প্রায় দেড় দশক আগে ঢাকার বাতাস পেট্রলের ধোঁয়ায় আচ্ছন্ন থাকত৷ ছিল সিসার দূষণ৷ এখন ধোঁয়াদূষণ প্রায় নেই, কারণ গাড়ির ও দুই স্ট্রোক ইঞ্জিনের অটোরিকশা নিষিদ্ধ করা হয়েছে৷ পেট্রলে সিসার মিশ্রণও আগের মতো আর নেই৷ কিন্তু এখনো বায়ুদূষণ রয়ে গেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে দূষিত বায়ুর দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ৷ নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকার অবস্থানও বিশ্বের সবচেয়ে বেশি দূষিত বায়ুর ২৫টি শহরের মধ্যেই রয়েছে৷ প্রথম অবস্থানে থাকার দুর্ভাগ্য বরণ করতে হয়নি বটে, কিন্তু সে কারণে সান্ত্বনা লাভের অবকাশ নেই৷ আমরা যদি
ধোঁয়া দূর করতে পারি, তাহলে অন্যান্য দূষণও বন্ধ করা সম্ভব৷
আমাদের দেশে বাতাসে অ্যামোনিয়া, কার্বন, নাইট্রেট ও সালফেটের ক্ষুদ্র কণা বা মাইক্রোনের একধরনের সমন্বয়ে গঠিত খুব সূক্ষ্ম কণা পিএম২.৫ নিরাপদ মাত্রার চেয়ে বেশি৷ এ কারণে ক্যানসার থেকে শুরু করে উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টজনিত রোগ প্রভৃতি হতে পারে৷ তাই এ ব্যাপারে নগর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্বিকার থাকার সুযোগ নেই৷ নাগরিকদের ভালো-মন্দ, সুস্বাস্থ্যের অনুকূল শর্ত সৃষ্টি করাই তাদের কাজ৷ যদি এসব ক্ষেত্রে মারাত্মক ঘাটতি থাকে, তার জবাবদিহি করতে হবে সরকারকেই৷
কার্বন, সালফেটসহ অন্যান্য উপাদান কীভাবে বাতাসে আসে, তা কারও অজানা নয়৷ আমাদের দেশে এমনকি রাজধানীর আশপাশেও ইটভাটায় সস্তা প্রযুক্তি ব্যবহার করা হয়৷ কারখানার বর্জ্য বুড়িগঙ্গা নদীতে ফেলা হয়৷ অথচ উন্নত প্রযুক্তি ব্যবহার করে অনায়াসে এসব আপদ দূর করা সম্ভব৷ অতিমুনাফালোভী কিছু উদ্যোক্তা বিদ্যমান আইনকে কাঁচকলা দেখিয়ে নির্বিচারে বায়ু, পানি ও পরিবেশদূষণ করে চলেছে৷ যাদের নজরদারি করার কথা, তারা অনেক সময় এসব না দেখার ভান করে দু-পয়সা কামাই করে৷ এর প্রতিকার দরকার৷
অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের যৌথ প্রতিবেদনে স্যানিটেশন ও সুপেয় পানি ব্যবহারে বাংলাদেশের সাফল্য লাভের খবর এসেছে৷ তাহলে বায়ুদূষণরোধে আমরা কেন পিছিয়ে থাকব? আইনের প্রয়োগ থাকলে বায়ুদূষণ দূর হতে বাধ্য৷ এদিকে নজর দিতে হবে৷