>একাত্তরে সুনির্দিষ্টভাবে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত হিসেবে প্রমাণিত যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ডােদশ কার্যকর হয়েছে। এ জন্য দীর্ঘ প্রতীক্ষা করতে হয়েছে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারগুলোকে। মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ শুরু হওয়ার পর বিচারপ্রক্রিয়ায়ও অংশ নিতে হয়েছে এসব পরিবারের অনেক সদস্যকে। এসব নিয়ে স্মৃতিচারণা, বিচারের জন্য দীর্ঘ প্রতীক্ষার বেদনা ও বর্তমান ভাবনার কথা লিখেছেন চার শহীদ বুদ্ধিজীবীর সন্তান।

তিন বছরে আমি যখন বাবাকে খুঁজতাম, তখন আমাকে দূর আকাশে উড়ে যাওয়া কোনো বিমান দেখিয়ে বলা হতো—ওই যে তোমার বাবা বিমানে চড়ে দেশ থেকে দেশান্তরে যাচ্ছেন। কাজ শেষ হলেই তোমার জন্য অনেক খেলনা নিয়ে আসবেন। আমার মন আনন্দে নেচে উঠত। ঘুম পাড়ানোর জন্য আমার বাবা সিরাজুদ্দীন হোসেন আমাকে বুকে নিয়ে পীঠ চাপড়ে কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সামান্য ক্ষতি’, কখনোবা ‘হারাধনের দশটি ছেলে’ আবৃত্তি করতেন। বিস্মিত হই এই ভেবে যে ষাটের দশকের সেই দারুণ দিনে ছিপছিপে গড়নের কালোপানা এই মানুষটি হৃদয়ে যখন ভাগ্যবিড়ম্বিত সাড়ে সাত কোটি মানুষকে আশ্রয় দিচ্ছেন, যখন তিনি জাতির মুক্তির জন্য অহোরাত্রি ইত্তেফাক-এর পাতায় সংগ্রাম জারি রাখছেন, তখন সেই তিনিই কীভাবে আমার মতো ছোট্ট শিশুকেও তাঁর হৃদয় নিংড়ানো স্নেহ উজাড় করে দেওয়ার ফুরসত পেতেন! শুধু আমি নই, আমার সব ভাইকেই তিনি তাদের প্রাপ্য ভালোবাসা দিয়ে গেছেন।
আমার বাবার একটি বই রয়েছে ছোট থেকে বড় নামে। পৃথিবীর নানা মনীষীর সংগ্রামময় জীবনকাহিনি যেখানে তিনি লিপিবদ্ধ করেছেন। তিন বছর বয়সে বাবাকে হারিয়ে সিরাজুদ্দীন হোসেন নিজেও নিদারুণ সংকটময় পথ পাড়ি দিয়ে জীবনসংগ্রামে জয়ী হয়েছিলেন। সে কথা তিনি কখনোই ভোলেননি, তাই সুযোগ পেলেই তিনি তাঁর ‘ছোট থেকে বড়’ হয়ে ওঠার কাহিনি আমাদের শোনাতেন। আমার ভাইদের মনে বুনে দেওয়া তাঁর জীবনঘনিষ্ঠ ভাবনাগুলোই বাবাহীন আমাদের পথচলার প্রেরণা হয়েছে নিঃসন্দেহে। পাশে ছিলেন আমাদের প্রাণপ্রিয় মা বেগম নুরজাহান সিরাজী, যিনি নীলকণ্ঠ পাখির মতো আমাদের ওপরে আসতে পারে এমন সম্ভাব্য সব অশুভ থেকে আগলে রাখলেন আমাদের। ভেঙে পড়লেন না এতটুকুও চারপাশের ভীষণ ঝড়ের দাপটে, এমনকি শহীদ পরিবার হিসেবে বঙ্গবন্ধু কর্তৃক সরকারিভাবে দেওয়া ইস্কাটনের বাড়ি থেকে আমাদের চরমভাবে অপমান করে উচ্ছেদ করার পরও। স্বজনহারা লাখ লাখ শহীদ পরিবারের মতো বাবাহীন বাংলাদেশে আমাদের পথচলা কুসুমাস্তীর্ণ ছিল না। এই স্বল্প পরিসরে সেই কাহিনি বলাও সম্ভব নয়।
একাত্তরের ডিসেম্বরে বাবার বদলে মুক্তিযুদ্ধের চেতনার যে দেশ পেলাম, তার ঘাড় মটকে মাত্র সাড়ে তিন বছরের মাথায় দানবের দল পাকাপাকিভাবে বসল মসনদে। জাতির পিতা বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে তারা জাতির স্মৃতি থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসবোধ চিরতরে মুছে দিতে এ দেশের প্রশাসনযন্ত্র, শিক্ষাঙ্গন, রাজনীতি, সংস্কৃতি—সবকিছুতেই বিভ্রান্তির জাল বিস্তার করতে লাগল। এসব কাজের ফলস্বরূপ আমরা দেখতে পেলাম ক্রমান্বয়ে ‘জাতির পতাকা’ খামচে ধরছে পুরোনো শকুনেরা। চরম পরিতাপের সঙ্গে আমরা দেখলাম একাত্তরের ঘাতকের দল ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রে চলে এসেছে। একানব্বইয়ে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আন্দোলনের বিপরীতে খালেদা জিয়ার শাসনামলে যুদ্ধাপরাধীদের শিরোমণি গোলাম আযম হাইকোর্টের রায়ে নাগরিকত্ব ফিরে পান। এরপর থেকে এ দেশ বাস্তবতই ঘাতকের চারণক্ষেত্রে পরিণত হয়। আলবদর বাহিনীর শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ এ দেশের মন্ত্রী হয়েছে। সাম্প্রদায়িক শক্তির ক্রমবিকাশের এই ক্রান্তিকালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যেন ভস্ম থেকে ফিনিক্স পাখির মতো আবির্ভূত হলেন জাতির জীবনে। প্রধানমন্ত্রিত্ব গ্রহণের পর জাতিকে কলঙ্কমুক্ত করে চলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের পর এখন একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিচারের রায় কার্যকর হচ্ছে দাম দিয়ে কেনা এই বাংলাদেশে।
বহুদিন পর যেন মনে হচ্ছে প্রাণভরে নিশ্বাস নিতে পারছি। আমাদের উত্তরাধিকারদের জন্য শাণিত, গতিশীল ধনধান্য পুষ্পভরা দেশ গড়ার জন্য আমরা অপেক্ষা করছি। সেটাই তো একাত্তরের স্বপ্নবান মানুষদের সঙ্গে আমাদের একাত্ম করতে পারে।
তৌহীদ রেজা নূর: শহীদ সিরাজুদ্দীন হোসেনের ছেলে।
আরও পড়ুন: