বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবারের মতো এবারও বাজেট নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কত বড় আকারের বাজেট হবে, কী পরিমাণে বরাদ্দ থাকবে—এ ধরনের নানা চিন্তায় ঘুরপাক খান অনেকে। এটাই হয়তো স্বাভাবিক। শুধু উল্টো চিত্র দেখা যায় দরিদ্র মানুষগুলোর মধ্যে। বাজেট নিয়ে ভাবনা কিংবা বাজেটের পরবর্তী প্রতিক্রিয়ায় তারা নিশ্চুপ থাকে। তারা খবর রাখে না, তাদের উন্নতি কিংবা জীবনযাত্রার মানোন্নয়নে বাজেটে কতটা বরাদ্দ থাকল। তারা দুবেলা দুমুঠো আহার জোগাড়ে বিশ্বাসী। প্রয়োজন এদের নিয়ে ভাবার, যারা চাহিদা ও জোগানের জাতাকালে পিষ্ট হতে হতে জীবনের স্বপ্ন, ইচ্ছাগুলো বিসর্জন দেয়; যারা নিজেদের অস্তিত্ব রক্ষার্থে বঞ্চিত হয় পদে পদে ‘জীবনের কিংবা জীবনযাত্রার মানোন্নয়ন’ শব্দটি থেকে। যা দুঃখজনক।

বাজেট হওয়া উচিত অবশ্যই গণমুখী ও জনকল্যাণমূলক। নির্বাচনমুখী বাজেটে জনগণের স্বার্থ হবে উপেক্ষিত। সম্ভাবনা থাকবে প্রতারিত হওয়ার। বাসা বাঁধতে পারে দুর্নীতি। তাই বাজেট ঘোষণা করেই দায় শেষ ভাবলে ভুল হবে। প্রয়োজন বরাদ্দ করা অর্থ সঠিকভাবে কাজ লেগেছে কি না কিংবা সঠিক প্রক্রিয়ায় সঠিকভাবে, সঠিক জায়গায় বরাদ্দ যাচ্ছে কি না এবং জনগণ তার সুফল পাচ্ছে কি না—সবকিছু তদারকের ব্যবস্থা করা।

বাজেটে সর্বদাই দারিদ্র্য নিরসনের পথটাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। প্রয়োজন কৃষকদের জন্য শতভাগ সুযোগ-সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা করা। সাভার ট্র্যাজেডির পর যে ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, তা হলো শ্রমিকদের নিরাপত্তা। প্রয়োজন শ্রমিকদের নিরাপত্তা, বেতন বৃদ্ধি, কাজের পরিবেশ মানসম্মত করা ইত্যাদি বিষয় মাথায় রেখে বাজেটে শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ রাখা।

জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেকারত্ব বাড়ছে পাল্লা দিয়ে। প্রয়োজন কলকারখানা স্থাপন, বিভিন্ন সৃজনশীল কাজে যুবসমাজকে উৎসাহিত করা, বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে। এই ভাবনা অবশ্যই বাজেটে রাখতে হবে।

কথায় বলে, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। বাজেটের আকার বড় করার চেয়ে প্রয়োজন বাজেটের বরাদ্দ অর্থ এবং খাত যথোপযুক্ত হওয়া।

পত্রিকায় প্রকাশ, কালোটাকা সাদা করার সুযোগ এবারও থাকছে বাজেটে। সত্যি হলে তা হবে দুঃখজনক। এটা হবে দুর্নীতি মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দেওয়া।

সঞ্জয় কুমার ভৌমিক

বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।