বাঁচুক দেশ, বাঁচুক ক্রীড়াঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি প্রথম আলোর একজন নিয়মিত পাঠক। ১১ ডিসেম্বর প্রতিদিনের মতোই সকাল সকাল পত্রিকাটা হাতে নিয়েই জানতে পারলাম বাংলাদেশে ক্রিকেট সিরিজ খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজ দলের সিরিজ সম্পূর্ণ না করেই নিজ দেশে ফিরে যাওয়ার খবর। পড়ার পর নিজের অজান্তে ও অনিচ্ছায়ই বুকের ভেতর কেমন যেন একটা তীব্র ব্যথা অনুভব করেছিলাম! হয়তো সেটা বাংলার টাইগারদের প্রতি প্রচণ্ড ভালোবাসার কারণেই। সত্যি বলতে, একটা জাতি যখন তাদের অর্জিত স্বাধীনতার ৪২ বছর পর দেখতে পায়, গর্ব করে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর উপলক্ষ কেবল একটি বা দুটি মাধ্যম। আর তা যদি সেই দেশের সহিংস ও রক্তক্ষয়ী রাজনীতির হিংস্র পদতলে পিষ্ট হতে থাকে, তবে বুকের ভেতর ওই ব্যথা তো তীব্র থেকে তীব্রতর হবেই। যা হোক, খুব বেশি কিছু বলার নেই। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে বিনীত নিবেদন, ক্যারিবীয়দের হঠাৎ করে বাংলাদেশ ত্যাগ করা আমাদের হয়তো ব্যথিত করেছে, কিন্তু তারা তো তাদের নিরাপত্তার কথা ভাববেই। খেলার চেয়ে জীবন অনেক দামি। কিন্তু এটাও কি একটু ভেবে দেখবেন, ক্যারিবীয়দের এই নিরাপত্তাহীনতা রোগটি যদি অন্য দলগুলোর মধ্যেও সংক্রমিত হতে থাকে, তাহলে আমাদের আর বিশ্বের কাছে গর্ব করে বলার মতো কী থাকবে?

অনুগ্রহ করে বর্তমান দেশের অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য কী কী কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটাও আপনারা ভালোই জানেন; বাকি শুধু সদিচ্ছার। আশা করছি, সেটাও আমরা দেখতে পাব।

আবদুল্লাহ আল-হাদী

সাভার, ঢাকা।