বান্ধব বলা ভুল হবে, সঠিকভাবে বললে ঢাকা শহরের যোগাযোগব্যবস্থাকে বলতে হবে শিশু-কিশোরবিরোধী৷ এই বৈরী পরিবেশে ১৪টি স্কুলবাস চালু হওয়া ছিল এক চিলতে স্বস্তি৷ কিন্তু এই স্বস্তির মেয়াদ ছিল মাত্র তিন মাস৷ সেবায় অনিয়ম এবং বাসের সংখ্যা কমতে কমতে মাত্র চারটিতে নেমেছে৷ এ দেশে শুরু হয়, কিন্তু শেষ হয় না; স্কুলবাসের নজির তা আবারও প্রমাণ করল৷
২০১১ সালের জানুয়ারিতে স্কুলবাস চালু হওয়ায় ঢাকার ২৬টি স্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা আশ্বস্ত হয়েছিলেন৷ আজিমপুর থেকে মিরপুর ১২ পর্যন্ত যাওয়া-আসা করত বিআরটিসির সাতটি করে ১৪টি বাস৷ যাঁদের ব্যক্তিগত গাড়ি নেই, যে অভিভাবকেরা সন্তানকে স্কুলে পাঠাতে ও আনতে আর্থিক, মানসিক ও শারীরিকভাবে হয়রান হয়ে যান, তাঁদের সন্তানেরা এতে কিছুটা শান্তি পেয়েছিল৷ ঢাকা শহরে গণপরিবহন বলতে যা আছে, তাতে শিশুদের নিয়ে চলাচল করা মানে তাদের নির্যাতন করা৷ উপায় থাকলে এই িভড়, ওঠানামায় ঝুঁকি, আসন না পাওয়া এবং কষ্টদায়ক বাস সার্ভিসে শিশুদের কেউ চড়াতেন না৷ একটি রুটে ১৪টি স্কুলবাস চালু হওয়ায় তাই আশা করা হয়েছিল, পরে অন্য রুটগুলোতেও শিশুবান্ধব স্কুলবাস চালু করা হবে৷
কিন্তু বিআরটিসি ব্যবসাপ্রতিষ্ঠান৷ ভর্তুকি দিয়ে বাস চালানো তাদের পক্ষে সম্ভব নয়৷ তাই, সকাল-বিকেল যে বাসগুলো শিক্ষার্থীদের বহন করত, অন্য সময়ে সেগুলোকে বসিয়ে না রেখে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভাড়া দেওয়া যেত৷ তা ছাড়া ঢাকায় স্কুলবাস ব্যবহারের যাত্রী পাওয়া যাবে না, এটা অবিশ্বাস্য৷ এর পরও যদি ভর্তুকির প্রয়োজন হয়, তা এতই অল্প যে সরকারের জন্য তা কোনো অসুবিধাই হওয়ার কথা নয়৷ তা ছাড়া স্কুলবাসগুলো আরামদায়ক, নিয়মিত ও নিরাপদ হলে স্কুলে আনা-নেওয়ার জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবহারও কমে যাবে৷ তাতে ঢাকার যানজট কিছুটা হলেও কমবে৷
এই বিপৎসংকুল যোগাযোগব্যবস্থার শহরে শিশু-কিশোরদের চলাচলের প্রতি সদয় হোন৷ স্কুলবাসগুলো আবার পূর্ণাঙ্গভাবে চালু করতে যা করা প্রয়োজন, তা করা হোক৷