গ্রামাঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে যখন চিকিৎসকেরা নিয়মিত গরহাজির থাকেন, যখন সরকারের বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টিসেবা কর্মসূচি নানা অনিয়ম-দুর্নীতির জালে আবদ্ধ, তখন বেসরকারি সংস্থা ব্র্যাক ও অ্যালাইভ অ্যান্ড থ্রাইভের কর্মসূচির সাফল্য আমাদের মনে আশা জাগায়।
ব্র্যাক ও অ্যালাইভ অ্যান্ড থ্রাইভ ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশের ৫০টি উপজেলায় নতুন ধরনের পুষ্টিসেবা কর্মসূচি পালন করে। এ কর্মসূচির আওতায় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মা ও শিশুদের পুষ্টিসেবা দিয়েছেন। প্রাথমিকভাবে ৫০টি উপজেলায় গৃহীত এ কর্মসূচির সুফলও মানুষ পেয়েছে।
গত মঙ্গলবার অ্যালাইভ অ্যান্ড থ্রাইভ প্রকল্পের মূল্যায়ন ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, যেসব উপজেলায় এ প্রকল্প নেওয়া হয় সেসব উপজেলার মা ও শিশুরা পুষ্টিসেবায় অন্যান্য উপজেলা থেকে অনেক এগিয়ে আছে। মূল্যায়নে দেখা যায়, সংশ্লিষ্ট এলাকায় শিশুকে শালদুধ খাওয়ানোর হার ৯০ শতাংশ, অন্য এলাকায় ৭২, প্রথম ছয় মাসে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর হার ৮৪ শতাংশ, অন্য এলাকায় ৬৪ এবং এক বছর পর্যন্ত মায়ের দুধ খাওয়ানোর পরিমাণ শতভাগ, অন্য এলাকায় ৯৮ শতাংশ। প্রতি ইউনিয়নে মাত্র দুজন করে পুষ্টিকর্মী নিয়োগ করে এ সাফল্য পাওয়া গেছে। কর্মীর সংখ্যা যেমন বাড়ানো প্রয়োজন, তেমনি সব উপজেলায় এ কর্মসূচি চালু করা উচিত।
শিশুরা শুরু থেকে পুষ্টিকর খাবার পেলে যেমন তাদের শরীর রোগ প্রতিরোধ করতে পারে, তেমনি দ্রুত বিকশিত হয়। এ ব্যাপারে সব মা সচেতন নন বলেই পুষ্টিকর্মীদের সহায়তা প্রয়োজন।
স্বাস্থ্যসেবায় যে পাঁচটি দেশ সফল হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশও রয়েছে। কম ওজনের ও খর্বকায় শিশুর হার আগে যেখানে ছিল ৫৬ শতাংশ, বর্তমানে তা যথাক্রমে ৪৩ ও ৪১ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তাই কর্মসূচিটি দেশের সব উপজেলায় ছড়িয়ে দিতে পারলে এই হার আরও কমিয়ে আনা সম্ভব। সুস্থ মা ও শিশুই পারে একটি সুস্থ জাতি উপহার দিতে।