মন্ত্রী-সাংসদদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতিমালা করে রেখেছিল পরিবেশ ও বন মন্ত্রণালয়৷ দামি সেগুন কাঠ হাতিয়ে নেওয়ার এই পদ্ধতি দুর্নীতির মাপে বড় না হলেও সর্বব্যাপী সুবিধাবাদের আরেকটি নজির৷ নীতিমালাটি সম্প্রতি বাতিল হলেও বরাদ্দ করা হাজার হাজার ঘনফুট সেগুন কাঠ ইতিমধ্যে হজম হয়ে গিয়েছে৷ এ ব্যাপারে কী পদক্ষেপ নেবে পরিবেশ ও বন মন্ত্রণালয়?
বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে সেগুনসহ বিভিন্ন ধরনের কাঠ নেওয়ার এই সংবাদ প্রকাশিত হয়েছে রোববারের প্রথম আলোয়৷ সংবাদটি জানাচ্ছে যে ১৫ মন্ত্রী-সাংসদের ঘরে চলে গেছে পাঁচ হাজার ২৫০ ঘনফুট কাঠ৷ এই কাঠের জন্য ছোটখাটো একটি বনাঞ্চল উজাড় হয়েছে৷ আর এটা তাঁদের দেওয়া হয়েছে ‘বসতবাড়ি নির্মাণের জন্য শুধু জব্দকৃত কাঠ ও ঝড়ে উপড়ে পড়া গাছের কাঠ বরাদ্দ নীতিমালা, ২০০৯’ নামে একটি আজগুবি নীতিমালা তৈরির মাধ্যমে৷ নীতির উদ্দেশ্য এখানে সুশাসন কায়েম নয়, সরকারি সম্পদ বেহাতই এর উদ্দেশ্য৷ আর এই উদ্দেশ্য সাধনের জন্য উদ্যোগী হয়ে বিএনপি আমলে তৈরি এই অসাধু নীতিমালাটি আবার চালু করেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ৷ তাঁর আগের প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর নীতিমালাটি স্থগিত করেছিলেন৷ ওই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী অবশ্য গত এপ্রিল মাসে নীতিমালাটি স্থগিত করেন৷
শুধু স্থগিত নয়, নীতিমালাটি একেবারে বাতিল করাই এ ক্ষেত্রে প্রাথমিক কাজ৷ কেননা, চোরাই কাঠ আত্মসাতের সুযোগসংবলিত নীতিমালা থাকলেই বন বিভাগের গাছ চুরি উৎসাহিত হবে৷ এ ব্যাপারে বর্তমান মন্ত্রী যথার্থই বলেছেন যে একদিকে বন বিভাগ বলবে কাঠ চুরি হচ্ছে না, অন্যদিকে চোরাই কাঠ নামমাত্র নিলামমূল্যে মন্ত্রী-সাংসদদের দেওয়া হবে; তা চলতে পারে না৷ চোরাই কাঠ ধরাকে উৎসাহিত করতে হবে, তার জন্য পুরস্কার দিতে হবে বনরক্ষীদের৷ এর পরও যা জব্দ হবে তা বাজারদরের কাছাকাছি মূল্যে নিলাম করে সেই অর্থ বন সংরক্ষণে ব্যয় করতে হবে৷
তা ছাড়া, যাদের সচেতন প্রচেষ্টায় এভাবে কাঠের উপঢৌকন বিতরণ করা হয়েছে এবং সরকারের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা তা লাভ করেছেন, তাঁদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা না নেওয়ার অর্থ দুর্নীতিকে পরোক্ষভাবে সহযোগিতা করা৷