বন্ধু ডিসি-১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসি-১০-এর সঙ্গে আমার প্রথম দেখা, যখন আমি দশম শ্রেণীতে পড়ি। ‘প্রথম দেখা’ না বলে ‘প্রথম দেখায় প্রেম’ও বলা যায়। স্কুলের এক বন্ধুর দেওয়া একটা পোস্টকার্ডে ডিসি-১০-এর ছবি মুগ্ধ হয়ে দেখছিলাম। মনে আছে, ১৯৮২ সালে যখন প্রথম ঢাকায় একটা ডিসি-১০ হাজির হলো, বিমানটা এক ঝলক দেখতে বিমানবন্দরে হাজির হয়েছিলাম। আমার সৌভাগ্য, ডিসি-১০-এর শেষ ফ্লাইট দেখতেও সময়মতো বাংলাদেশে আসতে পেরেছি। অনেক কাজ ফেলে মাত্র এক দিনের জন্য দেশে গিয়েছিলাম প্রিয় বন্ধুকে বিদায় জানাতে। ‘বুড়ো’ হয়ে গেলে কি হবে, বন্ধু আমাকে মুগ্ধ করেছে সেই আগের মতোই! ডিসি-১০ নিয়ে কেন এতটা উচ্ছ্বাস, সেটাও বোধ হয় অল্প কথায় বলা প্রয়োজন। বলছি শুনুন।
বাংলাদেশ বিমান পরিচালিত এটিই সবচেয়ে প্রশস্ত যাত্রীবাহী বিমান। এখন পর্যন্ত আটটি ডিসি-১০ বাংলাদেশ বিমান ব্যবহার করেছে। অন্যগুলো আগেই বিদায় নিলেও শেষ পর্যন্ত যেটি টিকে ছিল, তার নাম ‘নিউ এরা’। নিউ এরা বা ‘নবযুগ’ একমাত্র ডিসি-১০, যা ১৯৮৮ সালে বাংলাদেশ বিমান সম্পূর্ণ নতুন অবস্থায় ফ্যাক্টরি থেকে এনেছিল। এটা ছিল দ্বিতীয় সর্বশেষ ডিসি-১০। এরপর মাত্র একটিই ডিসি-১০ তৈরি হয়েছে। আমার অনেক বিদেশি বন্ধু শুধু ডিসি-১০ দেখতে বাংলাদেশে এসেছে, কেউ কেউ শেষ যাত্রায় এর যাত্রীও হয়েছে। দেশ-বিদেশে বহুবার ডিসি-১০-এর ছবি তুলেছি। সব স্পটারের কাছেই এটা অত্যন্ত ‘ফটোজেনিক’ একটা উড়োজাহাজ।
এম আজিজুল ইসলাম
ঢাকা।