‘নেই’-এর পরিমাণ যদি শতকরা ৬৭ ভাগ হয়, তবে সেই খাতের পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে কষ্ট হওয়ার কথা নয়। খাতটি স্বাস্থ্য খাত আর সংখ্যাটি চিকিৎসকের। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শতকরা ৬৭ ভাগ চিকিৎসকের পদই এখন শূন্য। বরিশাল বিভাগে সরকারি চিকিৎসাসেবা বলে আদৌ কিছু আছে কি?
হিসাব অনুযায়ী বরিশাল বিভাগে যে কয়জন চিকিৎসক থাকার কথা, তার তিন ভাগের এক ভাগ দিয়ে বর্তমানে কার্যক্রম চলছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের হিসাব অনুযায়ী শতকরা ৬৭ ভাগ পদ শূন্য রয়েছে, তবে প্রেষণ ও অন্যান্য কারণে এই হার আরও বেশি হতে পারে। তার মানে দাঁড়াচ্ছে, কাগজে-কলমে যে হিসাব পাওয়া যাচ্ছে, বাস্তব পরিস্থিতি এর চেয়ে খারাপ। আর যে-সংখ্যক চিকিৎসক কাগজে-কলমে রয়েছেন, তাঁদের অধিকাংশই আবার থাকেন জেলা শহরে।
উপজেলা পর্যায়ের চিত্রটি টের পাওয়া যায় প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের তথ্যে। বরগুনার আমতলী উপজেলায় চিকিৎসকের পদ আছে ৩৯টি আর বর্তমানে কর্মরত আছেন মাত্র ছয়জন। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ১৫টি চিকিৎসক পদের মধ্যে ১১টিই শূন্য। পটুয়াখালীর মির্জাপুর উপজেলায় ২১টি পদের বিপরীতে আছেন মাত্র তিনজন, অর্থাৎ সাত ভাগের এক ভাগ! বছরের পর বছর ধরেই এভাবে চলছে। দেশে চিকিৎসা বা স্বাস্থ্য প্রশাসন বলে কিছু থেকে থাকলে পরিস্থিতি এত শোচনীয় হওয়ার কথা নয়।
পদ অনুযায়ী চিকিৎসক নেই, নিয়োগ পেয়ে এসে অনেকে উধাও, কেউ কেউ পদায়ন হওয়ার পরপরই মহাপরিচালকের কার্যালয়ের মাধ্যমে ঢাকা বা বড় শহরে প্রেষণে চলে যান, যেসব তথ্য বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের কেউ জানতে পারে না—এ রকম এক চরম বিশৃঙ্খল ও জবাবদিহি ছাড়া পরিস্থিতির মধ্য দিয়ে চলছে দেশের সরকারি স্বাস্থ্যসেবার ব্যবস্থা। স্বাস্থ্য মন্ত্রণালয় কি এর কোনোই খোঁজখবর রাখে না? তাদের কি কিছুই করার নেই?