বাংলাদেশের আর্থিক সাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষাকাল এলেই রাস্তা খোঁড়াখুঁড়ির ধুম পড়ে যায়। প্রশ্ন হলো, রাস্তা খোঁড়াখুঁড়ির কাজসহ অন্য বেশ কিছু কাজ বর্ষাকালে কেন অধিক পরিমাণে করা হয়? আমাদের মতো দরিদ্র দেশের প্রকল্পগুলোর অর্থায়ন দাতা দেশ বা সংস্থার ওপর অনেকাংশে নির্ভরশীল। ওই
অর্থ ছাড় পাওয়ার আগে দাতাদের অনেক শর্ত পূরণ করতে হয় এবং তা করতে বেশ সময় লেগে যায়।
এ বাস্তবতার কারণেই প্রকল্পের অধিকাংশ কাজ আর্থিক সালের শেষাংশে করতে হয়। তা ছাড়া দেশীয় অর্থায়নেও বাজেট বাস্তবায়নে অনেক সংস্থা বা বিভাগ বাজেটে প্রাপ্ত অর্থ বিভিন্ন কারণে ব্যয় করতে সক্ষম হয় না। এই অব্যয়িত অর্থ উল্লিখিত সড়ক খোঁড়াখুঁড়ির কাজে ব্যয় করতে উৎসাহিত করা হয়। ফলে ওই কাজগুলো আর্থিক সালের শেষাংশে বৃষ্টি-বাদলের মধ্যে তাড়াহুড়ো করে বাস্তবায়ন করতে হয়।
পাকিস্তান আমলে চালু হওয়া জুলাই-জুন আর্থিক সাল বাংলাদেশে আজও বিদ্যমান। ফলে আর্থিক সালের শেষ দিকটা বর্ষাকাল এবং এই শেষ দিকটাতেই বেশির ভাগ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
ব্রিটিশ আমলে ভারতবর্ষের আর্থিক সাল ছিল এপ্রিল-মার্চ, যুক্তরাজ্যের আর্থিক সাল এপ্রিল-মার্চ। পাকিস্তান ও বাংলাদেশের আর্থিক সাল জুলাই-জুন। পাকিস্তানে বৃষ্টি-বাদল কম, কিন্তু বাংলাদেশে এই সময়টা বর্ষাকাল হওয়ায় প্রকল্প বাস্তবায়ন বিঘ্নিত হয়।
বাংলাদেশের আর্থিক সাল এপ্রিল-মার্চ হলে প্রকল্প বাস্তবায়ন, প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী জরুরি কর্ম সম্পাদনে সুবিধা হবে বলে মনে করি। বিষয়টি আমলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করছি।

মো. আবদুর রহিম
ধানমন্ডি, ঢাকা।