বাল্যবিবাহ রোধে গণসচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ম
ধর্ম

দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বাল্যবিবাহ অত্যন্ত ভয়াবহ একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে বাল্যবিবাহ বলতে বাল্যকাল বা নাবালক বয়সে ছেলেমেয়েদের মধ্যে বিবাহকে বোঝায়। এ ছাড়া বর-কনে উভয়ের বা একজনের বয়স বিয়ের দ্বারা নির্ধারিত বয়সের চেয়ে কম বয়সে হলে তা আইনে বাল্যবিবাহ বলে চিহ্নিত। জনসংখ্যাতত্ত্বের দিক দিয়ে অপেক্ষাকৃত প্রাপ্তবয়সে বিবাহ সুবিধাজনক। ভবিষ্যতে সন্তানের মা যিনি হবেন, তাঁকে অবশ্যই পরিপক্ব হতে হবে। কম বয়সী ছেলেমেয়ের মধ্যে বাল্যবিবাহের কাজ সম্পন্ন হলে পবিত্র কোরআনে যে শান্তি ও সুষমার কথা বলা হয়েছে, তা বিপর্যস্ত হতে পারে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘তিনিই তোমাদের এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেন, যেন তার কাছ থেকে পায় শান্তি ও সুখময় বসবাস।’ (সূরা আল-আরাফ, আয়াত: ১৮৯)
ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নারী বা পুরুষকে বালেগ বা প্রাপ্তবয়স্ক ও পরিপক্ব হওয়া অত্যাবশ্যকীয় বলে সিদ্ধান্ত দিয়েছে। তাই শরিয়তের দৃষ্টিতে বাল্যবিবাহে নিরুৎসাহী করা হয়েছে। তবে বিবাহ-সম্পর্কিত পবিত্র কোরআনের আয়াত ও হাদিস সামনে রেখে জীবনের কঠিন বাস্তবতার আঙ্গিকে বিশ্লেষণ করলে, এটি একেবারে গ্রহণযোগ্য নয়। মা-বাবা, অভিভাবক ও ধর্মীয় নেতারা যদি বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন না হন, তাহলে এর অনুশীলন চলতেই থাকবে। ইলমে ফিকহের একটি সূত্র হচ্ছে, ‘মুকাদ্দিমাতুল হারামে হারাম’ অর্থাৎ ‘যা হারামের দিকে নেয় সেই কাজটিও হারাম।’ যে বাল্যবিবাহ ভগ্নস্বাস্থ্য, অপরিকল্পিত পরিবার, দাম্পত্য কলহ, প্রসবকালীন মৃত্যু, শিশুর অকালমৃত্যুসহ অনেক বিপদ ডেকে আনে, সেই বিবাহ কখনো ইসলামের অনুমোদিত হতে পারে না।
শারীরিক গঠন পূর্ণাঙ্গ হওয়ার আগেই বিয়ে অতঃপর সন্তান জন্ম দেওয়ার কারণে বাল্যবধূরা পুষ্টিহীনতায় ভোগে। অপুষ্টির মধ্যে শারীরিক নানা উপসর্গ দেখা দেওয়া সত্ত্বেও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতার কারণে গর্ভবতী হয় সে। তা ছাড়া গর্ভধারণের বয়সে উন্নীত হওয়ার আগেই অল্প বয়সী বালিকাদের বিয়ে দিলে পরবর্তী সময়ে যে গর্ভসঞ্চার হয়, তা নবজাতক ও মা উভয়ের জন্যই বিপজ্জনক ও ক্ষতিকর হতে পারে। নববিবাহিত দম্পতি তাঁদের সামাজিক দায়দায়িত্ব পালনে সক্ষম কি না, তা অবশ্যই লক্ষ রাখা দরকার। ইসলামের দৃষ্টিতে বিয়ের সামর্থ্য বলতে কেবল দৈহিক সক্ষমতা নয়, আর্থিক সামর্থ্যও থাকতে হবে। ফকিহেদর মতে, ‘কোন বয়সে বিয়ে সম্পাদিত হবে, তা শারীরিক ও জৈবিক প্রয়োজন, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ, অর্থনৈতিক ও জনসংখ্যা দিয়ে বিবেচিত হয়।’
অশিক্ষিত পরিবারে কন্যাসন্তানকে বোঝা মনে করা হয়। এটা দূর করতে সহজ উপায় হিসেবে মেয়েকে অল্প বয়সেই বিয়ে দেওয়া হয়। বাল্য বয়সে বিয়ে হওয়ার কারণে মেয়েরা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান না থাকায় বিবাহিত কিশোরীরা বিভিন্ন শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যার কবলেও পড়ে। কিশোরী বয়সে বিয়ে হওয়ার কারণে ভবিষ্যতে এসব নারী মানসিক, শারীরিক ও যৌনজীবনে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন। এসব নারী পরবর্তী সময়ে জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারেন না। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশ ও জাতি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ জন্য নবী করিম (সা.) সতর্কবাণী উচ্চারণ করেছেন, ‘নিজের কিংবা অন্যের কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না।’
বাল্যবিবাহের নেতিবাচক প্রতিক্রিয়া সমাজের সর্বস্তরে প্রতিফলিত। মানবসমাজে অজ্ঞতা ও কুসংস্কারের কারণে যেসব ক্ষতের সৃষ্টি হচ্ছে, বাল্যবিবাহ তার মধ্যে অন্যতম। একটি মেয়ে তার স্কুলজীবন পেরোনোর আগেই বউ হচ্ছে, মা হচ্ছে। জীবন সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার আগেই সে সংসার-জীবনে প্রবেশ করেছে। অথচ সমাজের অন্য মেয়েদের মতো শিক্ষিত, স্বাবলম্বী কিংবা সুন্দর জীবনযাপনের ন্যূনতম ধারণার অধিকারী সে হতে পারত। বাল্যবিবাহের অবশ্যম্ভাবী পরিণতি হলো, অপরিণত গর্ভধারণ ও অকালমাতৃত্ব। প্রতিবছর গর্ভধারণ ও সন্তান প্রসবকালীন সমস্যার কারণে কমপক্ষে ৬০ হাজার বাল্যবধূ মারাও যায়। বাল্যবিবাহের পরিণতিতে শুধু শিশু, অল্প বয়সী নারী বা তার পরিবারই আক্রান্ত হয় না, এতে দেশ হয় অপুষ্টি ও দুর্বল ভবিষ্যৎ প্রজন্মের উত্তরাধিকারী।
বাংলাদেশে জন্মহার হ্রাসকরণের ক্ষেত্রে প্রধান দুটি অন্তরায় হলো বাল্যবিবাহ ও অল্প বয়সে সন্তানধারণ। বাল্যবিবাহের প্রথম শিকার হয় শিশু, দ্বিতীয় শিকার নারী এবং তৃতীয় শিকার সমাজ। কম বয়সে মা হওয়ার কারণে মা ও গর্ভের সন্তানের শরীরে রক্তশূন্যতাসহ নানা ধরনের রোগের উপসর্গ দেখা দেয়। বাল্যবিবাহ নিরোধে জন্মনিবন্ধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা বাধ্যতামূলক করে বিয়ের সময় জন্মসনদ প্রদর্শন অত্যাবশ্যক করা দরকার। বাল্যবিবাহে যেসব সমস্যা তৈরি হচ্ছে, তার মধ্যে নিরাপদ মাতৃত্ব অন্যতম। এর জন্য প্রাপ্তবয়সকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য যেখানে বিভিন্নমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে বাল্যবিবাহ ও এর পরিণতি-সংক্রান্ত বিষয়ে নিস্পৃহ দৃষ্টিভঙ্গি কোনো ধর্মপ্রাণসচেতন নাগরিকের কাম্য হতে পারে না।
বাল্যবিবাহ সংকুচিত করে দেয় নারীর পৃথিবী। সামাজিক সচেতনতা আর সম্মিলিত প্রচেষ্টাই কেবল বাল্যবিবাহ রোধ করে একটি কন্যাশিশুকে অধিকারসচেতন নারী কিংবা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। বাল্যবিবাহ প্রতিরোধে নারী নিজেই সচেতন হয়ে উঠেছেন। নারী নিজেই যখন বাল্যবিবাহ সম্পর্কে সচেতন হয়ে উঠবেন, তখন এ ঘৃণ্য অভিশাপ থেকে নিশ্চিতভাবে কন্যাশিশুরা মুক্তি লাভ করবে। যখন দেশ, জাতি, রাষ্ট্র ও সমাজ এ বিষয়ে প্রতিরোধ গড়ে তুলবে, তখন বাল্যবিবাহের আড়ষ্টতা থেকে নারীরা বেরিয়ে আসবেন—এ প্রত্যাশায় বাল্যবিবাহ রোধে গণমাধ্যমে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: সহযোগী অধ্যাপক, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়।
[email protected]