বিএনপিতে মানুষ নির্ভরতা খুঁজছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

এই নির্বাচনে বিএনপির প্রাপ্তি অনেক। বিএনপি চেয়েছিল, প্রতিটি স্থানে যেন দলের একজন প্রার্থী অংশ নেন। সেটা হয়েছে। এরপর ১৮ দলও একক প্রার্থী দিতে পেরেছে। দলের ও জোটের সবাই একসঙ্গে কাজ করেছেন। বরিশালে মেয়র আহসান হাবিব ও বিএনপির নেতা মজিবর রহমানের মধ্যে সম্পর্ক ভালো নয়, এটা সবাই জানতেন। কিন্তু এই নির্বাচনে তার বিরূপ প্রভাব দেখা যায়নি।

একইভাবে সিলেটে দল ও জোটে কিছু অনৈক্য ছিল, সেটাও দূর হয়েছে। নির্বাচনে ১৮-দলীয় জোটের এই ঐক্যবদ্ধ অবস্থান জাতীয় নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। এখন আমরা গাজীপুর নির্বাচনে জয়ের জন্য কাজ করব। সরকারের সাহস থাকলে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন দিক। জনগণ সরকারকে লাল কার্ড দেখিয়ে দেবে।

এবারের নির্বাচনে ধর্মীয় অনুভূতি ভীষণভাবে কাজ করেছে। সরকার আলেম-ওলামা ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর যে নির্যাতন করেছে, তা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে এটা প্রত্যক্ষ করেছি। তা ছাড়া শাহবাগে কিছু মানুষের হইহুল্লোড় ও পত্রিকা, টেলিভিশনের বড় বড় শিরোনামের ভাষা সাধারণ মানুষের ভাষা নয়। এটা প্রমাণিত হয়েছে।

চার সিটিতে নির্বাচনের পর টেলিভিশনে আওয়ামী লীগের সমর্থক কিছু বুদ্ধিজীবী বলা শুরু করেছেন, এই নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবির কোনো যৌক্তিকতা নেই। তাঁরা সম্ভবত জানেন না, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। তাঁরা সম্ভবত সিটি নির্বাচনের সময় মাঠের চিত্র কী ছিল, তা জানেন না।

আমরা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে দেখেছি, নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন কীভাবে সরকারদলীয়দের পক্ষে কাজ করেছে। কিন্তু বিএনপির পক্ষে জনস্রোতের কারণে সেটা সম্ভব হয়নি। সরকারদলীয় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছেন একের পর এক। তাঁদের কিছুই বলা হয়নি। অথচ বিএনপির প্রার্থীদের সামান্য কর্মকাণ্ডে কথায় কথায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমরা মনে করি, বিএনপির আন্দোলনের প্রতি মানুষের সমর্থন ভোটের মাধ্যমে পাওয়া গেছে। ভোট বিএনপির নেতা-কর্মীদের মনোবল দারুণভাবে বাড়িয়ে দিয়েছে। এখন আন্দোলন আরও গতিশীল হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন হবে না।

এখন সরকার বলছে, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তাই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। এ কথা তো আমরাও বলেছি ’৯৫ ও ’৯৬ সালে। কিন্তু তখন তো ওই সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা তা মানেননি। আমাদের সময়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতা মির্জা আব্বাসকে হারিয়ে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হানিফ নির্বাচিত হয়েছিলেন। চট্টগ্রামে বিএনপির নেতা মীর নাছিরকে হারিয়েছিলেন আওয়ামী লীগের নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

আমাদের রাজনীতিবিদদের মধ্যে আস্থা ও বিশ্বাসের সংকটের কারণে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হয়েছিল। এখন সেই আস্থা ও বিশ্বাস ফিরে এসেছে—এমনটা ভাবার কি কোনো কারণ আছে?  

খন্দকার মোশাররফ হোসেন: সদস্য, বিএনপির জাতীয় স্থায়ীকমিটি।