বসবাসের অযোগ্য ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাজ্যের দি ইকোনমিস্ট পত্রিকার ‘ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট’ বসবাসযোগ্যতার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন শহরের তালিকা প্রকাশ করেছে। তালিকায় বাংলাদেশের রাজধানী শহর ঢাকা বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহর হিসেবে চিহ্নিত হয়েছে।
১০০ পয়েন্টের সূচকের ভিত্তিতে সর্বনিম্ন ৩৮ দশমিক ৭ পয়েন্ট পেয়ে সবচেয়ে অযোগ্য শহর হিসেবে বিবেচিত হয়েছে ঢাকা। রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, অপরাধের মাত্রা, সংঘাতের ঝুঁকি, স্বাস্থ্যসেবার মান, নাগরিক সেবা, তাপমাত্রা এবং যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিয়ে মূল্যায়ন করা হয়েছে শহরগুলোর ভালো-মন্দ দিক।
সমস্যাবহুল ঢাকার সমস্যা দিন দিন বাড়া ছাড়া কমছে না। বাড়ছে মানুষ, বাড়ছে চাহিদা। কিন্তু ঢাকা দুভাগে বিভক্ত করেও মিলছে না কাঙ্ক্ষিত নাগরিকসেবা। এখানে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ২৮ হাজার মানুষ বাস করে।
ঢাকা শহরে পানিদূষণ, শব্দদূষণ, বায়ুদূষণ বেড়েই চলেছে। ময়লা-আবর্জনায় নোংরা যানজটে স্থবির আমাদের ঢাকা। খাবারে বিষ, ওষুধে ভেজাল, নিঃশ্বাসে সিসা নিয়ে আমরা বহন করে চলেছি নাগরিক জীবন। খাল-বিল-জলাশয় ভরাট করে গড়ে তোলা হচ্ছে অপরিকল্পিত ঝুঁকিপূর্ণ ভবন। খেলার মাঠ, পার্কগুলো দিন দিন দখল হয়ে যাচ্ছে। উচ্চ খরচে চিকিৎসাসেবা পাওয়া গেলেও তার মান নিয়ে রয়েছে প্রশ্ন।
গণপরিবহনের অভাবে নিত্যদিন ভুগতে হচ্ছে নগরবাসীকে। ডাকাতি, গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনায় নগরবাসী উদ্বিগ্ন। সব সুযোগসুবিধা, ব্যবসা, কর্মসংস্থান, রাজনৈতিক কর্মকাণ্ড ঢাকাকেন্দ্রিক হওয়ায় এবং গ্রামাঞ্চলে বেকারত্ব ও দারিদ্র্য বাড়তে থাকায় সব শ্রেণীর মানুষ দিন দিন ঢাকামুখী হচ্ছেন। এখানে জীবনযাপনের ক্ষেত্রে আছে পদে পদে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা। আচমকা ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি নিয়ে প্রতিটি দিন কাটাতে হচ্ছে নগরবাসীকে। সর্বোপরি রাজনৈতিক অস্থিতিশীলতায় নগরবাসীকে ভুগতে হচ্ছে নানাভাবে।
প্রশ্ন হলো, ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুরা কি এই পরিবেশে বেড়ে উঠবে। বিদ্যমান রাজনীতির মারপ্যাঁচে ঝুলিয়ে রাখা হয়েছে কাঙ্ক্ষিত ডিসিসি (ঢাকা সিটি করপোরেশন) নির্বাচন। অনির্বাচিত প্রশাসক দিয়ে কি বিভক্ত ঢাকার কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব? জিইয়ে রাখা সমস্যা কেন সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না? যত তাড়াতাড়ি ডিসিসি নির্বাচন হয়, ততই নগরবাসীর জন্য মঙ্গল।
কর্তৃপক্ষের সাক্ষীগোপালের মতো বসে না থেকে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া দরকার । এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে ঢাকামুখী মানুষের স্রোত কমাতে হবে। বাসযোগ্য ঢাকা গড়ার লক্ষ্যে দ্রুত ড্যাপের (ডিটেইলড এরিয়া প্ল্যান) বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বিকেন্দ্রীকরণ করে আবাসন সমস্যার উদ্যোগ নিতে হবে এখনই।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে থানা এবং জেলা শহরগুলোতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। দুর্নীতি ও অনিয়ম রোধে আইনকানুনের সুষ্ঠু প্রয়োগ দরকার। এ ছাড়া ভূমি দখল, জলাশয় ও নদী ভরাট এবং পরিবেশদূষণের মতো ক্ষতিকর কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হবে।
সাধন সরকার
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।