বালিতে যখন ভোর হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়েই বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষহলো। ইন্দোনেশিয়ার বালির নুসা দুয়া সম্মেলন কেন্দ্রে চার দিনের এই সম্মেলন উত্তেজনা-উদ্বেগ নিয়ে অনির্ধারিতভাবে পঞ্চম দিনে গড়িয়ে শেষ হয়। ৬ ডিসেম্বর নির্দিষ্ট সমাপনী দিনের দুপুরেও যখন সমাপনী অধিবেশন বসার তোড়জোড় সম্মেলন কেন্দ্রে অনুপস্থিত, তখনই বোঝা হয়ে গিয়েছিল যে, সদস্যদেশগুলোর মধ্যকার মতভেদ কমিয়ে একটি ঘোষণা তৈরির জন্য মরিয়া চেষ্টা চলছে। অবশেষে রাত পেরিয়ে পরদিন ভোরে যেন সত্যিই ডব্লিউটিও সজীব হয়ে উঠল।

অবশ্য আগে থেকেই বলা হচ্ছিল, এবার ডব্লিউটিওর ভাগ্যনির্ধারণী সম্মেলন। যদি কোনো ঘোষণা না আসত, যদি সম্মেলন ব্যর্থ হতো, যদি সবাইকে খালি হাতে ফিরতে হতো, তা হলে ডব্লিউটিওর প্রয়োজনীয়তা-প্রাসঙ্গিকতাও প্রশ্নের মুখে পড়ত। এমন নয় যে বালি সম্মেলন শেষে সবাই হাত ভরে কিছু নিয়ে ফিরেছে আর ডব্লিউটিওর প্রয়োজনীয়তা প্রশ্নাতীত হয়ে গেছে। কিন্তু ডব্লিউটিওকে গুরুত্বহীন ভাবার সুযোগ আপাতত রহিত হয়েছে।

ডব্লিউটিও গঠন করা হয়েছিল বিশ্ব বাণিজ্যব্যবস্থাকে একটি বৃহত্তর বিধিবিধানের কাঠামোর মধ্যে পরিচালনা করার জন্য। সে জন্য বিভিন্ন বিষয়ে সদস্যদেশগুলো অনেক চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তিগুলোই ডব্লিউটিওর দলিল, যা পরিপালনে সদস্যদেশগুলো আইনত বাধ্য। তবে শর্ত ছিল যে চুক্তির বিভিন্ন দিক সময় সময় পর্যালোচনার মাধ্যমে সংশোধন করা হবে। এ জন্য সদস্যদেশগুলোর বাণিজ্যমন্ত্রীরা প্রতি দুই বছর পর একটি আন্তর্জাতিক সম্মেলনে একত্র হয়ে এ-সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। তারই আলোকে ২০০১ সালে কাতারের দোহায় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সিদ্ধান্ত হয় যে কৃষি, শিল্প, সেবা খাতসহ অনেকগুলো বিষয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে ডব্লিউটিও কিছু নিয়মকানুন চূড়ান্ত করবে, যা সব সদস্যদেশ পরবর্তী সময়ে অনুসরণ করবে। এটি দোহা আলোচনা পর্ব (দোহা রাউন্ড) হিসেবে পরিচিত। এখানে বাণিজ্যের সঙ্গে উন্নয়নকে জুড়ে দেওয়া হয়।

কিন্তু দোহা পর্বের শুরু থেকেই নানা বিষয়ে মতবিরোধ দেখা দেয়। যেহেতু সিদ্ধান্ত ছিল যে সব বিষয় নিয়ে একত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হবে (সিঙ্গেল আন্ডারটেকিং) এবং কোনো একটি বিষয়ে মতৈক্য না হওয়া পর্যন্ত বাকিগুলো মতৈক্য হলেও কিছুই মতৈক্য বিবেচিত হবে না (নাথিং ইজ অ্যাগ্রিড আনটিল এভরিথিং ইজ অ্যাগ্রিড), সেহেতু এই দোহা আলোচনা পর্ব শেষ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। সমালোচকেরা এটিকেই দোহা পর্বের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে অভিহিত করেন। তাঁরা বলেন যে ১৬০টি দেশের মধ্যে (বালি সম্মেলনে নবীনতম সদস্য হিসেবে যুক্ত হয়েছে ইয়েমেন) এতগুলো বিষয়ে মতৈক্য আনা অসম্ভব।

আর তাই বছর পর বছর গড়িয়ে গেলেও কৃষি-বাণিজ্যে ভর্তুকি ও শিল্পপণ্যে বাজারসুবিধা নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতবিরোধ দোহা পর্ব সমাপ্তিকে অনিশ্চিত করে তোলে। অনিশ্চিত করে তোলে ডব্লিউটিওর ভবিষ্যৎকেও। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয় যুক্ত হয়ে পরিস্থিতিকে জটিল করে তোলে। বিভিন্ন দেশ বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থায় আগ্রহ হারিয়ে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হয়ে পড়তে থাকে। ফলে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থায় উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো যেসব সুযোগ-সুবিধা পেয়েছে, তা অনেকটাই ক্ষুণ্ন হতে থাকে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বাণিজ্যব্যবস্থায়।

সম্মেলনে আমরা দেখেছি যে ভারতের নেতৃত্বে উন্নয়নশীল দেশগুলো তাদের খাদ্যনিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যাপকভাবে চাপ তৈরি করেছে, দর-কষাকষি করেছে। ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা স্পষ্ট ভাষায় বলেছেন যে কৃষি ভর্তুকির বিদ্যমান নিয়ম পুনর্বিন্যাস না করা হলে ভারত কোনো ছাড় দেবে না। যদিও নিজ দেশের ৬৭ শতাংশ গরিব ও মধ্যবিত্ত মানুষকে সস্তায় খাদ্যশস্য বিতরণের মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্যই ভারতকে এই অনড় অবস্থান গ্রহণ করতে হয়েছে, তার পরও বলতে হয় যে এর তাৎপর্য সুদূরপ্রসারী। মোটা দাগে আপাতত ভারতসহ উন্নয়নশীল দেশগুলো আগামী অন্তত চার বছরের জন্য কৃষিতে ডব্লিউটিওর বেঁধে দেওয়া সীমার বেশি (মোট কৃষি উৎপাদন মূল্যের ১০ শতাংশ) ভর্তুকি দিতে পারবে। এ জন্য ডব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি-প্রক্রিয়ার মাধ্যমে নিয়ম ভঙ্গের অভিযোগে কাউকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। আর এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে কাজ চালিয়ে যেতে হবে। কৃষি ভর্তুকি পুনর্বিন্যাস ও গণখাদ্যের মজুত গড়ে তোলার বিষয়ে একটি স্থায়ী সমাধান তৈরি করা যায়।

কেউ কেউ অবশ্য শঙ্কা প্রকাশ করেছেন, যেন এর ফলে বাংলাদেশসহ বিভিন্ন গরিব দেশ কিছুটা বিপাকে পড়তে পারে, যদি খাদ্যনিরাপত্তার দোহাই দিয়ে ভারত কখনো বিশ্ববাজারে রপ্তানি সাময়িক বন্ধ করে দেয় কিংবা কখনো বিপুল পরিমাণ মজুত থেকে খাদ্যশস্য বিশ্ববাজারে কম দামে ছেড়ে বাজারে দামের বিকৃতি ঘটায়। প্রথম ক্ষেত্রে যদিও বা খাদ্য আমদানির জন্য কিছুটা ঝুঁকি তৈরি হতে পারে, দ্বিতীয় ক্ষেত্রে বরং তা সুবিধাই হবে
কম দামে খাদ্য পাওয়ার সুবাদে। তবে এগুলোর চেয়ে বড় কথা হলো, ভারতের খাদ্য সংগ্রহ ও মজুত গড়া এবং কৃষি ভর্তুকির বিষয়টি
এখন অনেক বেশি বৈশ্বিক নজরদারিতে থাকবে, বিভিন্ন দেশ আগের চেয়ে অনেক বেশি নিবিড়ভাবে ভারতের এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবে। এখানেই ডব্লিউটিওর গুরুত্ব।

একইভাবে সম্মেলনে কিউবা যখন ট্রানজিট বিষয়ের একটি অংশে তীব্র আপত্তি তুলে ভেটো প্রয়োগের হুমকি দেয়, তখন সমঝোতার পালাটা প্রলম্বিত হয়। কিউবাকে সমর্থন দেয় ভেনেজুয়েলা, নিকারাগুয়া ও বলিভিয়া। মূলত যুক্তরাষ্ট্র যে ৫০ বছর ধরে কিউবার বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, তার পরোক্ষ প্রতিবিধান চাওয়া হয়েছিল ট্রেড ফ্যাসিলিটেশন-বিষয়ক (বাণিজ্য সহজীকরণ) অংশে। কিন্তু এ-সংক্রান্ত খসড়া পাঠে তা যথাযথভাবে তুলে ধরা হয়নি। শেষ পর্যন্ত অবশ্য একটি মাঝামাঝি জায়গায় এসে কিউবা ছাড় দেয়। বালির মূল ঘোষণাপত্রে গ্যাটের অবৈষম্যের নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করা হয়। যদিও এটি পুনর্ব্যক্ত করার কোনো বিশেষ প্রয়োজন নেই। বালি সম্মেলনে আপাতসাফল্য আসার কারণ হলো, প্রত্যাশার পরিমাণ সীমিত করে আনা।

বালি গুচ্ছের অন্যতম হলো উন্নয়ন বা স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য সিদ্ধান্ত। এর মধ্যে প্রথমেই আছে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধার সম্প্রসারণ। উন্নত দেশগুলোর যারা এখনো হংকং ঘোষণা অনুসারে ৯৭ শতাংশ পণ্যের বেশি বাজারসুবিধা দেয়নি, তাদের এখন এই সুবিধার আওতা বাড়াতে হবে এবং এ বিষয়ে অগ্রগতি ডব্লিউটিওকে জানাতে হবে। বাস্তবে যুক্তরাষ্ট্র ছাড়া সব উন্নত দেশ বাংলাদেশসহ এলডিসিগুলোকে প্রায় শতভাগ শুল্কমুক্ত বাজারসুবিধা দিয়ে দিয়েছে। ফলে এ সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য হবে। যদিও এ কথার মধ্যে কিছু ফাঁকফোকর রয়ে গেছে, তার পরও এর মধ্য দিয়ে গরিব দেশগুলোর শুল্কমুক্ত বাজারসুবিধা পাওয়ার বৈশ্বিক বৈধ অধিকার আরেকটু জোরদার হলো। আর যুক্তরাষ্ট্রের বাজারে এলডিসিগুলোর মধ্যে বাংলাদেশ, নেপাল ও কম্বোডিয়াই শুধু শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে না।

বাণিজ্য সহজীকরণ বালির আরেকটি বিষয়। এটি কার্যকর হলে বিশ্বজুড়েই ব্যবসার খরচ কমবে, আমদানি-রপ্তানি দ্রুততর হবে। বাংলাদেশসহ এলডিসিগুলোর জন্য এটি অবশ্যপালনীয় না হলেও অদূর ভবিষ্যতে নিজেদের স্বার্থেই এদিকে আমাদের অগ্রসর হতে হবে।

আসজাদুল কিবরিয়া: সাংবাদিক।