
ওদিকে ২০১৩ সালের এপ্রিলে মিয়ানমার তার সমুদ্রবক্ষে ৩০টি অনুসন্ধান ব্লকে (১১টি অগভীর ও ১৯টি গভীর সমুদ্র ব্লক) তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি তেল কোম্পানিসমূহকে আমন্ত্রণ জানায় এবং ২০১৩ সালের জুনের মধ্যে আবেদনপত্র গ্রহণের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করে। বাংলাদেশ ও মিয়ানমার পাশাপাশি দুটি প্রতিবেশী দেশ এবং এ দুটি দেশের উভয়ের সমুদ্রসীমা একই বঙ্গোপসাগরজুড়ে অবস্থিত। উপরিউক্ত ব্লকসমূহের অধিকাংশই বাংলাদেশের সমুদ্র ব্লকসমূহের সংলগ্ন এবং এদের কোনো কোনো ব্লক ২০১২ সালে আন্তর্জাতিক আদালতের (ইটলস) দেওয়া রায় অনুযায়ী বাংলাদেশের জলসীমানা পুনর্নির্ধারণ করার ফলে মিয়ানমারের জলসীমানার মধ্যে সংযোজিত হয়। ইতিমধ্যে প্রাপ্ত সংবাদ অনুযায়ী, মিয়ানমারের সমুদ্র ব্লকসমূহে গ্যাস-তেল অনুসন্ধানের আমন্ত্রণে সাড়া দিয়ে বহুসংখ্যক বিদেশি তেল কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। মিয়ানমারের সমুদ্রবক্ষে ইতিমধ্যেই বড় আকারের গ্যাসপ্রাপ্তির সাফল্য সেখানে বিদেশি কোম্পানির আগ্রহ বাড়াতে সাহায্য করেছে। তা ছাড়া মিয়ানমারের আমন্ত্রণ শর্তসমূহও বিদেশি কোম্পানিসমূহকে তুলনামূলকভাবে বেশি আকৃষ্ট করে বলে পর্যবেক্ষকেরা মত দিচ্ছেন।
বিশ্ব গ্যাস বাজারে মিয়ানমার যে অপরিচিত বা অজ্ঞাত তা নয়, কিন্তু দেশটিতে বিগত কয়েক দশকের সেনা-নিয়ন্ত্রিত একনায়কত্বের শাসন তাকে দীর্ঘদিন যাবৎ একঘরে করে রেখেছিল। একদিকে দেশের অভ্যন্তরে কঠোর নিপীড়ন-নিয়ন্ত্রণের মধ্যে রাজনৈতিক চাপা অসন্তোষ, অপর দিকে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধের ফলে একঘরে হয়ে থাকা মিয়ানমারে একটি বিরাট সময়ের জন্য স্বাভাবিক গ্যাস উন্নয়ন কার্যক্রম মুখ থুবড়ে পড়ে থাকে। গ্যাস কার্যক্রম যা-ই বা ঘটেছে, তা জনগণের কল্যাণে আসেনিই বরং তা কেবল সামরিক জান্তার নিজস্ব চাহিদা ও স্বার্থকে রক্ষা করেছে। এর ফলে দেখা যায় যে মিয়ানমারে যদিও জ্বালানির অভাবে জনগণের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা গড়ে ওঠেনি, কিন্তু বিগত দিনে আবিষ্কৃত গ্যাসসম্পদ ৮০ শতাংশ বিদেশে রপ্তানি করা হয়। এমনকি ২০০৫ সালে আরাকান উপকূলে আবিষ্কৃত বড় গ্যাসক্ষেত্রগুলোর গ্যাস দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে চীনের কাছে বিক্রি করার চুক্তি হয়। অভিযোগ রয়েছে, গ্যাস বিক্রির সেই অর্থ কেবলই সামরিক বাহিনীর অস্ত্র ও উপরি পাওনা হিসেবে ব্যবহূত হয়েছে। কেবল সম্প্রতি দেশটির দীর্ঘ সময়ের গৃহবন্দী বিরোধীদলীয় নেত্রী নোবেল বিজয়ী অং সু চির মুক্তি ও তাঁর রাজনৈতিক কার্যক্রম শুরুর মাধ্যমে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন ঘটে। আর এর ফলে মিয়ানমার থেকে পশ্চিমা বিশ্বের অবরোধ উঠে যায় ও বিশ্ব পরিবারের অন্য সদস্যদেশসমূহের মতো সব ক্ষেত্রে মিয়ানমারের দরজা খুলে যেতে থাকে। আর এরই অংশ হিসেবে মিয়ানমার তার সমুদ্রবক্ষকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য উন্মুক্ত করে পশ্চিমা বিদেশি তেল কোম্পানির কাছে।
এদিকে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গ্যাসের চিত্র মিয়ানমারের তুলনায় ভিন্নধর্মী। বাংলাদেশের অর্থনীতিতে ইতিমধ্যেই বিপুলভাবে গ্যাসভিত্তিক অবকাঠামো গড়ে উঠেছে। জাতীয় স্বার্থে গ্যাসের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে দেশের জনগণ অতি সোচ্চার, গ্যাস নিয়ে সরকারি মহলের পরিকল্পনাই চূড়ান্ত নয়, বরং গণতান্ত্রিক বাংলাদেশ দেখিয়েছে জনগণ যখন গ্যাস রপ্তানি করার বিপক্ষে তার অবস্থান ব্যক্ত করেছে, দেশি-বিদেশি মহলের চেষ্টায়ও বিদেশে গ্যাস বিক্রি করা সম্ভব হয়নি।
বাংলাদেশের সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির অংশগ্রহণ ছাড়া এ মুহূর্তে বিকল্প কোনো পন্থা নেই বলে মনে হয়। দেশি গ্যাস অনুসন্ধানী প্রতিষ্ঠান ভূখণ্ডে সফল অনুসন্ধানের কাজ চালিয়ে থাকলেও তার কারিগরি ও আর্থিক সামর্থ্য সাগরবক্ষে অনুসন্ধান করার মতো নয়। বিশেষ করে বাংলাদেশের সমুদ্রবক্ষ এখনো একটি যথেষ্ট সাফল্যময় এলাকা হিসেবে প্রমাণিত নয় এবং এখানে অনুসন্ধানের ঝুঁকি তুলনামূলকভাবে অনেক বেশি। তর্কের খাতিরে জাতীয় গ্যাস অনুসন্ধানী প্রতিষ্ঠানকে কারিগরিভাবে দক্ষ ধরা হয়ে থাকলেও সমুদ্রবক্ষে একটি অনুসন্ধান কূপের যে খরচ (কূপপ্রতি অগভীর সমুদ্রে ৩০ মিলিয়ন ডলার ও গভীর সমুদ্রে ১০০ মিলিয়ন ডলার), তাতে এ রকম ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগ করা যেকোনো তৃতীয় বিশ্বের দেশের পক্ষে অযৌক্তিক। তাই প্রোডাকশন শেয়ারিং চুক্তির মাধ্যমে বিদেশি কোম্পানিকে দিয়ে এই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করিয়ে দেখা যুক্তিযুক্ত যে গ্যাস বা তেল আছে কি না। গ্যাস-তেল আবিষ্কৃত হলে তার অংশ বিনা মূল্যে পাওয়া যায় আর আবিষ্কৃত না হলে বিনিয়োগের ক্ষতি পুরোটাই বিদেশি কোম্পানির, তাতে দেশের কোনো দায়দায়িত্ব নেই।
বাংলাদেশের সমুদ্রবক্ষে বিদেশি কোম্পানিগুলোর অনুসন্ধান করতে আমন্ত্রণ জানানোর পর যে ক্ষীণ সাড়া পাওয়া গেছে, তাতে বাংলাদেশ হতাশ হয়েছে বটে। ১২টি সমুদ্র ব্লকে আমন্ত্রণ জানানোর বিপরীতে কেবল তিনটি ব্লকে অনুসন্ধান করতে আগ্রহ প্রকাশ করেছে মাত্র দুটি বিদেশি তেল কোম্পানি। এর একটি হলো যুক্তরাষ্ট্রের ‘কনোকোফিলিপস’ ও অপরটি ভারতের ‘ওএনজিসি বিদেশ’। বিদেশি কোম্পানিগুলোর পক্ষ থেকে বাংলাদেশের শর্তসমূহকে পার্শ্ববর্তী মিয়ানমার ও ভারতের অনুসন্ধান চুক্তির শর্তসমূহের তুলনায় কম আকর্ষণীয় বলে জানানো হয়েছে। বিশেষ করে, গভীর সমুদ্রে অনুসন্ধান করতে যে বিপুল ব্যয় ও কারিগরি ব্যবস্থাপনা প্রয়োজন, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে তার চুক্তিসমূহকে আরও অধিকতর কোম্পানি-সহায়ক না করলে বিদেশি তেল কোম্পানির পক্ষে লাভজনক অনুসন্ধান ব্যবসা করা সম্ভব নয় বলে জানানো হয়।
বাংলাদেশের সমুদ্রবক্ষে ইতিপূর্বে পরিচালিত অনুসন্ধানে গ্যাসের অস্তিত্বের যে প্রমাণ পাওয়া গেছে, তা পার্শ্ববর্তী মিয়ানমার বা ভারতের সমুদ্রবক্ষে প্রমাণিত গ্যাস প্রাপ্তির তুলনায় কম। বাংলাদেশের সমুদ্র ব্লকসমূহের ওপর ভূতাত্ত্বিক তথ্য-উপাত্তও তুলনামূলকভাবে কম। বিদেশি কোম্পানিসমূহের পক্ষে তাই বাংলাদেশের সমুদ্রে অনুসন্ধান কাজে নিয়োজিত হওয়ার চেয়ে মিয়ানমারের সমুদ্রে অনুসন্ধান চালানোর আগ্রহ বেশি বলে মনে হয়। তদুপরি মিয়ানমারের অনুসন্ধান চুক্তির শর্তে গ্যাসের মূল্য বাংলাদেশের চেয়ে বেশি হওয়া, অন্য শর্তসমূহ যেমন করপোরেট ট্যাক্স, তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রয়ের অধিকার, কস্ট রিকভারির অনুপাত, আমদানি করা অনুসন্ধান যন্ত্রাদির ওপর কর আরোপ ইত্যাদি বিষয়কে বিদেশি কোম্পানির প্রতিনিধিদল তাদের পক্ষে অধিকতর সহায়ক করার পরামর্শ দেয়। বাংলাদেশ উপরিউক্ত পরামর্শের পরিপ্রেক্ষিতে গভীর সমুদ্রে অনুসন্ধান শর্তসমূহ পুনর্বিবেচনা করার উদ্যোগ নেয়।
বিদেশি কোম্পানিসমূহের উপরিউক্ত পরামর্শসমূহ বিবেচনায় না এনে সমুদ্রে অনুসন্ধান কাজে তাদের নিয়োজিত করতে পারলে বাংলাদেশের পক্ষে তা অধিকতর লাভজনক ছিল। ইতিপূর্বে বাংলাদেশ বিদেশি কোম্পানিগুলোকে সেভাবে অনুসন্ধানের কাজে নিয়োজিত করেছে। কিন্তু আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে তেল-গ্যাস অনুসন্ধানকাজের ধারা পরিবর্তিত হয়েছে। বিশেষ করে, আঞ্চলিক প্রেক্ষাপটে সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশ এখন একা নয়, বরং তার যোগ্য প্রতিযোগী প্রতিবেশী মিয়ানমার এ মুহূর্তে বিদেশি তেল কোম্পানিগুলোকে নিয়োজিত করতে অধিকতর তৎপর। তাই বাংলাদেশ সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধান কর্মকাণ্ডে বিদেশি তেল কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে একরকম প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে বটে। আর এ প্রতিযোগিতায় জিততে হলে তার শর্তসমূহে কতটা ছাড় দিতে হবে, তা এখন দেখার বিষয়।
ড. বদরূল ইমাম: অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, ঢাকাবিশ্ববিদ্যালয়।