বড় আকারের এডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে এডিপি বাস্তবায়নের হার সামান্য বাড়লেও তা সন্তোষজনক নয়। চলতি অর্থবছরে গত নয় মাসে এডিপি বাস্তবায়িত হয়েছে ৪৯ শতাংশের মতো। সরকারি কাজে  জবাবদিহি থাকলে এমনটি হওয়ার কথা নয়।

নির্বাচনের বছরে বড় আকারের এডিপি রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে বলে অনেকে মনে করেন। এতে মন্ত্রী-সাংসদের তদবির অগ্রাধিকার পাওয়াও অস্বাভাবিক নয়। এবারের এডিপির পরিমাণ বেশি নির্ধারিত হলেও রাজস্ব খুব বেশি বাড়ানোর সুযোগ আছে বলে মনে হয় না। সে ক্ষেত্রে সরকারকে অভ্যন্তরীণ কিংবা বাইরের উৎস থেকে ঋণ নিতে হবে, যার দায় বহন করতে হবে জনগণকেই।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প করার জন্য এডিপিতে ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। এই খাতে বৈদেশিক সহায়তা এক হাজার ৬০০ কোটি টাকা ধরা হলেও তার উৎস পরিষ্কার নয়। পদ্মা সেতু নিয়ে দুই বছর ধরে যে অনিশ্চয়তা চলে আসছে, তা অবসানের লক্ষণ নেই।

প্রতিবছর বাজেটে বৈদেশিক সহায়তা হিসেবে যে প্রাক্কলন করা হয়, তার একটা বড় অংশ পাওয়া যায় না। আবার ক্ষেত্রবিশেষে সময়মতো প্রকল্পের কাজ করতে না পারার কারণেও বিদেশি ঋণ ফেরত যাওয়ার নজিরও কম নয়। রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পের ক্ষতিকারক দিকের চেয়েও বেশি ক্ষতিকর হলো এর অস্বচ্ছ বাস্তবায়ন-প্রক্রিয়া। অতএব বাস্তবায়নের সুষ্ঠুতা ও স্বচ্ছতার ওপরই নজর দিতে হবে।

তাই সরকারকে মনে রাখতে হবে, এডিপি বড় করে দেখানোয় কৃতিত্ব নেই, বরং বাস্তবমুখী কর্মসূচি নিয়ে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে সেটাই সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে। গত চার বছরে দেশের প্রবৃদ্ধি গড়ে ৬ শতাংশের ওপরে থাকা কিংবা বাজেটের আকার কয়েক গুণ বৃদ্ধি নিশ্চয়ই অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষণ।

অর্থনীতির এই গতিশীলতার সঙ্গে যদি সরকার অর্থনৈতিক খাতের দুর্নীতি-অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নিতে পারত, তাহলে এডিপির প্রকৃত সুফল জনগণ পেত, লাভের গুড় পিঁপড়ায় খেত না। গত চার বছরে শেয়ারবাজার কেলেঙ্কারিসহ পদ্মা সেতু, হল-মার্ক, বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারি যে আর্থিক খাতে সরকারের সাফল্য ম্লান করে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। 

অন্যদিকে সরকারকে স্বীকার করতে হবে, এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সংকটও বড় বাধা। হরতাল-অবরোধে যেখানে জনজীবনই স্থবির হওয়ার উপক্রম, সেখানে এডিপির সুষ্ঠু ও স্বচ্ছ বাস্তবায়ন কী করে সম্ভব?

অতএব আগামী অর্থবছরের জন্য সরকার যে উচ্চাভিলাষী এডিপি হাতে নিয়েছে, তা বাস্তবায়ন করতে চাইলে রাজনৈতিক সংকটের আশু সমাধান জরুরি।