বর্বরতার শেষ কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হচ্ছে অসহায় বেসামরিক মানুষ। পত্রিকার পাতায়, ইন্টারনেটে হতাহত মানুষের করুণ চিত্রগুলো দেখে চোখে পানি এসে যায়। নানা অজুহাতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হামলার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে দিনে দিনে। বিশ্ববাসী শুধু নিন্দা জানাতেই ব্যস্ত। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন?
বিশ্বে এ পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধ হয়েছে। বিশ্বযুদ্ধের ভয়াবহতা সব রাষ্ট্রকেই ভীত করে তুলেছিল। আর তাই বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর গঠিত হয় জাতিসংঘ। আজ যখন ইসরায়েলের নিষ্ঠুর হামলায় ফিলিস্তিনি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ কেন সরাসরি জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না? জাতিসংঘের প্রয়োজন এই সাধারণ মানুষের জীবন রক্ষার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া।
যে শিশুরা ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহত হচ্ছে, তাদের জীবনের হিসাব কে দেবে? যে শিশুরা আহত হচ্ছে, তাদের ভবিষ্যৎ কী হবে? এই হামলার ভয়াবহতায় যে শিশুরা মানসিক ভারসাম্য হারাবে কিংবা এই স্মৃতিগুলো মনে করে আজীবন শিউরে উঠবে অজানা ভয়ে, তাদের সুস্থ জীবন ফিরিয়ে দেবে কে?
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।