নির্বাচন সামনে রেখে সরকার ও বিরোধী দলের তরফে নানা উদ্যোগ-আয়োজন দেখা যাচ্ছে কিন্তু অচলাবস্থা কাটছে না। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে সংকট নিরসনে তাঁর উদ্যোগ প্রত্যাশা করেছেন। রাষ্ট্রপতির সঙ্গে স্ব-উদ্যোগে দেখা করে তিনি সংকট সমাধানে দৃশ্যত তাঁর আন্তরিকতার প্রমাণ রাখতে চেয়েছেন।
কিন্তু এর মধ্য দিয়ে আদৌ কিছু অর্জিত হওয়ার পরিস্থিতি বিরাজ করছে কি?
খালেদা জিয়ার নেতৃত্বে ১৮-দলীয় জোটের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়ে যে বিষয়গুলো তুলে ধরেছেন, তা দীর্ঘদিন ধরেই আলোচিত। জোটের পক্ষ থেকে একটি নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে আলোচনা ও সমঝোতার পথে আনতে রাষ্ট্রপতির উদ্যোগ কামনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন যে রাষ্ট্রের সবচেয়ে বড় অভিভাবক হিসেবে একটি সংলাপ ও সমঝোতার উদ্যোগ গ্রহণের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করা হয়েছে। রাষ্ট্রপতি বিরোধী দলের এ দাবি সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন, আলোচনা ও সংলাপের মাধ্যমে সংকট নিরসনের আশাবাদও ব্যক্ত করেছেন।
বিরোধী দলের অনুরোধের জবাবে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন সেটাই আসলে বাস্তবতা। রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি শুধু সরকারের কাছে বিরোধী দলের এ দাবির কথা তুলেই ধরতে পারেন। কিন্তু যত সদিচ্ছাই থাকুক না কেন এ ব্যাপারে তাঁর তেমন কিছু করার সুযোগ নেই। খালেদা জিয়ার সঙ্গে কথোপকথনের একপর্যায়ে রাষ্ট্রপতিই বলেছেন, মন্ত্রিপরিষদ সচিব যা লিখে দেন, তাই রাষ্ট্রপতিকে বলতে হয়।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে খালেদা জিয়া আবারও বলেছেন, সরকার একতরফা নির্বাচন করতে চায়, তাঁরা এ ধরনের নির্বাচনে অংশ নেবেন না। নির্বাচন করতেও দেবেন না। খালেদা জিয়ার এ বক্তব্যে এটা স্পষ্ট যে নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে তিনি আগের অবস্থানেই অনড়। অন্যদিকে আমরা দেখছি যে সরকার নির্বাচনের পথে নিজেদের মতো করেই এগোচ্ছে। ফলে রাষ্ট্রপতির সঙ্গে খালেদা জিয়ার এ সাক্ষাত্ আশাবাদের জন্ম দিতে পারেনি।
আমরা বরাবরই বলে আসছি যে গণতান্ত্রিক ব্যবস্থায় যেকোনো সংকট ও সমস্যা সমাধানের পথ হচ্ছে আলাপ-আলোচনা। আর এ জন্য দুই পক্ষেরই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। দুর্ভাগ্যজনকভাবে সেটা সরকারি ও বিরোধী দল—কোনো পক্ষের মধ্যেই দেখা যাচ্ছে না। দুই পক্ষই মুখে সংলাপের কথা বললেও এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। টেলিফোনে সংলাপের আহ্বান জানানো বা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে সমঝোতার ব্যাপারে ‘আন্তরিকতা’ প্রমাণের চেষ্টার চেয়ে প্রকৃত আন্তরিকতা দেখানোই এখন সবচেয়ে বেশি জরুরি।