বিএনপির জন্য কি অশুভ ইঙ্গিত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন আন্দোলনের পরিবর্তন দরকার
এমন আন্দোলনের পরিবর্তন দরকার

আপাতত বিএনপি তার দল গুছিয়ে নেওয়ার জন্য সময় নিচ্ছে। এ অবস্থায় রাজপথের আন্দোলনে যদি জোর না পড়ে, তাকে দলের দুর্বলতা বলে মনে করার কোনো কারণ নেই। অনেকে অবশ্য ভাবছেন, জাতীয় নির্বাচন না করে তারা এত বড় ভুল করেছে যে এখন তার মাশুল দিতে হচ্ছে। এটা সাম্প্রতিক প্রায় নির্জীব অবস্থার একটা কারণ হতে পারে। কিন্তু উপজেলা নির্বাচনে তো বিএনপি ভালোই করছে। মাশুল দিলে আবার তাদের সমর্থিত এত চেয়ারম্যান জেতেন কী করে?
তবে বিএনপির মধ্যে একটু কথা-চালাচালি হচ্ছে, তা বোঝা যায়। যদি কেউ কোনো অশুভ ইঙ্গিতের সন্ধান করতে চান, তাহলে সাদেক হোসেন খোকার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলতে পারেন। আমাদের দেশে সবাই পদ ও ক্ষমতার পাগল। সেখানে সাড়ে ১৭ বছর ঢাকা মহানগরের মূল দায়িত্বে থাকার পর আজ হঠাৎ তাঁর অব্যাহতি চাওয়ার বিষয়টি নিশ্চয়ই একটি ব্যতিক্রমী ঘটনা। চারদিক থেকে প্রচণ্ড চাপে না পড়লে এ রকম হওয়ার কথা নয়।
কিছুদিন ধরে বিএনপির ঢাকা মহানগর কমিটি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে হিসাব-নিকাশ চলছিল। একতরফা নির্বাচন স্থগিত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনে ঢাকা মহানগর বিএনপি উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি বলে দলের মধ্যে অভিযোগ উঠেছে। এটা নেতৃত্বের ব্যর্থতা নাকি বাস্তবতাবিবর্জিত অতি আশাবাদী কর্মসূচির অবধারিত পরিণতি, নাকি সরকারের একরোখা দমননীতির ভয়ভীতির ধাক্কা, তা নিয়ে চিন্তাভাবনার অবকাশ আছে। হয়তো সব ঘটনার সম্মিলিত ফল। এর দায় একা সাদেক হোসেন খোকার ওপর চাপানো যায় না।
সাদেক হোসেন খোকা তাঁর সংবাদ সম্মেলনে পরিষ্কার জানিয়েছেন, তিনি জেলে ছিলেন, তাই নির্বাচন বাতিলের আন্দোলনে মহানগর বিএনপির ব্যর্থতার দায় নিতে হবে দায়িত্বপ্রাপ্ত যে ছয়জন নেতা বাইরে ছিলেন, তাঁদের। এটা অনেকাংশে ঠিক। তিনি জেলে থাকায় প্রত্যক্ষ দায়িত্ব পালনের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। গণতান্ত্রিক আন্দোলনে এ রকম হয়। জেল খাটা স্বাভাবিক। কিন্তু তখন অন্যরা এসে হাল ধরেন। আর সঠিক কর্মসূচি দিয়ে জনসমর্থনকে কাজে লাগাতে পারলে আন্দোলনে আরও তেজ আসে। এটা বরাবর দেখা গেছে।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনকালে আওয়ামী লীগের কোন নেতা বাইরে ছিলেন? বড় নেতাদের প্রায় সবাই তো একের পর এক এবং একাধিকবার জেল খেটেছেন। শুধু তা-ই নয়, রাজপথে মিছিল করার ‘অপরাধে’ তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরীসহ বড় নেতাদের পুলিশি পিটুনি দিয়ে শায়েস্তা করার চেষ্টা তো কম হয়নি। তার পরও থেমে থেমে আন্দোলন চলেছে। কিন্তু জনসমর্থনকে কাজে লাগিয়ে সময়োপযোগী কর্মসূচির মাধ্যমে মূল নেতৃত্ব আন্দোলনকে ঈপ্সিত লক্ষ্যে পরিচালিত করেছে।
অথচ বিএনপি সে রকম সুবিধা করতে পারেনি। গত বছরের ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার ঘোষিত ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ব্যর্থ হওয়ার পর সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হন মহানগর বিএনপির নেতৃত্ব। এমনকি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় বৈঠকে মহানগর বিএনপির নেতৃত্বকে ভর্ৎসনা পর্যন্ত করেছিলেন। তা ছাড়া, মহানগর নেতৃত্বের কয়েকজন মূল নেতার মধ্যে অন্তর্দ্বন্দ্বও রয়েছে। এই সব মিলিয়ে যদি সাদেক হোসেন খোকা অব্যাহতি নেওয়ার কথা বলে থাকেন, তাহলে বিষয়টি ভিন্নভাবে দেখার দাবি রাখে।
নির্বাচনের আগে এবং এখনো বিএনপির প্রতি বেশ জনসমর্থন রয়েছে। তা সত্ত্বেও সরকারবিরোধী আন্দোলনে মানুষ দলে দলে রাস্তায় নেমে আসেনি কেন, তা নিয়ে বিএনপিকে ভাবতে হবে। আগে সব সময় দেখা গেছে, সরকারবিরোধী মনোভাব মানুষকে রাস্তায় টেনে এনেছে। এবার তার ব্যতিক্রম দেখা গেল। এটা শুধু নেতৃত্বের ব্যর্থতা বলে ব্যাখ্যা করলে ভুল হবে।
অনেক সময় অবাস্তব কর্মসূচির কারণেও জনসমর্থন নষ্ট হতে পারে। ক্ষোভ থাকা সত্ত্বেও অবিবেচনাপ্রসূত কর্মসূচির কারণে মানুষ গুটিয়ে যায়। গত বছরজুড়ে বিএনপির নেতৃত্বে পরিচালিত আন্দোলনের একপর্যায়ে পেট্রলবোমা, ককটেল, পুলিশ হত্যা, রেললাইন উপড়ে ফেলে নিরীহ যাত্রী হত্যার মতো উদ্বেগজনক ও হিংসাত্মক ঘটনা ঘটে। আগেও আন্দোলন হয়েছে। কিন্তু কখনো আন্দোলনের এমন বীভৎস রূপ দেখা যায়নি। গণ-আন্দোলনের চরিত্র কখনো মানুষ হত্যার আন্দোলনের রূপ নিতে পারে না।
নিকট-অতীতে বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত সরকারবিরোধী গণ-আন্দোলনেও অনেক বাড়াবাড়ি ছিল। কখনো বাসে আগুন দেওয়া হয়েছে। কে দিয়েছে, আওয়ামী লীগের কর্মীরা নাকি আন্দোলনে বিভ্রান্তি সৃষ্টিকারী উদ্দেশ্যপ্রণোদিত কোনো মহল, তা অনির্ধারিতই থেকে গেছে। তার পরও সাধারণভাবে দোষটা আন্দোলনকারী আওয়ামী লীগের ঘাড়েই পড়েছে। আন্দোলনে বিশৃঙ্খলা ঘটলে তার দায় নেতৃত্বের ওপরেই চেপে বসে।
কিন্তু ওই সময়ে পুলিশ হত্যার ঘটনা দেখা যায়নি। এটা এমনই এক ভয়াবহ ব্যাপার, যা সমাজের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের ভিত্তি নড়িয়ে দেয়। মানুষের মধ্যেও আতঙ্ক দেখা দেয়। ফলে গণ-আন্দোলন লক্ষ্যচ্যুত হয়।
সেদিক থেকে এবারের আন্দোলন ছিল সাধারণ মানুষের কাছে বেশ অপরিচিত। তাই বিএনপি যখন একটু চিন্তাভাবনার অবকাশ নিয়েছে, তখন সব দিক ভেবে দেখা উচিত। কোথাও ভুল থাকলে সংশোধন করা দরকার।
এখানেই বিপদ। ভুল স্বীকার করা বা সংশোধন করার সংস্কৃতি আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে বিরল। কিন্তু ভুল বুঝতে পারলে এবং তা স্বীকার করে সঠিক পথে অগ্রসর হতে পারলে সুফল পাওয়া যায়।
এখন বিএনপির মূল আলোচ্য বিষয় হতে হবে তাদের আন্দোলনের কৌশল-পর্যালোচনা। প্রচলিত ধারায় পরিবর্তন আনার দরকার আছে কি না। নতুন কিছু যোগ করার আছে কি না। সাধারণভাবে বলা যায়, হরতাল ডেকে বাস জ্বালিয়ে দেওয়ার আন্দোলন বাদ দেওয়াই ভালো। পুলিশ মারলে মানুষ ভয় পায়, কারণ পুলিশ ছাড়া নিরাপত্তা দেবে কে? তাই কোনো কোনো ক্ষেত্রে পুলিশের বাড়াবাড়িতে মানুষ ক্ষুব্ধ হলেও পুলিশের ওপর হামলা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে বলে কেউ মনে করে না।
বিএনপি অবশ্য বলবে পুলিশ মারার কোনো আন্দোলনের কর্মসূচি তারা নেয় না, নেবেও না। এটা সত্য। ঘোষিত কর্মসূচি সে রকম হতে পারে না। কিন্তু আন্দোলনের মেজাজমর্জির সুযোগ নিয়ে সুযোগসন্ধানীরা যদি ওই সব হিংসাত্মক পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে তাদের ব্যাপারে সতর্ক হতে হবে। খুঁজে বের করতে হবে ওই সব চক্রান্তকারী কে? কীভাবে তারা বিএনপির কর্মসূচি ছিনতাই করে বিপথে নিয়ে যেতে পারে? শুধু ঢালাওভাবে সরকারের কারসাজির অভিযোগ বিশ্বাসযোগ্য হবে না। সব গণ-আন্দোলনেই প্ররোচকদের ইন্ধন একটি সমস্যা। তারা ভুল পথে আন্দোলনকে নিয়ে যেতে চায়। কিন্তু আন্দোলনের বাস্তবভিত্তিক কৌশল গ্রহণ করা হলে এবং নেতৃত্বের তরফ থেকে সদা সতর্কতা অবলম্বন করা হলে এসব সমস্যা কাটিয়ে ওঠা যায়।
মানুষকে বিশ্বাস করানো কঠিন যে সরকারের ছদ্মবেশধারী লোকজনই পেট্রলবোমা মারে, রেললাইন উপড়ে ফেলে বা পুলিশ হত্যা করে। দোষারোপের চেষ্টা বিএনপি কম করেনি। কিন্তু সত্য হলো, মানুষকে সক্রিয় আন্দোলনের ভূমিকায় আনতে পারেনি। এখান থেকে শিক্ষা নিয়ে এখন বিএনপিকে আত্মসমালোচনা করে ভবিষ্যৎ আন্দোলনের সঠিক পথ বেছে নিতে হবে।
আধুনিক মালয়েশিয়ার স্বপ্নদ্রষ্টা ও রূপকার মাহাথির মোহাম্মদ বাংলাদেশে হিংসাত্মক রাজনীতির পথ পরিহার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কথা বলে গেছেন। এ কথার তাৎপর্য সবাইকে উপলব্ধি করতে হবে। বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনা। মার্কিন রাষ্ট্রদূত তো বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের কথা হরদম বলে চলেছেন। এখন রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে পারলে হয়তো দেশের সুদিন ফিরবে।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]