বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পেশাদার মোটরযান চালকদের লাইসেন্স নবায়নের শর্ত শিথিল করে যে আদেশ জারি করেছে, তার ফলে এ ক্ষেত্রে যেটুকু যোগ্যতা ও পেশাদারি অবশিষ্ট আছে, তা-ও আর থাকবে না। বিআরটিএর জারি করা আদেশে বলা হয়েছে, পেশাদার চালকদের লাইসেন্স নবায়ন করতে এখন থেকে আর তাঁদের যোগ্যতা যাচাই বোর্ডের অনুমোদনের প্রয়োজন হবে না।
মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩-এর ১২(২) ধারা বলছে, চালকদের লাইসেন্স প্রতিবছর মাঠপর্যায়ে পরীক্ষা দিয়ে সেটি নবায়ন করতে হবে। গাড়ি চালানোর দক্ষতা, ট্রাফিক সংকেত সম্পর্কে সম্যক ধারণা, শারীরিক সক্ষমতা (দৃষ্টি ও শ্রবণক্ষমতা) ইত্যাদি যাচাইয়ের বিভিন্ন ধাপ উত্তীর্ণ হয়েই চালকদের লাইসেন্স নবায়ন করার বিধান রয়েছে। মাঠ পরীক্ষার দায়িত্ব রয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিআরটিএ এবং পুলিশ বিভাগের কয়েকজন কর্মকর্তার সমন্বয়ে গঠিত ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের (ডিসিটিবি) ওপর। এই বোর্ডকে এড়িয়ে বিআরটিএ শর্ত শিথিল করে লাইসেন্স নবায়নের দায়িত্ব দিয়েছে একজন মোটরযান পরিদর্শককে। এর অর্থ হচ্ছে চালকদের পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া। এটি মোটরযান অধ্যাদেশের পরিপন্থী। এর আরও একটি ক্ষতিকর দিক হলো, এখন সিদ্ধান্ত নির্ভর করবে একজন মাত্র কর্মকর্তার ওপর। এতে অনিয়ম-দুর্নীতির সুযোগ ব্যাপকভাবে বেড়ে যাবে।
বিআরটিএর পক্ষ থেকে বলা হয়েছে, ডিসিটিবির বৈঠক নিয়মিত বসে না বলে লাইসেন্স নবায়নের নতুন এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা কোনো যুক্তি হতে পারে না। ডিসিটিবির বৈঠক নিয়মিত না বসলে এই বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি কোথায়? তাঁদের দায়িত্বে অবহেলার কারণে তো কোনো বিধান তুলে দেওয়া যেতে পারে না। বাস্তব সত্য হলো, অধ্যাদেশ-পরিপন্থী এই আদেশ জারি করা হয়েছে বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিক ফেডারেশনের চাপে, যে সংগঠনের কার্যকরী সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
এই আদেশের ফলে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা বেড়ে যাবে। আর তার ফল হবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়ে যাওয়া। অপরিণামদর্শী এবং বিপজ্জনক এই আদেশ অবিলম্বে প্রত্যাহার করে লাইসেন্স নবায়নের মাঠ পরীক্ষার ব্যবস্থাটি সচল করুন।