গণপরিবহনের বিশৃঙ্খলায় সাধারণ মানুষ নিয়মিত যাতায়াত নিয়ে অতিষ্ঠ। অপহরণ-গুম-হত্যা নিয়ে দেশজুড়ে জনমনে আতঙ্ক৷ কাজের খোঁজে লাখ লাখ বেকার যুবক প্রতিদিন ডুবছে হতাশায়। এ রকম একটি পরিস্থিতিতেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আড়াই লাখ কোটি টাকার বাজেট দিলেন জাতির সামনে। আগামী ২০১৪-১৫ অর্থবছরে এই পরিমাণ অর্থ তিনি বিনিয়োগ ও ব্যয় করতে চান। তবে এই অর্থ ব্যয় করে তিনি কি সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব করতে পারবেন? হতাশ বেকার যুবকদের আশার আলো দেখাতে সক্ষম হবেন? কোনো প্রশ্নেরই সরাসরি উত্তর পাওয়া যায় না অর্থমন্ত্রীর এই বাজেটে৷
তবে শাসনের রাজদণ্ড যখন সরকারের হাতে রয়েছে, তখন তা চালিয়ে নিতে অর্থনীতিকে সচল রাখার দুরূহতর কাজটি অর্থমন্ত্রীকে করতে হবে, এটাই স্বাভাবিক৷ সেই বিবেচনা থেকে তিনি এবারের বাজেটে নানা দিক সামলানোর চেষ্টা করেছেন৷ আর লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়ানোর, যার মাপকাঠি হলো ৭ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন৷ এ উদ্দেশ্যে কেইনসের দেখানো পথে রাষ্ট্রের বিনিয়োগ বাড়িয়েছেন ৩২ শতাংশ। অর্থাৎ সরকার টাকা খরচ করলে তা ব্যবসায়ী-শিল্পপতিদের উৎসাহিত করবে বিনিয়োগ বাড়াতে৷ আর উৎসাহ ধরে রাখতে কিছু প্রণোদনা দেওয়ার চেষ্টাও আছে৷ তবে রাজকোষে টাকা না বাড়লে খরচ কোথা থেকে হবে? দেশের বিপুলসংখ্যক মানুষ ভালো আয়-উপার্জন করেও যে ঠিকমতো আয়কর দেয় না, সেটা ভালোই জানেন অর্থমন্ত্রী। আর তাই প্রত্যক্ষ করের আওতা অনেক বাড়িয়েছেন। একই সঙ্গে ধনীদের আয় ও সম্পদের ওপর বাড়তি কর আদায়ের চেষ্টাটি সমাজে বেড়ে চলা আয়-বৈষম্যে রাশ টানার ছোট প্রয়াস৷
অবশ্য কর দিয়ে ব্যয় মেটানো যাবে না বলেই ঋণ নিতে হবে৷ কিন্তু ব্যাংক থেকে ৩১ হাজার ২২১ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রার পাশাপাশি এত দিনের পুঞ্জীভূত দেশি ঋণের সুদ পরিশোধে ২৯ হাজার ৩০৫ কোটি টাকা ব্যয় করতে হবে৷ তার মানে বাজেটের হিসাব-নিকাশ মেলানোর কাজটি অর্থমন্ত্রীর জন্য আরও কঠিন হয়েছে৷ শতমুখী চাপে অল্প অল্প করে থোক বরাদ্দ দিতে হয়েছে অপচয়ের ঝুঁকি নিয়ে৷
গরিব ও সুবিধাবঞ্চিত কোটি কোটি মানুষের প্রতি দরিদ দৃষ্টি থাকলেও অর্থমন্ত্রী নিশ্চিত করতে পারেননি যে তাঁর পদক্ষেপ সুফল দেবে৷ সুশাসনের প্রবল ঘাটতিকেও তেমন গুরুত্ব দেননি৷ আর্থিক খাতে বিশৃঙ্খলার যে নেতিবাচক অভিঘাত অর্থনীতিতে পড়েছে, তার পুনরাবৃত্তি রোধের জোরালো প্রতিশ্রুতি নেই তাঁর বাজেট বক্তৃতায়৷ বরং এসব ছাপিয়ে অর্থনীতির ছুটে চলার গতি যে ৬ শতাংশের পাকচক্রে আটকে আছে, তা থেকে মুক্তি পাওয়ার প্রবল বাসনা তাঁর মধ্যে কাজ করেছে৷
আর তাই এ রকম একটি বাজেট প্রণয়নের মাধ্যমে অর্থমন্ত্রী একটি বড় দান বা বড় চাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন৷ তবে একথাও মনে রাখতে হবে যে, বড় দানে বিপর্যয় ঘটলে অনেক কিছুই খোয়াতে হয়৷ কিন্তু অর্থমন্ত্রীর কাছে এর বিকল্পও ছিল না৷