বায়ান্নর ২৭ ফেব্রুয়ারি করাচির মার্কিন কনস্যুলেটের প্রতিবেদন
গতকালের পর
১৯৫২ সালের জানুয়ারি মাসে রেইসম্যানের সুপারিশ পাওয়া গিয়েছিল। যার মোদ্দাকথা হচ্ছে, কেন্দ্রের স্বার্থের বিনিময়ে প্রদেশগুলোর জন্য আর্থিক মুনাফা লাভ। তদুপরি প্রদেশগুলোকে তা সন্তুষ্ট করতে পারেনি। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (নূরুল আমীন) ওই রোয়েদাদ ঘোষণাকালে মন্তব্য করেছিলেন যে তিনি বিষয়টিকে ‘মিশ্র’ অনুভূতির সঙ্গে দেখছেন। এবং প্রদেশসমূহের নিজস্ব অর্থ সংগ্রহের অনুপাতের ভিত্তিতে নয়, রাজস্ব বণ্টন করা হয়েছিল সংশ্লিষ্ট প্রদেশগুলোর চাহিদার ভিত্তিতে। ওই রোয়েদাদের অধীনে পূর্ববঙ্গকে অবশ্য অতিরিক্ত রাজস্বের উল্লেখযোগ্য অংশ বণ্টন করা হয়েছিল। ঢাকার সংবাদপত্রগুলো এই নীতি অনুসরণ করেছিল যে যেহেতু বাঙালিদের পাট পাকিস্তানের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস, তাই রাজস্ব বণ্টনে অধিকতর বেশি রাজস্বের হিস্যা এই প্রদেশেরই প্রাপ্য হওয়া উচিত।
বিচ্ছিন্নতাবাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে উদ্বাস্তুদের স্বাতন্ত্র্যবোধ। এই উদ্বাস্তুদের মধ্যে যাঁরা দেশভাগকালীন দাঙ্গা-হাঙ্গামার প্রেক্ষাপটে পাকিস্তানে এসেছিলেন এবং দেশভাগকালে যাঁরা পাকিস্তানকে বেছে নিয়েছিলেন অথচ নিজেদের অর্থনীতিতে একীভূত করতে পারেননি, তাঁরা নিজেদের সম্পূর্ণ পৃথক শ্রেণীর একটি জনগোষ্ঠী হিসেবে ভাবছেন। তাঁরা যেখানে এসে বসতি গেড়েছেন, সেখানকার আদি অধিবাসীদের সঙ্গে তাঁরা একাত্ম হতে পারেননি। তাই প্রতিটি প্রদেশে প্রাদেশিক আইনসভাগুলোতে তাঁরা পৃথক আসনের দাবি তুলেছেন। এবং উদ্বাস্তুদের জন্য বিশেষ সুবিধা চেয়েছেন। কতিপয় প্রদেশে উদ্বাস্তুদের ব্যাপকতা কিছু রাজনৈতিক স্থানচ্যুতির ঘটনারও জন্ম দিয়েছে। এর উদাহরণ হলো, সিন্ধু প্রদেশের উদ্বাস্তুরা প্রতিনিধিত্ব দাবি করেছেন এবং এতে সিন্ধি রাজনীতিবিদ, যাঁরা প্রধানত ভূস্বামীদের স্বার্থরক্ষার প্রতিনিধি, তাঁদের অবস্থান নিয়ে ভীত হওয়ার সংগত কারণ সৃষ্টি হয়েছে। উদ্বাস্তুদের চাপের ফলে সিন্ধি নেতারা ঢিলেঢালাভাবে হলেও আত্মসমর্পণ করেছেন। পূর্ব বাংলায় উদ্বাস্তু বিক্ষোভ কিছুটা কম। এর প্রধান কারণ হচ্ছে এই প্রদেশের উদ্বাস্তুদের বড় অংশ পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। আর সে কারণে তাঁরা নিজেদের আদি বাঙালি মনে করে থাকেন। তাঁদের ক্ষোভ-বিক্ষোভের কারণ হচ্ছে প্রধানত অর্থনৈতিক, সম্পদের বণ্টন এবং ত্রাণ।
উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে একধরনের গোষ্ঠীপরতন্ত্রতা বিদ্যমান রয়েছে। এটা গোড়ার দিকে গুরুত্ব পাচ্ছিল, কিন্তু বেশ কয়েক বছর ধরে তা তেমন প্রচার পাচ্ছে না। তবে এখন পর্যন্ত ওই নির্দিষ্ট অঞ্চলটিকে স্থিতিশীলতার জন্য একটি নিশ্চিত হুমকি হিসেবে মনে করা হয়। কারণ, ওই এলাকাতেই খুদা-ই-খিদমতগার বা ‘লাল শার্ট’ আন্দোলন হয়েছিল। এর নেতৃত্ব দিয়েছিলেন ‘সীমান্ত গান্ধী’ হিসেবে পরিচিত খান আবদুল গাফ্ফার খান [১৮৯০-১৯৮৮] এবং তাঁর ভাই ড. খান সাহেব [১৮৮২-১৯৫৮]। খুদা-ই-খিদমতগার (আল্লাহর সেবক) দেশভাগের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। এবং তাঁরা ফ্রন্টিয়ার মিনিস্ট্রি (সীমান্ত মন্ত্রিসভা) গঠন করেছিলেন। ১৯৪৭ সালের গোড়ায় মুসলিম লীগের বিরুদ্ধে তাঁরা লড়াই করেছিলেন। লাল শার্ট আন্দোলন মুসলিম লীগের ধর্মভিত্তিক রাজনীতিকে চ্যালেঞ্জ করেছিল। এবং এই নীতির ভিত্তিতেই একটি সার্বভৌম পশতুন রাষ্ট্রের মঞ্চ তৈরি করা হয়েছিল। একে বলা হবে পশতুনিস্তান (আফগানিস্তান ও পাকিস্তানের পশ্চিমাংশ এর এলাকা। এর জনগোষ্ঠী ইরানীয় উপজাতি, পশতু তাদের ভাষা) মুসলিম লীগের আহ্বানে সীমান্ত প্রদেশকে ভোটে অংশ নিতে হয় পাকিস্তানে যোগদানের জন্য। দেশভাগের আগে যখন গণভোট অনুষ্ঠিত হয়েছিল, তখন লাল শার্ট আন্দোলন উল্লেখযোগ্য প্রভাব হারিয়েছিল। দেশভাগ এবং পাকিস্তানের জন্মের পরপরই জিন্নাহ খান সাহেব মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন। এবং খান আবদুল কাইয়ুম খানকে করেছিলেন প্রধানমন্ত্রী। পাকিস্তান এবং কাশ্মীরনীতির প্রতি তাঁদের কথিত বিরোধিতার কারণে এবং নতুন রাষ্ট্রের প্রতি তাঁদের দৃঢ় আনুগত্য সত্ত্বেও লাল শার্টের ৩০০ নেতাকে ১৯৪৮ সালে কাইয়ুম সরকার জেলে পাঠিয়েছিল।
অনুবাদকের নোট: ১৯২৯ সালে গাফ্ফার খান প্রতিষ্ঠিত লাল শার্ট আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামে অসামান্য ভূমিকা রাখে। ১৯৮৭ সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারত রত্ন’ লাভ করেন। তাঁরই ছেলে খান আবদুল ওয়ালি খান [১৯১৭-২০০৬] ছিলেন ন্যাপ নেতা। স্বাধীনতাযুদ্ধে সহায়তাদানের জন্য বাংলাদেশ সম্প্রতি তাঁদের উভয়কে সম্মাননা দিয়েছে।
খান আবদুল জব্বার খান দেশভাগের সময় মুখ্যমন্ত্রী ছিলেন। কাইয়ুম সরকার তাঁকেও জেলে পুরেছিল। মোহাম্মদ আলী বগুড়ার মন্ত্রিসভায় যোগ দেন। এ নিয়ে ছোট ভাই গাফ্ফার খানের সঙ্গে তাঁর বিরোধ বাধে। ১৯৫৫-তে এক ইউনিটের আওতায় তিনি পশ্চিম পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন। ১৯৫৮ সালে খানসাহেব গুলিতে নিহত হন।
গত কয়েক মাসে সীমান্ত সরকার লাল শার্ট বন্দীদের মুক্তি দিয়েছে। সরকারি ভাষ্যে বলা হয়েছে, মুক্তি পাওয়া নেতারা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। তাঁদের এই শপথ কতটা খাঁটি, সেটা ভবিষ্যতে দেখার জন্য অপেক্ষা করতে হবে। মনে করা হচ্ছে যে সীমান্ত প্রধানমন্ত্রী খান আবদুল কাইয়ুম খানের তরফে অনুরূপ ঘোষণা না-ও আসতে পারে। ১৯৫২ সালের ৫ জানুয়ারি প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আবদুল গাফ্ফার খান এবং তাঁর সমর্থকেরা এখনো পাকিস্তানের বিরুদ্ধে তৎপর রয়েছেন। কাইয়ুম বলেছেন, লাল শার্ট আন্দোলনকারীদের অনেকেই আফগানিস্তান ও ভারতে পালিয়ে গেছেন এবং ওই সব স্থান থেকে তাঁরা পাকিস্তানের ভাবমূর্তি নস্যাতের চেষ্টা করছেন। এই অভিযোগ সত্ত্বেও কাইয়ুম তথ্য প্রকাশ করেছেন যে লাল শার্ট বন্দীদের সংখ্যা ১৯৪৯ সালে যেখানে প্রায় ৩০০ ছিল, সেখানে ১৯৫২ সালের গোড়ায় তা ষাটে নেমে এসেছে। সম্প্রতি খুদা-ই-খিদমতগার সম্পর্কে উল্লেখযোগ্য প্রচারণা শুরু হয়েছে। এর অর্থ হচ্ছে তাঁদের প্রভাবের সম্ভাব্য পুনর্জীবন।
সাম্প্রতিক মাসগুলোতে প্রাদেশিকতাবাদের কেন্দ্রীয় প্রবণতা শক্তিশালী হয়েছে। এর কারণ গোষ্ঠীগত স্বার্থের রক্ষকদের দৃঢ় বিশ্বাস নতুন প্রধানমন্ত্রীর প্রভাব প্রয়াত লিয়াকত আলী খানের মতো নয়। তাঁরা এখন তাঁর শক্তি পরীক্ষা করতে চাইছেন। সাম্প্রতিক কিছু ঘটনায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তাঁরা কিছুটা সফল হয়েছেন। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধু প্রদেশের প্রধানমন্ত্রীরা মুসলিম লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এবং কেন্দ্রীয় ক্ষমতার কর্তৃত্বকে অবজ্ঞা করেছেন। সীমান্তের প্রধানমন্ত্রী সফল হয়েছেন। সাবেক সিন্ধুর প্রধানমন্ত্রীর সাফল্য কিংবা ব্যর্থতা এখনো অনির্দিষ্ট রয়েছে। এসবের মধ্য দিয়ে কেন্দ্রীয় কর্তৃত্বের যে দুর্বলতা ফুটে উঠেছে, তাতে গভর্নর জেনারেল এবং নাজিমুদ্দীনের হুঁশিয়ারি সত্ত্বেও প্রাদেশিকতাবাদীরা তাঁদের ক্রমবর্ধমান শক্তি এবং প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে আগের চেয়ে বেশি সম্ভাবনাময় একটি যুগে প্রবেশ করছেন।
(শেষ)
মিজানুর রহমান খান: সাংবাদিক।
[email protected]