বাংলাদেশ সরকারের ফাটা কেষ্ট মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে সফলতার জন্য অনেক আলোচিত ব্যক্তি, তাঁর মন্ত্রণালয়, তথা মন্ত্রণালয়ের মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। তার একটি বিআরটিসি। বিএনপি আমলের চেয়ে এখনকার বিআরটিসির অবস্থা অনেক ভালো।
বলা বাহুল্য, ১২ জানুয়ারি আমরা দুজন মহাখালী থেকে গুলশান-১ আসার জন্য বিআরটিসি বাসে উঠলাম। যথারীতি কাউন্টার থেকে ১৪ টাকা দিয়ে দুটি টিকিট কিনে গুলশান-১-এ নেমে গেলাম। দুদিন পর অর্থাৎ ১৫ জানুয়ারি আবারও আমরা দুজন একই রুট ব্যবহার করার সময় দেখি, যিনি টিকিট বিক্রি করেন তিনি আমাদের চেকার বই নামে ১০ টাকার একটি টিকিট দিয়ে বলেন, দুজনের জন্য এই টিকিটই যথেষ্ট। তার মানে ভাড়া পড়ল একজনের পাঁচ টাকা করে। আমাদের প্রশ্ন হলো, মহাখালী থেকে গুলশান-১-এর ভাড়া কত? সাত টাকা না পাঁচ টাকা?
কিছু লোভী কর্মকর্তা এসব উল্টাপাল্টা কাজ করে থাকেন। মনে হয় এখানেও ঝটিকা অভিযান চালানো উচিত? না হলে এসব অফিসার বিআরটিসিকে ডুবিয়ে দেবেন। অন্যদিকে ভাড়াটা ফিক্সড করে যেন পাঁচ টাকা করা হয়। কারণ, এই রুটে ওয়ানলাইন, তরঙ্গ ও লেগুনা গাড়িগুলো মহাখালী থেকে গুলশান-১ পর্যন্ত পাঁচ টাকা ভাড়া ধার্য করেছে, সেখানে বিআরটিসিতে আরও কম হওয়া উচিত। কারণ, এটা রাষ্ট্রীয় সম্পদ।
এম রাসেল
গুলশান, ঢাকা।