গত শুক্রবার ভোরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দলীয় অফিস থেকে গ্রেপ্তারের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অফিসজুড়ে যে কাণ্ড করেছে, তা কেবল নিন্দনীয় নয়, বেআইনিও। কোনো গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দলের অফিসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এভাবে জোরপূর্বক ঢুকে ভাঙচুর করতে পারেন না।
দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার গ্রেপ্তার হওয়া এবং বাকিরা আত্মগোপনে যাওয়ার পর রুহুল কবির রিজভীই মুখপাত্রের দায়িত্ব পালন করতেন। আন্দোলন চলাকালে তিনি প্রতিদিন দলীয় অফিসে সাংবাদিকদের ব্রিফিং করতেন। এমনকি ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তিনি অফিসেই থাকতেন। সে ক্ষেত্রে সন্দেহ করা অমূলক নয় যে গণমাধ্যমের সঙ্গে দলটি যাতে প্রকাশ্যে যোগাযোগ করতে না পারে, সে জন্যই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহবাগে বাস পোড়ানোর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হরতাল-অবরোধে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা ছুড়ে, আগুন জ্বালিয়ে মানুষ মারা ঘৃণ্যতম অপরাধ। এ ধরনের জঘন্য অপরাধ যাঁরা করেছেন, তাঁদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক—এটা সবার দাবি। কিন্তু সেই বোমাবাজ-ককটেলবাজদের না ধরে ‘হুকুমের আসামি’ হিসেবে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার ও রিমান্ডে পাঠানো আইনের অপব্যবহারই বটে। এতে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ হলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে।
অন্যদিকে পুলিশের অভিযান চলাকালে বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে, এমন দাবিও কেউ করেননি। তাহলে পুলিশ কেন সেই অফিসে ঢুকে ভাঙচুর ও বিভিন্ন কক্ষ ভাঙচুর করল? কেন তারা অফিসের কলাপসিবল গেটের তালা ভেঙে সেখানে ঢুকল? এই সরকারের আমলেই আরেকবার বিএনপি অফিসে পুলিশি অভিযান চালানো হয়েছে। একটি রাজনৈতিক দলের অফিসে কি সন্ত্রাসীরা লুকিয়ে থাকে? যদি তা না থাকে তাহলে এ ধরনের অভিযান কেন? আওয়ামী লীগের আমলে বিএনপির অফিস এবং বিএনপির আমলে আওয়ামী লীগের অফিস ভাঙচুর বা অভিযান চালানোর ঘটনা একমাত্র পুলিশি রাষ্ট্রেই সম্ভব।
আমরা ঘটনার তদন্ত চাই এবং রিজভীকে গ্রেপ্তারের নামে যারা বিএনপি অফিস ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারের নামে পুলিশের এই বাড়াবাড়ি চলতে দেওয়া যায় না। আন্দোলনের নামে যেমন মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি চলতে পারে না, তেমনি ‘হুকুমের আসামি’ ধরার নামে রাজনৈতিক দলের অফিসে পুলিশি অভিযানও বন্ধ করতে হবে।
রাজনৈতিক দলের নেতারাই রাষ্ট্র পরিচালনা করেন। আজ যাঁরা বিরোধী দলের অফিসে অভিযান চালানোর নির্দেশ দিচ্ছেন, তাঁদের মনে রাখতে হবে তাঁরা চিরদিন ক্ষমতায় থাকবেন না। কোনো এক সময় তাঁদেরও বিরোধী দলে থাকতে হবে। তখন তাঁরা সরকারের কাছে যে ধরনের আচরণ আশা করবেন, সে রকম আচরণই তাঁদেরও অনুসরণ করা উচিত। এর ব্যত্যয় কেবল রাজনৈতিক হিংসাই বাড়াবে না, গণতান্ত্রিক মূলবোধও ধ্বংস করবে।