বিএনএফের নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন সামনে রেখে সরকারি মদদে তথাকথিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে একটি সংগঠনের জন্ম নিয়ে জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। প্রথম আলোয় গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এটাই ফুটে উঠেছে। এটা একটা ফরমায়েশি ক্ষুদ্র গোষ্ঠী, সমাজে যাদের উপস্থিতি এতটাই অপাঙেক্তয় যে, এরা লোক দেখানো সাইনবোর্ড টাঙাতেও ভীরুতা, অদক্ষতা ও কার্পণ্যের পরিচয় দিয়েছে।
নির্বাচন কমিশনার আবু হাফিজের এ-সংক্রান্ত একটি স্বীকারোক্তিও সন্দেহের উদ্রেক ঘটাতে যথেষ্ট। তিনি বলেছেন, বিএনএফকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) এর আগে দুবার তদন্ত করেছে। বিএনএফ ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। সবচেয়ে লক্ষণীয় ও কৌতূহলোদ্দীপক বিষয়, ইসির নিরপেক্ষ থাকার ব্যাপারে সংবেদনশীলতা আছে। তাদের চামড়া পুরু, তা অন্তত এই দৃষ্টান্ত থেকে প্রমাণ মেলে না। কোথাকার কোন সাইনবোর্ড ও প্যাডসর্বস্ব একটি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, তাতেই কমিশন এতটাই ভড়কে গেছে যে, নিরপেক্ষতার অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে বিদ্যমান আইন থেকে দৃশ্যত ছিটকে পড়তেও দ্বিধান্বিত হয়নি। আবু হাফিজ বলেছেন, ‘এবার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা তথ্য কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবার আর প্রশ্ন তোলার অবকাশ নেই।’
অর্থাৎ ইসি ভাবছে, বিএনএফ প্রশ্ন তুলবে না। বিএনএফের সন্তুষ্টি অর্জনকেই ইসি যেন বড় করে দেখছে। অথচ যুক্তি মানলে এটাই মানতে হবে, নিবন্ধনের শর্ত পূরণবিষয়ক যে সত্যতা ইসির দুবারের তদন্তে প্রমাণিত হয়নি, তা এবারের গণপ্রতিনিধিত্ব আদেশবহির্ভূত তদন্ত কমিটি যদি আবিষ্কার করে, তাহলে খোদ ইসির যোগ্যতা ও সামর্থ্য প্রশ্নবিদ্ধ হবে। বিশ্বাসযোগ্যতার জন্য আমরা সাধারণত সরাসরি সরকারের কবজায় থাকা আমলাদের পরিবর্তে সরাসরি ইসির নিয়ন্ত্রণে থাকা কর্মকর্তাদের দিয়ে কোনো তদন্ত করানো অধিকতর নির্ভরযোগ্য মনে করি। ইসির স্বাধীনতা ও তাকে শক্তিশালী করার দাবির পেছনেও এই একই দৃষ্টিভঙ্গি কাজ করে। অথচ এখানে উল্টো। যখন বিএনপি বিএনএফকে তাদের দলের বিরুদ্ধে চক্রান্ত হিসেবে দেখছে, তখন এর নিবন্ধন নিশ্চিত হচ্ছে খাস আমলাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে। একতরফা নির্বাচন সামনে রেখে এ ধরনের পদক্ষেপ অভিসন্ধিমূলক।
বিএনএফএর নিবন্ধন প্রদানে বিরোধী দলের ইসিবিরোধী অভিযোগের পালে এখন আরও জোরে বাতাস লাগবে। নাম প্রকাশ না করার শর্তে ইসির সূত্রগুলো বলেছে, এই সংগঠনকে নিবন্ধন দিতে সরকার থেকে চাপ আছে। আমরা উদ্বিগ্ন যে, প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে সরকারি দলের প্রত্যাশিত সমঝোতার কোনো উদ্যোগ নেই। এ রকম প্রেক্ষাপটে এই ভুঁইফোড় ‘সংগঠন’টির অপতৎপরতা বন্ধ হওয়া উচিত। এটিকে ঘিরে সরকারি দল বা তাদের মিত্রদের কোনো নির্বাচনী অপকৌশল অবলম্বনের দুরভিসন্ধি থাকতে পারে। সরকারি এজেন্সিকে দিয়ে দল ভাঙা-গড়ার কসরত বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। শেষ পরিণামে এটা কাউকে সুফল দেয় না। বিএনএফ নিবন্ধন পেলে তা ইসির গ্রহণযোগ্যতাকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করবে। ইসির সঙ্গে বিএনপির দূরত্ব আরও বাড়বে। এটা কাম্য নয়।