গত মঙ্গলবার সৈকতনগর কক্সবাজারে আয়োজিত সেমিনারে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাঈদ আবদুল্লাহ বলেছে, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের আচরণ হতে হবে বন্ধুর মতো৷ আর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর তাসনিফা নাওয়ারের দাবি, ‘যে শিক্ষক আমাদের বিষয়বস্তুগুলো ভালো করে বোঝাতে পারবেন, আমরা সেই রকম শিক্ষক চাই৷’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীেন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ অনেকেই বক্তব্য দেন৷ কিন্তু সবকিছুকে ছাপিয়ে দুই শিক্ষার্থীর বক্তব্য এ কারণে সবাইকে স্পর্শ করেছে যে এর মাধ্যমে সব শিক্ষার্থীর আবেগ ও অনুভূতি প্রকাশ পেয়েছে৷ অামাদের শিক্ষাব্যবস্থার মূল সমস্যাটিও চিহ্নিত করেছে দুই শিক্ষার্থী৷
বলার অপেক্ষা রাখে না যে তিনিই হবেন আদর্শ শিক্ষক, যিনি শিক্ষার্থীদের অালোচ্য বিষয়টি উত্তমরূপে বোঝাতে পারবেন এবং তাদের আবেগ অনুভূতিতে সবিশেষ গুরুত্ব দেবেন৷ শিক্ষকের আচরণে যদি স্নেহ ও ভালোবাসার প্রকাশ না থাকে, তাহলে শিক্ষার্থী তার কাছে প্রশ্ন করতে ভয় পাবে এবং তার জানার আগ্রহই অঙ্কুরে িবনাশ হবে৷ দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো, বিষয়ের প্রতি শিক্ষকের গভীর জ্ঞান থাকতে হবে৷ তিনি যদি বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে না পারেন, শিক্ষার্থীদের বোঝাবেন কী করে৷
এ কারণেই অধিক হারে মেধাবীদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে হবে৷ কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতিবেশী দেশগুলোর তুলনায় অামাদের দেশে শিক্ষকদের বেতন-ভাতা অত্যন্ত কম, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে৷ মাধ্যমিক পর্যায়ে যে ৮০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত, সেখানে চাকরির নিশ্চয়তা নির্ভর করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মর্জির ওপর৷ তদুপরি শিক্ষক নিয়োগেও আছে উৎকোচ ও অনিয়মের গুরুতর অভিযোগ৷ এই অবস্থায় শিক্ষার মানোন্নয়ন তথা শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের জ্ঞানপিপাসা মেটানোর সম্ভাবনা ক্ষীণ৷
তাই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাকে কেবল সংখ্যা বা পরিমাণের দিক দিয়ে বিচার না করে এর গুণগত মানের দিকেই নজর দিতে হবে৷ শিক্ষককে হতে হবে বন্ধুর মতো৷ শিক্ষাঙ্গনে গড়ে তুলতে হবে ভয়ের নয়, সৌহার্দ্যের পরিবেশ৷