নতুন তিন কৃষি আইন নিয়ে ভারতে কৃষক বিদ্রোহ চলছে। কয়েক বছর ধরেই ভারতের কৃষকেরা ঋণ, বীজ, সার ও খরা নিয়ে হাঁসফাঁস করছেন। এর আগেও ২০১৮ সালের নভেম্বরে ভারতের লক্ষাধিক কৃষক দিল্লি অভিমুখে যাত্রা করেছিলেন। কয়েক বছর ধরেই তাঁরা বিক্ষোভ, বিদ্রোহ করছেন। ভারতের কৃষকেরা আবারও পথে নেমেছেন। এবার শুরুটা করেছিলেন পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশ, হরিয়ানার কৃষকেরা। এখন মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে কৃষক বিদ্রোহের সংবাদ আসছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্যানুসারে, দেশটির কৃষকেরা ভালো নেই। দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন কারণ ভারতে প্রতিবছর গড়ে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেন। দেশটির ৬০ শতাংশ জনগোষ্ঠী কৃষির ওপর নির্ভরশীল। শুধু ভারত না, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশই কৃষিনির্ভর। এই অঞ্চলের সবগুলো দেশেই কৃষকবান্ধব সরকার গঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তব অবস্থা এর পুরোই বিপরীত। প্রতিটি দেশেই কৃষকেরা ভয়াবহভাবে বৈষম্যের শিকার হচ্ছেন।
নতুন আইনের সুযোগে করপোরেট প্রতিষ্ঠান ও ফড়িয়ারা নিজেদের ইচ্ছেমতো ফসলের দাম নির্ধারণ করতে ও ইচ্ছেমতো গুদামজাত করতে পারবে।
ইউরোপে কৃষকদের বাঁচিয়ে রাখা হয়। ভর্তুকি, প্রণোদনা দিয়ে কৃষকদের অর্থনীতিকে সুরক্ষার উদ্যোগ নেয় সরকার। আমাদের এই অঞ্চলের সরকারগুলো কৃষককে চেপে ধরে সবদিক দিয়ে। ক্ষুদ্রঋণ, কৃষিঋণ ফেরত দিতে না পেরে আমাদের দেশের কৃষকেরাও আত্মহত্যা করেন। কিন্তু হাজার কোটি টাকা মেরে দেওয়া কোনো ঋণখেলাপি আত্মহত্যা করেছেন বলে শুনিনি কখনো। বরং কুখ্যাত ঋণখেলাপিদের সরকারের উচ্চপদে আসীন করে পুরস্কৃত করা হয়।
ভারতের প্রসঙ্গে আসি। ভারতীয় কৃষকদের দাবি, নতুন আইন কৃষকবিরোধী। এই আইনে বরং করপোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ অগ্রাধিকার পেয়েছে। এতে করে কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন। নতুন আইনে কৃষকদের ফসল কিনতে সরকার বাধ্য থাকবে না। উৎপাদিত ফসলের বাজারে সরকারের আর নিয়ন্ত্রণ থাকবে না। সরকারনিয়ন্ত্রিত মান্দি ব্যবস্থার অবসান ঘটবে। মান্দি ব্যবস্থায় ভারতের সরকার ফসলের দাম নির্ধারণ করে দিত এবং সরকারি এজেন্ট পণ্য বাজার থেকে কিনে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখত। নতুন আইনের সুযোগে করপোরেট প্রতিষ্ঠান ও ফড়িয়ারা নিজেদের ইচ্ছেমতো ফসলের দাম নির্ধারণ করতে ও ইচ্ছেমতো গুদামজাত করতে পারবে। তাই নতুন আইন বাতিলের জন্য কৃষকেরা আন্দোলন করছেন।
ভারতে চলমান কৃষক বিদ্রোহ দিয়ে রাষ্ট্র ও নাগরিকের পুরোনো সম্পর্ককে নতুন করে ব্যাখ্যা করা যায়। ভারতসহ এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলোর কর্মকাল উপনিবেশবাদের ছায়া দেখা যাচ্ছে। রাষ্ট্র সব সময়ই দাবি করে নাগরিকের কল্যাণের জন্যই সব আইন প্রণয়ন করা হয়। কিন্তু নাগরিকেরা সব সময় তা মানতে নারাজ। তাই সংকট সমাধানে রাজপথই শেষ আশ্রয় হয় উভয় পক্ষের। কৃষক-শ্রমিকেরা তাঁবু, কম্বল, খাবার নিয়ে রাজপথে নামেন। আর সরকারি বাহিনীর হাতে থাকে জলকামান, লাঠি, বন্দুক, টিয়ার গ্যাস।
ফ্রান্স, ইকুয়েডর, বলিভিয়া লেবানন, হংকং, ইরাক, থাইল্যান্ড, চিলিসহ বিভিন্ন দেশে কিছুদিন ধরেই আয়বৈষম্য ও দুর্নীতি রোধ এবং রাজনৈতিক অধিকারের দাবিতে আন্দোলন হচ্ছে। ভারতের কৃষকেরা স্লোগান দিচ্ছেন ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলে। তবে ভারতের কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি। কৃষকেরা পূর্বের অভিজ্ঞতার আলোকে প্রস্তুতি নিয়েই এসেছিলেন। মহাসড়কেই ট্রাক্টর, তাঁবু, মশারিসহ কমপক্ষে চার মাসের খাবার নিয়ে অবস্থান নিয়েছেন। ভারতের কৃষকদের সামনে বিকল্প দুটি। এক দাবি আদায় করা। অথবা নতুন আইনের জেল-জরিমানার বিধান মেনে নিয়ে আবারও ফসলের মাঠে ফিরে যাওয়া।
কৃষকেরা অভিযোগ করছেন, নতুন আইনে নানাভাবে কৃষকদের হাত-পা বেঁধে ফেলার চেষ্টা করা হয়েছে। চাষের বিরোধ মেটাতে কৃষকদের আদালতে যাওয়ার পথ রহিত করা হয়েছে। স্থানীয় পর্যায়ে ম্যাজিস্ট্রেটরাই এর সমাধান করবেন। কৃষকদের শঙ্কা, ম্যাজিস্ট্রেটরা সহজেই বড় বড় কোম্পানির দ্বারা প্রভাবিত হতে পারেন। ফসলের গোড়া মাঠে পোড়ানো শাস্তি হিসেবে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে। মোদ্দা কথা, কৃষকদের পুরোপুরি করপোরেট প্রতিষ্ঠানগুলোর হাতে সঁপে দেওয়ার বন্দোবস্ত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
শুধু ভারতই না, সারা বিশ্বেই বিশেষ করে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার সাবেক উপনিবেশগুলোতে কমবেশি একই ধরনের ঘটনা লক্ষ করা যায়। কৃষক-শ্রমিকদের ওপর নানা আইন ও বিধি চাপিয়ে দিয়ে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর সুবিধা করে দিচ্ছে সরকারগুলো। ব্রাজিল ও ইকুয়েডরে আমাজনে নতুন বিনিয়োগ নিয়ে স্থানীয় জনতার সঙ্গে সরকারের বিরোধ আছে। সেখানেও মিছিল-সমাবেশ হচ্ছে। আমাদের দেশেও বিভিন্ন সময় নানা ধরনের উন্নয়ন চাপিয়ে দেওয়া হয়েছে।
আচরণের দিক থেকে বর্তমান শাসকগোষ্ঠীর সঙ্গে উপনিবেশ শাসকদের মৌলিক পার্থক্য নেই। উভয় গোষ্ঠীই নাগরিকদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে। উপনিবেশ আমলে আইন প্রণয়ন করা হতো সাম্রাজ্যবাদী দেশগুলোর স্বার্থের দিকে নজর রেখে। কারণ, ওই সময়ের শাসকগোষ্ঠী ছিল ঔপনিবেশিক শক্তির প্রতিনিধি। এখন আইন প্রণয়ন করা হয় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে। বর্তমানের সরকারগুলো করপোরেট বাণিজ্যিক বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধি।
জনগোষ্ঠীর ৬০ শতাংশ কৃষকের দেশ ভারতে কৃষকবিরোধী আইন হওয়ার কথা না। এখানে উপনিবেশবাদের পতন হয়েছে। স্বরাজ, স্বাধিকার ফিরে এসেছে। কিন্তু বাণিজ্যিক উপনিবেশবাদ রাজনৈতিক উপনিবেশবাদকে প্রতিস্থাপিত করেছে।
কার্যত আমাদের রাষ্ট্রগুলো উপনিবেশ শক্তির মতোই আচরণ করছে। কারণ রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্কে ফয়সালা এখনো এখানে চূড়ান্ত হয়নি। সামন্ত যুগে নাগরিকদের দাস হিসেবে বিবেচনা করা হতো। আর পুঁজির বিকাশের পর নাগরিকেরা দাস থেকে প্রজায় রূপান্তরিত হয়েছে। কিন্তু নাগরিক কখনোই রাষ্ট্রের মালিকানা দাবি করতে পারেনি। তাই পাঞ্জাবের কৃষকদের এখন নিজের স্বার্থের কথা বিবেচনা করে তাঁবু খাঁটিয়ে মহাসড়কে ঘুমাতে হয়। আইন, বিধিমালা প্রণয়নের আগে নাগরিকের কথা বা মতামত কোনোটাই শোনা হয় না। আমাদের পাটকলগুলো বন্ধের আগে শ্রমিকদের সঙ্গে কোনো কথা বলা হয়েছে কি না, জানি না। শ্রমিকদের কাছে জানতে চাওয়া হয়নি, বছরের পর পাটকলগুলো লোকসানেই বা থাকছে কেন। বেসরকারি পাটকলগুলো লাভ করতে পারছে কেন? এসব প্রশ্নের মীমাংসা করা হয় না। কারণ, এতে আসল গুমর ফাঁস হয়ে যাবে। এর চেয়ে বরং পাটকলগুলো বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়াই ভালো।
ভারতের চলমান কৃষক বিদ্রোহ আমাদের উপনিবেশ শাসনের কথাই স্মরণ করিয়ে দেয়। ঔপনিবেশিক শক্তিগুলো আমাদের দেশ দখল করে সরকার ও নাগরিককে দুই পক্ষে বিভাজিত করেছিল। এখনো সেই বিভাজন বজায় রয়েছে। আর কখনোই রাষ্ট্র ও নাগরিক একপক্ষ রূপান্তরিত হতে পারেনি। জনগোষ্ঠীর ৬০ শতাংশ কৃষকের দেশ ভারতে কৃষকবিরোধী আইন হওয়ার কথা না। এখানে উপনিবেশবাদের পতন হয়েছে। স্বরাজ, স্বাধিকার ফিরে এসেছে। কিন্তু বাণিজ্যিক উপনিবেশবাদ রাজনৈতিক উপনিবেশবাদকে প্রতিস্থাপিত করেছে। এখনো চলনে-বলনে ঔপনিবেশিক আচরণ স্পষ্ট। দেশি বিদেশি বহুমুখী করপোরেট প্রতিষ্ঠানগুলো বাজারকে নিয়ন্ত্রণ করছে। স্থানীয় কৃষক, শ্রমিকদের নানাভাবে চেপে ধরছে। আর শাসকগোষ্ঠী এই নব্য উপনিবেশবাদকেই সমর্থন করছে। আর ডান্ডা মেরে জনসাধারণকে ঠান্ডা করতে চায়। যেমনটি করেছে ঔপনিবেশিক শক্তিগুলো।
ড. মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক