
বেশি দিন আগের কথা নয়, ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তানের থেকে মুক্ত হয়েছিল। সে সময় মুসলিম হয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে তারা ধর্মীয় আবেদনকে অর্থহীন করে দিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে, স্বাধীনতার পর বাংলাদেশ ধর্মীয় সংকীর্ণতার যুদ্ধে পরাজিত হয়েছে। ড. কামালের বলা দরকার ছিল যে ধর্মনিরপেক্ষতা ধর্মের থেকে ভালো উদাহরণ তৈরি করতে না পারায় মুক্তিযুদ্ধের স্বপ্ন হারিয়ে গেছে। বর্তমান চালচিত্র দেখে মনে হচ্ছে, বাংলাদেশের চরম পন্থা হুমকি সৃষ্টি করছে।
বাংলাদেশের মুক্তিসংগ্রামের উৎস সন্ধান করতে গেলে বাংলাদেশিদের সংস্কার ও ভাবাবেগের বিরুদ্ধে বিজয়ের প্রশংসা করতে হয়। সেটা ছিল ক্ষুদ্র বিবেচনাকে জয় করার আদর্শ। তার পরও বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের গল্পটা কেবল অনেক দূরের রাওয়ালপিন্ডির খপ্পর থেকে মুক্তির সংগ্রামই নয়, তা ছিল কল্যাণকর এক মতাদর্শ এবং এমন এক সমাজের লড়াই, যা সংকীর্ণতা ও ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে ওঠার লড়াই। নয় মাসের পাকিস্তানি অপরাধ বাংলাদেশের প্রশাসনের সব স্তরকে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলেছিল এবং আরোপ করেছিল স্বৈরতান্ত্রিক শাসন। সে সময় আপাতভাবে দুর্বল ও গরিব বাংলাদেশিদের প্রতি ঘৃণার প্রকাশ ঘটিয়েছিল তারা। বাংলাদেশিদের নিজেদের আত্মপরিচয় তুলে ধরার উপায় ছিল না। তাদের সামনে একটা উপায়ই খোলা ছিল। জাতির জনক শেখ মুজিবুর রহমানের কথায়, ‘পাকিস্তান সরকার যখন প্রত্যেক বাঙালিকে হত্যা এবং বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল, তখন আমরা কী করতে পারতাম?’
মুজিব যখন ক্ষমতায় এলেন, তিনি ব্যাখ্যা করে বললেন, সবকিছু ঠিক করতে অনেক সময় লাগবে। কিন্তু যারা চেয়েছিল বিপ্লবের ফলাফল দেখা যাক, তাঁর কথা সেই জনমনে সামান্যই প্রভাব ফেলল। তারা একটা জাদুকরি ঘটনা দেখেছিল—স্বাধীনতা—কিন্তু তারা চাইছিল আরেকটা জাদু: অর্থনৈতিক সমৃদ্ধি। সেটা সম্ভব করা সময়ের ব্যাপার, কিন্তু জনসাধারণের ধৈর্য ছিল না। তা ছাড়া মুক্তির যে আগুন মানুষের মনে জ্বলছিল, তা-ও দিন দিন মিইয়ে যেতে লাগল। অন্যদিকে কোণঠাসা হয়ে যাওয়া অনেক স্বাধীনতাবিরোধী ব্যক্তি সক্রিয় হয়ে উঠল। তারা প্রমাণ করতে চাইল যে, কোনো মুক্তি আসেনি এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কখনোই ছিন্ন করা উচিত নয়। মুক্তিযোদ্ধাদের মধ্যেও যাঁরা বেশি র্যাডিকেল ছিলেন, তাঁরাও ক্ষমতাসীনদের কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করছিলেন।
দেশে তখন অনেক অস্ত্র ছড়িয়ে ছিল। বিপ্লবীরাই কেবল সেগুলোকে প্রয়োজনীয় মনে করেনি; অন্যরাও করেছিল। বিভিন্ন রঙের রাজনীতির লোকেরাও ছিল এবং আরও ছিল সেসব লোক, যারা সোজাসুজি দস্যুতা করছিল। তারাও অস্ত্র ছাড়েনি। মুজিবের ব্যক্তিত্বের জাদু একটা মাত্রায় আর কাজ করছিল না। একটা হিসাবমতে, এক থেকে দুই লাখ অস্ত্র কখনোই সমর্পণ করা হয়নি। দেশটিতে সহিংসতা সুপ্ত অবস্থায় ছিল এবং স্বাধীনতার পর তা প্রতিহিংসার চেহারা নিয়ে ফিরে এল।
তবে বাংলাদেশের নেতৃত্বের জন্য বিব্রতকর হয়ে উঠেছিল সুপ্ত ভারত-বিরোধিতা, যে ভারত দেশটিকে স্বাধীন হতে সাহায্য করেছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ আমাকে বলেছিলেন, ‘ইচ্ছা হয় মরে যাই, ভারত বাংলাদেশের সম্পর্ক এখন এত ভালো যে আমি এর অবনতি দেখতে চাই না।’
তাহলেও আমার সঙ্গে দেখা হওয়ার সময় এ ব্যাপারে মুজিবকে আমার উদ্বিগ্ন মনে হয়নি। তিনি বলেছিলেন, ‘আমি জানি যে আন্তর্জাতিক স্বার্থবাদীদের মদদে কিছু লোক ভারতবিরোধী গুঞ্জন-প্রচার চালাচ্ছে। কিন্তু তারা তোমাদের মহান দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নস্যাৎ করতে পারবে না। একজন বাঙালি এমনকি তাকে যে একবার পানি খাইয়েছে তাকেও ভোলে না। আর তোমাদের সৈন্যরা আমার জনগণের জন্য জীবন দিয়েছে। কীভাবে তারা তোমাদের আত্মত্যাগ ভুলবে? তোমরা আমাদের এক কোটি মানুষকে খাইয়েছ, বিভিন্নভাবে সহায়তা করেছ। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে, আমার জনগণ অকৃতজ্ঞ নয়। এ জন্যই যারা সমস্যা পাকাচ্ছে তাদের নীলনকশা সফল হবে না।’
তখনো ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি দেশগুলোর উত্ত্যক্তকর মন্তব্যের শিকার হচ্ছিল যে বাংলাদেশের নীতিগুলো একেবারে ‘নয়াদিল্লির কার্বন কপি’। পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা আমাকে বলেছিলেন, ‘যদি কোনো না কোনোভাবে আমরা তোমাদের বিরোধিতা করতে পারতাম, তাহলে বোঝাতে পারতাম যে আমরা স্বাধীন হয়েছি’। এটা কি সেই পুরোনো সংকীর্ণ মনোভাবের প্রকাশ, নাকি এটা তাদের দেশের অসামর্থ্যের বিরুদ্ধে অভিযোগ?
এর সবকিছুই কামাল হোসেনের বইয়ে অনুপস্থিত। সেই উদ্দীপনা এবং তাঁর ব্যর্থতাজনিত হতাশার কথা তিনি বলেননি। এ ধরনের বই যে উন্মোচনের প্রতিশ্রুতি দেয়, সেটা তাঁর বইয়ে নেই। তিনি মুজিব সম্পর্কে কিছু কথা বলেছেন, তা হলেও শাসক হিসেবে তাঁর বহুল কথিত সামর্থ্যের ঘাটতি বিষয়ে কিছু বলেননি। একটি কথা প্রচলিত রয়েছে যে পাকিস্তানি শাসকেরা তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেও সে সময়ের পাকিস্তানের জনপ্রিয় নেতা জুলফিকার আলী ভুট্টোর হস্তক্ষেপের কারণে তিনি বেঁচে গিয়েছিলেন। কামাল হোসেনের দরকার ছিল এই গল্পের সত্যতা বা অসত্যতা নিশ্চিত করা। হয়তো কামাল হোসেন এখনো বাংলাদেশের অকথিত গল্পটি বলেননি। সেই গল্প শোনার জন্য আমাদের অপেক্ষা করা উচিত।
কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।