রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ এবং সংসদে বিএনপির যোগদানের সিদ্ধান্তও দেশবাসীকে আশ্বস্ত করতে পারেনি। কারণ, ঢাকায় সভা-সমাবেশের ওপর সরকারি নিষেধাজ্ঞা এবং ২৫ অক্টোবর বিএনপির ‘শান্তিপূর্ণ’ সমাবেশের ঘোষণা। মানুষ এই নিরাপত্তাহীনতার ঘেরাটোপ থেকে বেরোতে চায়। নির্বাচনকালীন সরকারের বিরোধ মীমাংসায় দুই নেত্রীর পাল্টাপাল্টি প্রস্তাব ছাপিয়ে এই নিরাপত্তাহীনতাই তাদের কাছে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।
সরকার ও বিরোধী দলের পরস্পরবিরোধী অবস্থান কেবল রাজনৈতিক পরিস্থিতিকেই তপ্ত করেনি, শাসনগত অস্বাভাবিকতাও নির্দেশ করে। ৭ নভেম্বর পর্যন্ত সংসদ চলবে, এর পরও চলতে পারে। কিন্তু তাতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা বাড়বে, তা মনে হয় না। গত কয়েক দিনে প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকার, বিরোধীদলীয় নেতার নির্দলীয় সরকার, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের চিঠি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ফোন উল্লেখযোগ্য ঘটনা। এরই মধ্যে জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকোর তরফে দুই নেতার কাছে ফোন, খালেদা জিয়ার বক্তব্যকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যের বিবৃতি ও ভারতীয় হাইকমিশনার এবং মার্কিন রাষ্ট্রদূতের মধ্যকার বৈঠকও আলোচিত। কিন্তু এসব সত্ত্বেও সংকট সমাধানে রাজনৈতিক নেতৃত্বের আন্তরিকতা লক্ষ করা যাচ্ছে না। দুই নেত্রী জাতির উদ্দেশে যে বিবৃতি পড়েছেন, তা মোটামুটি সুচিন্তিত এবং সংযত ছিল বলা যায়। কিন্তু দিনাজপুরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বেশ ছন্দপতন ঘটিয়েছে। কারণ, সেখানে ব্যক্তিগত বিষয় প্রকাশ পেয়েছে। সংলাপের জন্য অনুকূল রাজনৈতিক পরিবেশ থাকতেই হবে। আর সেটা ধরে রাখার মুখ্য দায় সরকারি দলেরই।
প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের প্রধান কে হবেন, তা নির্দিষ্ট করেননি। বিরোধী দলের নেতাও নির্দিষ্টভাবে ‘নির্দলীয় নাগরিক’ না লিখে ‘সম্মানিত নাগরিক’ কথাটি ব্যবহার করেছেন। ওই পদে কে থাকবেন, সেটাই বিরোধের মূল বিষয়। দুই নেত্রী দৃশ্যত নিজ নিজ অনড় অবস্থান থেকে সরে এলেও পরিস্থিতির তেমন উন্নতি ঘটেনি। দরকার পর্দার আড়ালের আলাপ-আলোচনা এখনই শুরু করা। অথচ এ ব্যাপারে কোনো ইঙ্গিত নেই। দেশের মানুষ এ মুহূর্তে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে দুই ফর্মুলাকেন্দ্রিক আলাপ-আলোচনা দেখতে চায়। সংসদের ফ্লোরেও সেটা ঘটতে পারে। সেই আলোচনার ফলাফল কী হবে, সেটা ভিন্ন বিষয়।
২৫ অক্টোবর কিংবা তার পরের পরিস্থিতি নিয়ে মানুষ দ্বিধাগ্রস্ত। আইন প্রয়োগকারী সংস্থা তথাকথিত নাশকতার দোহাই দিয়ে ঢাকায় অনির্দিষ্টকাল ধরে নিষেধাজ্ঞা বলবৎ করেছে। কিন্তু এভাবে কোনো গণতান্ত্রিক দেশে মৌলিক মানবাধিকার স্থগিত থাকতে পারে না। নিপীড়নমূলক শাসন দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা যায় না।
আশা করব, সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে আলোচনার উদ্যোগটি ভেস্তে যায়। আর শেষ দিনগুলোতে বিরোধী দলের কাছেও সংসদে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত। তাদেরও বুঝতে হবে, যেকোনো কঠোর কর্মসূচি নিশ্চিতভাবেই জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করবে। বিএনপি এ পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে রাজনৈতিকভাবে লাভবান হয়েছে।