অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

নৌমন্ত্রীর হাতে জিম্মি সড়ক পরিবহন খাত নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান একাধারে পরিবহন মালিক ও শ্রমিক নেতা হয়ে সড়ক পরিবহন খাতকে এক অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে মতামত জানিয়ে মিলন লিখেছেন: বাংলাদেশে এমন কয়েকজন মন্ত্রী আছেন, যাঁরা জনগণ নিয়ে এভাবে খেলতে পারেন। অমন দক্ষদের একজন হলেন বর্তমান নৌমন্ত্রী।
মীর দিদারুল হক: আমাদের নেতা-নেত্রীরা ক্ষমতায় গিয়ে দেশটিকে বাপ-দাদার সম্পত্তি বলে মনে করেন। তাঁরা ভুলে যান, একদিন তাঁদের ক্ষমতা ফুরিয়ে যাবে।
নাদিরুজ্জামান: বাংলাদেশে অঘোষিত সত্য বলে প্রতিষ্ঠিত হয়েছে যে নির্বাচন এলে জনগণ সরকার পরিবর্তন করতে চায়; তা আওয়ামী লীগ বা বিএনপি—যেই হোক না কেন। এ যেন উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় ঝাঁপ দেওয়ার মতো। এর কারণ হিসেবে নেতাদের দুর্নীতিকে দোষ দেওয়া হয়। আমার মতে, এর আরেকটা কারণ হলো, জনগণের অবস্থাকে কোনো দলই গুরুত্ব দিয়ে অনুধাবন করে না। হাসান আবদুল্লাহ: মিরপুর-১ থেকে জিগাতলাগামী লেগুনার সংখ্যা ১২০ থেকে ১৫০টির মতো। গতকাল এক লেগুনার চালকের কাছে জানতে পারলাম, তাঁদের প্রতিদিন ওই রুটে চলাচলের জন্য কমপক্ষে ৫৬০ টাকা চাঁদা দিতে হয়। মিরপুর-১ বাসস্ট্যান্ডে ৭০ টাকা, শ্যামলী স্ট্যান্ডে ৭০ টাকা, শিয়া মসজিদ স্ট্যান্ডে ২৬০ টাকা, জিগাতলা স্ট্যান্ডে ৭০ টাকাসহ আরও বেশ কিছু জায়গায় চাঁদা দিতে হয়। চালককে জিজ্ঞেস করলাম, চাঁদা কাকে দিতে হচ্ছে? উত্তরে তিনি বললেন, যাঁরা গণতন্ত্রের ধারক-বাহক তাঁদের।
কামাল: চাঁদার কারণে বাসভাড়া অনেক বেড়ে গেছে। দফায় দফায় ভাড়া বেড়ে গত চার-পাঁচ বছরে দ্বিগুণ হয়ে গেছে। ট্রাক ভাড়াও একই হারে বাড়ছে। সব চাঁদা আমাদের মতো আমজনতার পকেট থেকে যাচ্ছে। ভাড়া গুনতে গুনতে ফতুর হয়ে গেল বাঙালি।
ওসমান পরিবারের রাজনীতি সংকটে
নারায়ণগঞ্জের নাসিম, সেলিম ও শামীম ওসমানদের পরিবারের লোকেদের বিভিন্ন কর্মকাণ্ডে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সুখ্যাতির সংকটে পড়েছে। এ নিয়ে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে প্রতিক্রিয়া জানিয়ে সমুদ্র হাসান লিখেছেন: এসব খুনি-সন্ত্রাসীর খুঁটির জোর হলো দেশের প্রধান দুই রাজনৈতিক দল। যত দিন এ দেশ থেকে পারিবারিক রাজতন্ত্রের অবসান না হবে, তত দিন সন্ত্রাসীদের রাজত্ব চলতেই থাকবে।
তন্ময় আহমেদ: আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন ওসমান পরিবারের দৌরাত্ম্যে জনগণ মুখ খুলতে সাহস করে না। এবারই প্রথম ব্যতিক্রম ঘটছে বলে মনে হচ্ছে। মানুষ মুখ খুলতে শুরু করেছে।
আবদুল মজিদ কাজী: সীমা লঙ্ঘন করলে ভাবমূর্তি নষ্ট হবেই। পরিবারের পূর্বপুরুষের মানসম্মান-মর্যাদা অটুট রাখতে হলে সন্তানদের সেদিকটি বিবেচনা করে নিজেদের সংযত রাখতে হয়। দেশটা তো সামন্তরাজ্য নয়। জমিদারি মনোবৃত্তি নিয়ে চললে পতন অনিবার্য। আশা করি, এখনো যথেষ্ট সময় আছে, মানুষের সঙ্গে ভালো আচরণ করে, সন্ত্রাসী মনোভাব পরিহার করে, নম্রভদ্র চালচলনে মানুষের মন জয় করতে পারলে ওসমান পরিবার হয়তো ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারবে।
এইচ এম এ হক: যে যত কথাই বলুক না কেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষ ওসমান পরিবারের অত্যাচারে অতিষ্ঠ। এই পরিবার নিজেকে রক্ষার জন্য যতই ঢাকঢোল পেটাক না কেন, সত্য একটাই—তা হলো, অপকর্মের কারণে পরিবারটির রাজনৈতিক মৃত্যু এখন সময়ের ব্যাপার মাত্র।
এখন থেকে পাল্টা আক্রমণ করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শিবিরের কর্মীদের গুলিতে এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, এ ধরনের আক্রমণকে নিরাপত্তা বাহিনী স্বাভাবিক বলে গ্রহণ করবে না; বরং পাল্টা আক্রমণ চালাবে। এ খবরে মতামত জানিয়ে শামীম লিখেছেন: আমাদের সমস্যা হলো তর্ক করা ছাড়া কাজের কাজ কিছু করতে পারি না। আমরা স্বীকার করি বা না করি, এটা সত্য যে রাজনীতির মারপ্যাঁচ, অতিকথন, হুমকি-ধমকি মানবতাবিরোধী অপরাধের বিচারকে দেশে-বিদেশে বিতর্কিত করেছে। আমরা নাগরিকদের মৌলিক অধিকার পর্যন্ত অস্বীকার করে যাচ্ছি গায়ের জোরে। এটা দীর্ঘ সংঘাতের লক্ষণ।
সৈকত সাহা: একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এমন কথা মানায় না। বর্তমান পরিস্থিতির জন্য আপনার মতো মন্ত্রীরাই দায়ী। সবার উচিত জামায়াতের মতো আওয়ামী লীগকেও বর্জন করা।
এম এইচ রহমতুল্লাহ বাবু: এই স্বরাষ্ট্রমন্ত্রী তো দেখি আইনের ভাষায় কথাও বলতে জানেন না। পুলিশ আইনশৃঙ্খলা বা মানুষের জানমাল রক্ষায় শক্তিপ্রয়োগ করতে পারে, আত্মরক্ষার্থে ব্যবস্থা নিতে পারে, কিন্তু আক্রমণ করতে পারে না। ফৌজদারি কার্যবিধিতে কিংবা পুলিশের আচরণবিধি অনুযায়ী, পুলিশ যে ধরনের ব্যবস্থা নিতে পারে, সেগুলোর মধ্যে আক্রমণ বলতে কোনো শব্দ নেই।
কাদের মোল্লার ফাঁসির আদেশ
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এসংবাদে প্রতিক্রিয়া জানিয়ে আসলাম লিখেছেন: পৃথিবীর বুকে বাংলাদেশের সার্বভৌমত্ব আরও দৃঢ় হলো। এরপর কেউ দেশের সঙ্গে বেইমানি করার আগে দ্বিতীয়বার ভাববে। সব রাজাকারের ফাঁসি চাই। আগামী নির্বাচনের আগেই এ রায় কার্যকর হওয়া চাই।
মো. মনিরুল ইসলাম: যাঁরা জীবন দিয়ে দেশটিকে স্বাধীন করে গেছেন, তাঁদের আত্মা আজ কিছুটা হলেও শান্তি পাবে। কাদের মোল্লার মতো প্রতিটি রাজাকারের ফাঁসি চাই। রাজাকারমুক্ত বাংলাদেশ চাই। এ দেশে থাকতে হলে, দেশের স্বাধীনতার পক্ষ নিয়েই থাকতে হবে।
আশিক নূর: স্বাধীনতার চার দশক পর জাতি ভারমুক্ত হচ্ছে। এসব বোঝা আমরা অনেক দিন বয়ে চলেছি। জাতির এই পথচলায় যারা জাতিকে ভয় দেখায়, তাদের ধিক্কার জানাই। তাদের বলছি, তোমাদের চোখ রাঙানোর দিন শেষ।
তিতাস: সব মানুষকেই একদিন পাপের ফল ভোগ করতে হয়। চিরন্তন সত্য কথাটি আমরা বুঝি, জানি অথচ মানি না। হয়তো মোল্লা সাহেবও জানতেন, কিন্তু মানতেন না!
রনি: আওয়ামী লীগ এ বিচারকে আগামী নির্বাচনের ইস্যু না বানিয়ে যদি রায় কার্যকর করে যেত, তবে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে না পারলেও দলটির সমালোচনা করতে যে কারও বাধত। তাতে আওয়ামী লীগের হাজারো অন্যায়কে জাতি হয়তো ক্ষমা করে দিত, দলটিকে তার এই একটি অবদানের জন্য হূদয়ে ধরে রাখত। আওয়ামী লীগ এখন যদি জনগণকে বলে, রাজাকারদের ফাঁসির রায় কার্যকর করার জন্য তাদের আবার ক্ষমতায় আনতে হবে, তবে তা হবে দলটির সব ভুলের সেরা।
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)