বাণিজ্য ঘাটতি কমে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, গত অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে পণ্য বাণিজ্যে ঘাটতি অর্ধেক কমেছে। ২০১২-১৩ অর্থবছরের প্রথমার্ধে ঘাটতির পরিমাণ ছিল ৩৬৭ কোটি ৫০ লাখ ডলার, কিন্তু ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে ঘাটতি কমে দাঁড়িয়েছে ১৫৩ কোটি ৩০ লাখ ডলারে।
এটা নিঃসন্দেহে অর্থনীতির জন্য শুভসংকেত। কিন্তু এর মধ্যে একটি সতর্কবার্তাও রয়েছে। রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি আমদানি ব্যয়ও কমেছে। তাই দেশীয় বিনিয়োগের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি আরও বাড়াতে হবে। এ জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতি সরকারকে আরও মনোযোগ দিতে হবে। দেশীয় বিনিয়োগের জন্য আমদানি ব্যয় বাড়লেও সমস্যা নেই। কারণ, এর ফলে উৎপাদন বাড়বে এবং এর সুফল পাবে দেশের অর্থনীতি। তখন বাণিজ্য ঘাটতি আরও কমবে।
আশান্বিত হতে হয়, যখন বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা গেল, চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশে ৮৪ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। দেশে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও যে পণ্য রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হচ্ছে, এটা শুধু শিল্পোদ্যোক্তাদেরই কৃতিত্ব নয়, শ্রমিকদের প্রাণপাত কর্মস্পৃহাও অন্যতম একটি উপাদান। অথচ এই শ্রমিকেরাই রানা প্লাজা ভবনধসে প্রাণ দেন, অনেক শিল্পকারখানায় নিয়মিত বেতন-বোনাস দেওয়া হয় না, তাঁদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হয়। শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ালে পণ্য রপ্তানি আয় আরও বাড়বে।
এখন রপ্তানি প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির প্রতি সরকারকে গুরুত্ব দিতে হবে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ সরাসরি দেশের আয় বাড়াবে। অন্যদিকে, পোশাকশিল্পসহ রপ্তানিমুখী শিল্প বিকাশে বিশেষ প্রণোদনাগুলোর পুনর্মূল্যায়ন দরকার। বিদেশি আমদানিকারকদের চাহিদা পূরণের জন্য শ্রম পরিবেশ উন্নত করা থেকে শুরু করে যা কিছু করা দরকার, তা করতে হবে। শুধু এই শর্তেই শিল্পে সরকারি প্রণোদনা সুফল দেবে।
দেশে বৈদেশিক মুদ্রাভান্ডারে ১৩ ফেব্রুয়ারি ছিল এক হাজার ৮৭২ কোটি মার্কিন ডলার। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখার জন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে।