বিএনপিকে কর্মসূচি পালন করতে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দলের নেতারা যতই ‘২৫ অক্টোবরের পর কিছু হবে না’ বলে আশ্বাসবাণী শোনাচ্ছেন, ততই জনগণের মধ্যে একধরনের আতঙ্ক ও উদ্বেগ লক্ষ করা যাচ্ছে। বৃহস্পতিবার থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেসব নেতা-কর্মী যাচ্ছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আটকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সাদেক হোসেন খোকার বক্তব্যের পর অফিসে যাতে কেউ অরাজকতা সৃষ্টির জন্য অস্ত্রশস্ত্র নিয়ে আসতে না পারে, সে কারণেই তল্লাশি চালানো হচ্ছে।
ঈদের আগের দিন দলীয় সমাবেশে ভাষণ দিতে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন ‘আওয়ামী লীগের আক্রমণ ঠেকাতে’ দা-কুড়াল নিয়ে আসার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তাঁর এ বক্তব্য সর্বমহলে নিন্দিত ও সমালোচিত হয়েছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা, যিনি চারবার নির্বাচিত সাংসদ এবং প্রায় নয় বছর ঢাকার মেয়র ছিলেন, তাঁর মুখে এ ধরনের উসকানিমূলক বক্তব্য কেবল অনাকাঙ্ক্ষিত নয়, উদ্বেগজনকও। আবার সেই বক্তব্যের জের ধরে পুলিশের পাইকারি তল্লাশি অভিযান এবং বিএনপির অফিসের চারপাশে বেষ্টনী তৈরি করাকেও মানুষ দেখছে আইনের অপপ্রয়োগ হিসেবে। গতকাল দুপুরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ২৫ অক্টোবর নিয়ে যে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য সরকারই দায়ী।
এ সময় দুই পক্ষকেই সংযমের পরিচয় দিতে হবে। শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার অধিকার সব দলেরই আছে। কিন্তু সেই সভা-সমাবেশে কর্মীদের যেমন দা-কুড়াল নিয়ে আসার প্রয়োজন নেই, তেমনি একটি রাজনৈতিক সমাবেশের কর্মীদের ‘পদাতিক ও গোলন্দাজ বাহিনীর’ ভূমিকায় থাকারও দরকার পড়ে না।
এই অবস্থায় বিএনপি ২৫ অক্টোবর দলীয় অফিসের সামনে যে সমাবেশের কর্মসূচি নিয়েছে, সরকারের উচিত তাতে বাধা সৃষ্টি না করা। বিএনপির সাম্প্রতিক কর্মসূচিগুলোতে কোনো অঘটন ঘটেছে, এমন নজির সরকার দেখাতে পারবে না। তাই একজন নেতার উসকানিমূলক বক্তব্যের কারণে দলীয় কর্মসূচি পালন করতে না দেওয়ার যুক্তি নেই। আওয়ামী লীগ একই দিন সমাবেশ করার কথা বললেও পরে দলের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, ২৫ অক্টোবর ঢাকায় তাঁদের কোনো কর্মসূচি নেই। তাহলে বিলম্বে হলেও ক্ষমতাসীনদের বোধোদয় ঘটেছে। একই দিন পাল্টাপাল্টি কর্মসূচি থাকলে সংঘাতের আশঙ্কা বাড়ে। ক্ষমতাসীন দলটি কেন যেচে সেই সংঘাতকে আমন্ত্রণ জানাবে?
সর্বোপরি, সরকারি দল যদি ২৫ অক্টোবর সামনে রেখে সংঘাতময় পরিস্থিতি এড়াতে চায়, তাহলে তাদের উচিত বিএনপিকে কর্মসূচি পালন করতে দেওয়া। অন্যদিকে বিএনপির নেতৃত্বকেও এই নিশ্চয়তা দিতে হবে যে তাদের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অঘটন ঘটবে না বা কোনো কর্মী আইন নিজের হাতে তুলে নেবেন না। ১৮-দলীয় জোটের কোনো শরিক দল নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে এই সমাবেশকে যাতে ব্যবহার না করতে পারে, সে ব্যাপারেও তাদের বাড়তি সজাগ থাকা প্রয়োজন।