রাজনৈতিক সংস্কৃতিতে গণতান্ত্রিক রীতিনীতি ও মানসিকতার অভাব এবং রাষ্ট্রপরিচালনায় নানা দুর্বলতা থাকা সত্ত্বেও উন্নয়ন-অগ্রগতির পথে বাংলাদেশের এগিয়ে চলা থেমে নেই—এ সত্য সাদা চোখেই দেখা যায়। কিন্তু যখন কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মূল্যায়ন জরিপে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনামূলক বিচারে এ দেশের অগ্রগতি স্পষ্ট হয়ে ওঠে, তখন তা আমাদের জন্য উৎসাহব্যঞ্জক সুখবর বয়ে আনে। গত সোমবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০১৩ সালের প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে সেটাই ঘটেছে।
প্রতিবেদনটি বলছে, ব্যবসায় প্রতিযোগিতার সক্ষমতার দিক থেকে বাংলাদেশ গত এক বছরে আট ধাপ এগিয়ে গেছে। ২০১২ সালে বিশ্বের ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১১৮তম, আর উঠে এসেছে ১১০তম অবস্থানে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও অবকাঠামো এবং বাজারের আকার-সংক্রান্ত সূচকেও বাংলাদেশ উন্নতি করেছে যথাক্রমে ২১ ও দুই ধাপ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অগ্রগতির সারিতে ভারত ও পাকিস্তানও রয়েছে, তবে নেপাল ও শ্রীলঙ্কায় উল্লিখিত ক্ষেত্রগুলোতে অবনতি ঘটেছে।
প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, দুর্বল শাসন, আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা, দুর্নীতি, আইনশৃঙ্খলার সমস্যাসহ সামগ্রিকভাবে প্রতিকূল পরিস্থিতিতে কর্মোদ্যম ধরে রাখা ও বাধা-বিপত্তি অতিক্রম করে এগিয়ে চলার প্রবণতা বাংলাদেশের মানুষের সহজাত। যে জাতি এমন গঠনমূলক ও সৃজনশীল বৈশিষ্ট্যের অধিকারী, সর্বক্ষেত্রে তার অগ্রগতি আরও দ্রুত গতিতে হয়ে থাকে। সেই বিবেচনায় আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও গতিসঞ্চারের সুযোগ রয়েছে। দুঃখজনকভাবে লক্ষণীয়, বিশ্ব অর্থনৈতিক ফোরামের এ বছরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আর্থিক বাজারের সংবেদনশীলতা, প্রাতিষ্ঠানিক ও শ্রমবাজারের দক্ষতা এবং প্রযুক্তিগত প্রস্তুতির সূচকে গত এক বছরে আমাদের অবনতি ঘটেছে।
এই ক্ষেত্রগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ: প্রাতিষ্ঠানিক ও শ্রমবাজারের দক্ষতা বৃদ্ধি ছাড়া বেশি দূর এগোনো সম্ভব নয়। আর এই একুশ শতকে প্রযুক্তিগত দিক থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়া না হলে অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে না। তাই এসব দিকে মনোযোগ বাড়ানো খুবই প্রয়োজন।