বিএনপির নির্বাচন বর্জন প্রশ্ন: মিজানুর রহমান খানের প্রতিক্রিয়া ও আমার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনই হাসিখুশি থাকুক সবাই সারা বছর। ঈদের দিন তোলা ছবি। ছবি: ইউসুফ সা’দ
এমনই হাসিখুশি থাকুক সবাই সারা বছর। ঈদের দিন তোলা ছবি। ছবি: ইউসুফ সা’দ

মিজানুর রহমান খানের সঙ্গে আমার আসলে কোনো মতপার্থক্য নেই, ঝগড়াও নেই। আমি যা চাই, সম্ভবত মিজানুর রহমান খানও তা-ই চান, হয়তো দেশের বেশির ভাগ মানুষই তা-ই চাইবেন।

সেগুলো একে একে বলি, তাহলে সবার সুবিধা হবে:
১. দেশে শান্তি থাকুক, শান্তি আসুক, একটা মানুষেরও যেন জানমালের ক্ষতি না হয়, একজন মানুষও যেন হতাহত না হন।

২. যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, তাতে সবাই অংশগ্রহণ করুক। সেই নির্বাচন হোক শান্তিপূর্ণ। আনন্দমুখর পরিবেশে।

৩. সেই নির্বাচনের ফল হোক জনমতের প্রকৃত প্রতিফলন। লেভেল প্লেয়িং ফিল্ডেই যেন নির্বাচনটা হয়।

প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ আদৌ চায় কি না, বিএনপি নির্বাচনে অংশ নিক। আমাদের আশঙ্কা, আওয়ামী লীগ চাইছে যেন বিএনপি এই নির্বাচনে অংশ না নেয়।

আমার মত হলো, বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করুক। এবং এখন পর্যন্ত জনমত জরিপের যা অবস্থা, তাতে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা আছে। আমার যুক্তি হলো, আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে অংশ নিক, তাহলে তার সেই চাওয়া পূরণ করার কাজটা কেন বিএনপি করে দেবে?

মিজানুর রহমান খানের মত হলো, বিএনপি তার কর্মসূচি শান্তিপূর্ণ রাখুক। এরপর বাধ্য হলে, নির্বাচন শান্তিপূর্ণভাবে বর্জন করুক। কারণ বিএনপিকে ছাড়া নির্বাচন আসলে দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে না। 

এ প্রেক্ষাপটে আমার মত হলো, তাতে দেশে দ্বন্দ্ব-সংঘাত থেকে যাবে, সেটা ভালো নয়। একটা অগ্রহণযোগ্য নির্বাচন পর্যন্ত সমস্যাটাকে নিয়ে যাওয়ার দরকার কী! কাজেই আমি চাই, সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু হোক। ঈদের এই অবকাশে দুই দলই আলোচনার কথা কিন্তু আকারে ইঙ্গিতে বলছে। সেই আলোচনাটা শুরু করার দায়িত্ব আসলে সরকারের। সরকারের উচিত সমঝোতার পথ তৈরি করা।

শেখ হাসিনা বলেছেন, তিনি সংবিধান থেকে এক চুল নড়বেন না। তো আমি বলতে চাইছি, তাঁকে সংবিধান থেকে নড়তে হবে না। সংবিধানের ভেতরে থেকেই সমঝোতার অবকাশ আছে। যেটার একটা উদাহরণ আমি দিয়েছি। আওয়ামী লীগের পাঁচজন, বিএনপির পাঁচজন সাংসদকে মন্ত্রী করে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা যায়। সমস্যা হলো, এর প্রধান কে হবেন? সেটা নিয়ে বিএনপি, আওয়ামী লীগ ও যে তৃতীয় কোনো মধ্যস্থতাকারী আলাপ করে দেখতে পারে। আমরা যদি সময় থাকতেই সমঝোতা দেখতে পাই, সময় থাকতেই যদি বিএনপিকে নির্বাচনে আনার মতো পরিবেশ তৈরি হয়, তাহলে তো আর নির্বাচন বর্জন পর্যন্ত যাওয়ার দরকার পড়বে না।

আমি মনে করি, সময় এখনো শেষ হয়ে যায়নি। তবে সরকার যদি বিএনপিকে নির্বাচনে আনার জন্য কোনোই ছাড় না দেয়, তাহলে তো আন্দোলন তীব্র করা ছাড়া বিএনপির সামনে পথ থাকবে না। সে ক্ষেত্রে মিজানুর রহমান খানের পরামর্শ তো ভালোই, আন্দোলন যেন শান্তিপূর্ণ থাকে। আর বিএনপির বর্জন শেষতক আওয়ামী লীগকে বিপদেই ফেলবে।

তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আগামীকালের মধ্যেই সরকারের তরফ থেকে কি সমঝোতার উদ্যোগ নেওয়া যায় না? অন্তত আলোচনা শুরু করা যায় না?

আবারও সবাইকে মনে করিয়ে দিতে চাই, মানুষ ভাবে এক, আর হয় আরেক। সবকিছু সাজানো ছক অনুযায়ী হবে, তা না-ও হতে পারে। আর অন্যের জন্য যে কুয়া খোঁড়ে, শেষ পর্যন্ত সেই কুয়ায় নিজেই পড়ে।

আমার মনে হয়, আওয়ামী লীগের উচিত সমঝোতার চেষ্টা করা।

আর বিএনপির উচিত, ন্যূনতম একটা পরিবেশ তৈরি হলেই নির্বাচনে অংশগ্রহণ করা।

১৯৫৪ সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ হেরেছিল, ১৯৭০-এর নির্বাচনে ইয়াহিয়া খান ভাবতেও পারেননি আওয়ামী লীগ এই রকমভাবে জিতে যাবে। মোটামুটি রকমের নির্বাচন হলেই এবার বিএনপির জেতার সম্ভাবনা আছে। সেই সুযোগটা বিএনপির নেওয়া উচিত। তবে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার উদ্যোগ ও সমঝোতার সূত্রপাত সরকারকেই করতে হবে। তাতে নানা লেনদেন হতে পারে, দুপক্ষকেই ছাড় দেওয়ার মনোভাব নিয়েই এগোতে হবে।

আমরা সবাই চাই গণতন্ত্র অব্যাহত থাকুক। নির্বাচন মানেই গণতন্ত্র নয়, তবে নির্বাচনে জনমতের প্রতিফলন হতে না দিলে সেই ন্যূনতম গণতন্ত্রটুকুই অবশিষ্ট থাকে না।

আর যা-ই হোক, দেশে শান্তি যেন বজায় থাকে।

এ বিষয়ে আনিসুল হক ও মিজানুর রহমান খানের আগের তিনটি লেখা