙবে। সাপও মরবে না।
সুশাসন ও সুনির্বাচন থেকে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে যুদ্ধটা পৃথক করতে হবে। এই যুদ্ধের বুলেট হতে হবে ব্যালট। আজকের বুলেট কুয়াশাভেজা, স্যাঁতসেঁতে। এতে কোনো কাজ দেবে না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ’৯৬-র আগেরও একটা গল্প আছে।
১৯৮১ সালের জুন-জুলাই। সংসদে ষষ্ঠ সংশোধনীর ওপর বিতর্ক চলছে। তখন আওয়ামী লীগের আসাদুজ্জামান খান বিরোধী দলের নেতা। এর আগ পর্যন্ত রাষ্ট্রপতির পদ লাভজনক বলে গণ্য ছিল। এর মানে রাষ্ট্রপতি মুজিব স্বপদে থেকে প্রার্থী হতে পারতেন না। জেনারেল জিয়ার মৃত্যুর পরে উপরাষ্ট্রপতি বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি পদে প্রার্থী হন। তিনি পদে থেকে সরকারপ্রধান হবেন।
সুরঞ্জিত সেনগুপ্ত ৩ জানুয়ারি শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন করাকে ‘মাইলফলক’ বলে বর্ণনা করেন। ১৯৮১তে তিনি সরকারপ্রধানের ক্ষমতায় থেকে নির্বাচন করাকে ‘সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী’ মনে করতেন। বলেছিলেন, করতে চাইলে গণপরিষদ ডাকুন। আওয়ামী লীগেরও এই বোল ছিল। আজ তাঁরা ঠিক উল্টো গীত গাইছেন।
১৫তম সংশোধনীতে যা তারা করেছে, ’৮১তে তা বিএনপি করেছিল বলে আওয়ামী লীগ ওয়াকআউট করেছিল। তখন আসাদুজ্জামান খান বলেছিলেন, ‘জনাব স্পিকার, বঙ্গবন্ধু ইচ্ছা করেই চতুর্থ সংশোধনীতে বিধান করেন, যাতে রাষ্ট্রপতি তাঁর স্বপদে থেকে নির্বাচনে প্রার্থী হতে না পারেন। কারণ, তিনি জানতেন, রাষ্ট্রপতি পদে সমাসীন থাকাকালীন কোনো অফিস হোল্ড করলে পরে সেই ইলেকশন নীতিগতভাবে ফেয়ার হতে পারে না, স্পিকার। বঙ্গবন্ধু যদি দ্বিতীয়বার ইলেকশন করতেন, তাহলে তিনি পদত্যাগ করেই করতেন।’ মি. সেনগুপ্তের যুক্তি ছিল, ‘তাঁর (রাষ্ট্রপতি) অফিস থাকাতে জনসাধারণের কাছেনির্বাচনে গিয়ে যাতে ক্ষমতার অপব্যবহার না হয়, কারচুপি না হয়, সে কারণে এটাকেও লাভজনক পদ করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি যদি প্রার্থী হতে চান তিনি “power থেকে resign করে তা করবেন।”’ (সংসদ বিতর্ক, পৃষ্ঠা-৩৭৫৪)। পরিহাস হলো, সেদিন স্বাধীনতাবিরোধী প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান যে যুক্তি দিয়েছিলেন, ঠিক সেটাই আজকের স্বাধীনতার সপক্ষের প্রধানমন্ত্রীদিচ্ছেন। শাহ আজিজ বলেছিলেন, ‘দুনিয়ার সমস্ত গণতান্ত্রিক দেশেপ্রেসিডেন্টকে ক্ষমতায় রেখেই অবাধ নির্বাচন হয়। শেখ সাহেব যদি বেঁচে থাকতেন তাহলেও এই বিধান আনা হতো। কারণ, বঙ্গবন্ধু তো মাসে মাসে জন্মগ্রহণ করে না।’
এখন আওয়ামী লীগ ও তার মিত্ররা বিশ্বের ‘অন্যান্য দেশের’ যে গল্প বলছেন, সেই গল্প তখনো সত্য ছিল। এখন শাসন-সংস্কৃতির মান আরও নিচে নেমেছে। গতকাল ড. ফরাসউদ্দিন ও ইতিহাসবিদ অধ্যাপক মিসবাহ কামাল নির্দিষ্টভাবে ভোটপদ্ধতি পরিবর্তনসহ প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে পরামর্শ দেন। মিসবাহ কামাল স্বৈরাচারী এরশাদের ক্ষমতা, সেই একই রুলস অব বিজনেস যে হাসিনা-খালেদা উভয়ে ভোগ করেছেন, তা তাঁদের নাম ধরেই উল্লেখ করেন। আসলে ব্যক্তির হাতে নিরঙ্কুশ ক্ষমতা হ্রাস না করলে অসৎ ও অযোগ্য রাজনীতিকেরা ঘোলা পানিতে মাছ শিকারের কসরত করেই যাবেন। ইসির মতো বশংবদেরা আমাদের বাঁচাতে পারবে না। এরা মানুষ হওয়ার আগ পর্যন্ত ক্ষমতায় থেকে কোনো সরকারপ্রধানকে নির্বাচন করতে দেওয়া যাবে না। মুজিব অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, এমন গণতন্ত্রচর্চা বাংলাদেশ আরও বহুদিন করবে না। সুতরাং, গণতান্ত্রিক শোভাযাত্রার মূলমন্ত্র হলো ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে কিংবা সমান্তরাল বিধান উদ্ভাবন করে অনতিবিলম্বে অংশগ্রহণমূলক নির্বাচনে যাওয়া।
মিজানুর রহমান খান: সাংবাদিক।