বিএনএফের নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে বিতর্কিত দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। এই সংগঠনের নিবন্ধন-প্রক্রিয়া যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল। গোড়া থেকেই আশঙ্কা করা হচ্ছিল, ক্ষমতাসীন দলের যে কট্টর অংশটি বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে চায়, তারাই এর পেছনে কলকাঠি নাড়ছে। সংগঠনটির আত্মপ্রকাশে আওয়ামী লীগের মনোভাবের প্রতি বিএনপির অনেকেই অধিকতর সন্দেহপ্রবণ হয়ে উঠতে পারেন।
তবে এই রাজনৈতিক হিসাব-নিকাশ ছাড়াও নির্বাচন কমিশন এ ক্ষেত্রে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখতে সক্ষম হয়েছে বলে প্রতীয়মান হয় না। বিএনএফকে নিবন্ধন না দিতে গত ১১ জুলাই বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনারের কাছে আপত্তি দেওয়া হয়েছিল। তাদের অভিযোগ ছিল, সরকার গোয়েন্দা সংস্থাকে দিয়ে বিএনপিকে ভাঙতে বিএনএফকে খাড়া করছে। মানুষকে বিভ্রান্ত করতে বিএনএফের পোস্টারে বিএনপির প্রতীক ও জিয়ার ছবি ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনের উচিত ছিল এ বিষয়ে তদন্ত করা। এর যেকোনো একটি অভিযোগের প্রমাণ পেলেই তারা বিএনএফের নিবন্ধন আবেদন নাকচ করতে পারত। অথচ ইসি বিএনপির অভিযোগ আমলে নেয়নি।
উপরন্তু বিএনএফ যে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শর্তাবলি পূরণ করেনি, তা প্রথম আলোর সংবাদদাতাদের নিজস্ব অনুসন্ধানেও বেরিয়ে এসেছে। কোনো সংগঠন নিবন্ধিত হতে হলে কমপক্ষে ২২ জেলা ও ১০০ উপজেলায় দলের কমিটি ও অফিস থাকতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের কার্যালয় খুঁজে পাওয়া যায়নি। বিএনএফ আয়োজিত এক আলোচনা সভায় তারা দাবি করেছে, গোয়েন্দা সংস্থাগুলো বিএনএফের প্রতি ভালোবাসা দেখালে কিছু করার নেই। আবার নিবন্ধন পেয়ে বলেছে, তারা ৩০০ আসনে প্রার্থী দেবে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির অনেকেই তাদের সঙ্গে আছে। সময় হলে তাদের নাম প্রকাশ করা হবে। এ থেকেও তাদের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সন্দেহ করা চলে।
বিএনএফের নিবন্ধনের ফলে ইসির বিশ্বাসযোগ্যতা আরও প্রশ্নবিদ্ধ হলো। ইসি পুনর্গঠনে বিএনপির দাবি এখন আরও গ্রহণযোগ্যতা পাবে। আরও প্রমাণিত হলো, ইসি স্বাধীন নয়।