ছোট সোনামণিদের থাকার কথা বাবার কোলে ও মায়ের আঁচল তলে। কিন্তু কখনো কখনো মুহূর্তের জন্য বাবা-মায়ের চোখের আড়াল হলেই সমূহ আশঙ্কা থাকে অপহরণ নামের থাবার শিকার হওয়ার।
অপহরণসহ অন্যান্য অপরাধ সংগঠনের অন্যতম চালিকাশক্তি কালো গ্লাসযুক্ত মাইক্রোবাস। কালো গ্লাসযুক্ত পরিবহন নিষিদ্ধ এবং স্বচ্ছ গ্লাস বসানোকে বাধ্যতামূলক করা হলেও রাজধানীসহ বিভিন্ন স্থানে এ ধরনের গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। এটি আইনের লঙ্ঘন বলেই মনে করি।
অন্যদিকে প্রাণঘাতী রাসায়নিক দ্রব্য, ফরমালিনের অবৈধ ব্যবহার, মজুত, আমদানি, রপ্তানি, পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আর এ আইন ভঙ্গকারীদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান করা হয়।
কিন্তু আদৌ ফরমালিনের অপব্যবহার বন্ধ হবে কি না, তা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে। খাতা–কলমে আইন থাকলেও বাস্তবায়ন হয় না। তাই উল্লিখিত দুটি আইন বাস্তবায়ন করার জন্য সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের প্রতি অনুরোধ জানাচ্ছি।
মো. আবুল খায়ের
ঢাকা বিশ্ববিদ্যালয়।