বিএনপির ভেতরে আরেক বিএনপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ আগস্ট নিজের জন্মদিনে কেক কাটছেন খালেদা জিয়া
১৫ আগস্ট নিজের জন্মদিনে কেক কাটছেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সাম্প্রতিক বৈঠকটি নিছক রুটিন বৈঠক ছিল না। রাষ্ট্রদূতেরা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করার আগে গণমাধ্যমে খবর হয় না। এবার হয়েছিল। এই বৈঠকে বিএনপির নেতা মার্কিন রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিবদমান সমস্যাগুলোর সমাধানে তাঁরা উদ্যোগ নেবেন। সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদকে কঠোর হাতে দমন করবেন। একই সঙ্গে তিনি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় বিএনপির রূপকল্প ও অগ্রাধিকার খাতগুলো সম্পর্কেও মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেছেন। ড্যান মজীনার ভাষায়, ‘বিএনপি চেয়ারপারসন তাঁর ভিশন (রূপকল্প) সম্পর্কে শেয়ার করেছেন।’
খালেদা জিয়া মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করেছেন, তা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গত সাড়ে চার বছরে তিনি এসব বিষয়ে জনগণের কাছে কিছু বলেছেন বলে মনে পড়ে না। বিএনপির নেতা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কেবল দ্বিপক্ষীয় বিষয়ে কথা বলেননি, কথা বলেছেন বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও। ভারতের হয়ে রাষ্ট্রদূত ওকালতি করেছেন, না ভারতকে আশ্বস্ত করতে বিএনপির নেতা তাঁকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়েছেন, বিষয়টি পরিষ্কার নয়।
ড্যান মজীনার উদ্বেগ ছিল আগামী নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী পক্ষের তীব্র বিরোধের প্রেক্ষাপটে সম্ভাব্য হরতাল-সংঘাত নিয়ে। তিনি জানান, যুক্তরাষ্ট্র হরতালের বিপক্ষে এবং তারা চায় সংলাপের মাধ্যমেই বাংলাদেশের সমস্যার সমাধান হোক। জবাবে বিএনপির নেতা বলেছেন, সংলাপে বসতে তাঁদের আপত্তি নেই। সরকার তাঁদের দাবি মেনে নিলে হরতালেরও প্রয়োজন হবে না।
সংলাপ নিয়ে দুই পক্ষই কথা বলছে। কিন্তু কেউ এগিয়ে আসছে না। পরস্পরের প্রতি দোষ চাপানো হচ্ছে। ড্যান মজীনার বৈঠকের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, বিরোধী দলের সঙ্গে সংলাপ হতে পারে। তবে সেই উদ্যোগ তাঁর দল নেবে না। চাইলে মার্কিন রাষ্ট্রদূতও নিতে পারেন।
এই হলো আমাদের মহাবিজ্ঞ রাজনীতিকদের বিচক্ষণতার নজির। দেশের সমস্যা তাঁরা সমাধান করতে চান না, পারেন না। তাঁরা চান অন্য কেউ এসে সমস্যার সমাধান করবেন। এ জন্য এক পক্ষ বিদেশি দূতের কাছে ভবিষ্যৎ সরকারের রূপকল্প ব্যাখ্যা করে, অন্য পক্ষ বিদেশি দূতকে আলোচনার উদ্যোগ নিতে বলে। একে রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া কী বলা যায়?
খালেদা জিয়ার সঙ্গে ড্যান মজীনার বৈঠকের খবরটি যুগপৎ কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করেছে। উদ্বেগের কারণ হলো, বাংলাদেশের রাজনীতিকেরা নিজেদের সমস্যার সমাধান নিজেরা না করে বিদেশি ব্যক্তিদের কাছে ধরনা দিচ্ছেন। দ্বিতীয়ত, বিএনপির নেতা দেশের ১৫ কোটি মানুষকে পাশ কাটিয়ে তাঁর সম্ভাব্য সরকারের রূপকল্প ব্যাখ্যা করলেন মার্কিন রাষ্ট্রদূতের কাছে। এর আগে তিনি নতুন ধারার রাজনীতি চালু করার কথা বলেছিলেন। আমাদের রাজনীতিকেরা আর কিছু না পারুন, ভোটের আগে জনগণকে কথার মায়াজালে জড়াতে বেশ দক্ষ। প্রতিটি নির্বাচনের আগে আমরা নতুন স্লোগান শুনি। যেমন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, দিনবদলের সনদ ইত্যাদি ইত্যাদি।
খালেদা জিয়ার নতুন ধারার রাজনীতি কেমন হতে পারে, সে সম্পর্কে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলেছি। তাঁরা কেউই নতুন ধারার রাজনীতি সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেননি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে এসব নিয়ে আলোচনাও হয়নি। তাহলে এসব রূপকল্প ও নতুন ধারা কোত্থেকে এল? তাহলে কি বিএনপির ভেতরে আরেকটি বিএনপি আছে? যেই বিএনপি কাউকে না জানিয়ে ওয়াশিংটন টাইমস-এ দলের চেয়ারপারসনের নামে চিঠি লিখে জিএসপি-সুবিধা বাতিল করতে বলে; যেই বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষ দলের একজন নেতার তথ্য জোগাড় করতে মার্কিন গোয়েন্দা সংস্থাকে উৎকোচ দিতে গিয়ে ধরা পড়ে; যেই বিএনপি দলীয় চেয়ারপারসনকে ১৫ আগস্টে সাড়ম্বরে জন্মদিন উদ্যাপনের পরামর্শ দেয়, যেই বিএনপি নির্বাচনী বৈতরণী পার হতে হেফাজতের ১৩ দফার প্রতি অন্ধ সমর্থন জানায়।
পত্রিকান্তরে প্রকাশিত খবর অনুযায়ী, খালেদা জিয়া দেশ ও সরকার পরিচালনায় দলের বাইরের বিশিষ্ট ব্যক্তিদের বুদ্ধি-পরামর্শ নেওয়ার জন্য দ্বিকক্ষবিশিষ্ট সংসদ করার চিন্তা করছেন। কিন্তু সে সম্পর্কেও দলের কোনো ফোরামে আলোচনা হয়নি। দলের একজন দায়িত্বশীল নেতা বলেছেন, যাঁরা বিএনপিকে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের দিকে ঠেলে দিয়ে পরিস্থিতি খানিকটা ঘোলা করে ফেলেছিলেন, তাঁদেরই কেউ কেউ দ্বিকক্ষের আওয়াজ তুলছেন। তাত্ত্বিকভাবে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হলে দোষের কিছু নেই। প্রতিবেশী ভারত ও পাকিস্তানেও দ্বিকক্ষ আছে। প্রশ্ন হলো, কাদের নিয়ে উচ্চকক্ষটি হবে? আওয়ামী লীগের আমলে আওয়ামী-সমর্থক লেখক, বুদ্ধিজীবী ও পেশাজীবী আর বিএনপি-সমর্থক লেখক, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের নিয়ে? সেই উচ্চকক্ষের চেহারা তো হাসিনা-খালেদার ইফতার পার্টি কিংবা ঈদের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান থেকে ভিন্ন হবে না।
খালেদা জিয়ার মুখে নতুন ধারার রাজনীতি ও সরকারের কথা শুনে অনেকেই আশা করেছিলেন, এবারের ১৫ আগস্ট তিনি শোক পালন না করলেও ঘটা করে জন্মদিন উদ্যাপন করবেন না। আমরা মেনে নিচ্ছি, সরকারি নথিতে যা-ই থাকুক, ১৫ আগস্টই খালেদা জিয়ার জন্মদিন। কারও জন্মদিন পরিবর্তন করা যায় না, এ কথাও স্বীকার করছি। কিন্তু যেই দিনটিতে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতিকে নির্মমভাবে হত্যা করা হয়, যেই দিনটি এখন রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালিত হয়, সেই দিনটিতে আড়ম্বর জন্মদিন উদ্যাপন করা কতটা শোভন, সেই বিচারের ভার বিএনপির নেত্রীর কাছেই রাখলাম। এখানে রাজনীতির চেয়েও রুচির প্রশ্নটি বড়।
এ বিষয়ে আমরা অন্য দলের উদাহরণ টানতে চাই না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইনজীবী মওদুদ আহমদের মন্তব্যটি এখানে তুলে ধরছি। কারাগারে কেমন ছিলাম ২০০৭-২০০৮ বইয়ে ১৫ আগস্ট ২০০৮ সালের ডায়েরিতে তিনি লেখেন, ‘বিতর্কিত একটি জন্মদিন হিসেবে বেগম জিয়ার ৬৩তম জন্মদিন। সঠিক হলেও আমি হলে আমার জন্মদিন বোধ হয় এক দিন আগে বা এক দিন পরে পালন করতাম ও শেখ মুজিব হত্যা দিবসের প্রতি শ্রদ্ধা জানাতাম। এটি রুচিবোধের বিষয়। বেগম জিয়া তা করলে তিনি সকল শ্রেণীর জনগণের কাছ থেকে আরও বেশি শ্রদ্ধা অর্জন করতে পারতেন। তাঁর এই উদারতা তাঁকে আরও বেশি মহান করত (পৃষ্ঠা: ৩২৪-২৫)
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। বিশ্বের অন্যান্য দেশে ভারতের মিশনগুলো নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদ্যাপন করলেও বাংলাদেশে সেটি করা হয় না দেশটির স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। যে সম্মান বিদেশিরা দিতে পারেন, সেই সম্মান দেশের অন্যতম প্রধান দলের প্রধান নেতা দেবেন না কেন?
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মত ও পথের দ্বন্দ্ব থাকবে। কিন্তু ন্যূনতম সৌজন্য ও শ্রদ্ধাবোধ না থাকলে কেবল গণতন্ত্র নয়, দেশের অস্তিত্বও সংকটে পড়তে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। ধরে নিলাম, বিএনপি শোকে যোগ দিল না; কিন্তু সেই দিনটিতে ঘটা করে জন্মদিন উদ্যাপন করতে হবে কেন? আমরা সবকিছু যদি সংকীর্ণ দলীয় দৃষ্টির ঊর্ধ্বে থেকে দেখতে পারতাম, তাহলে অনেক সমস্যার সমাধানই সহজ হতো। দুই প্রধান দলে যেমন সমঝোতাকামী নেতা আছেন, তেমনি এমন পারিষদও আছেন, যাঁরা এক নেত্রীকে অন্যের বিরুদ্ধে উসকানি দেন; নিজেদের গদি ও পদ রক্ষার স্বার্থেই। এই পারিষদবর্গ এবং অতীতের বৈরী মনস্তাত্ত্বিক বৃত্ত থেকে শেখ হাসিনা ও খালেদা জিয়া বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশের কপালে আরও অনেক দুঃখ আছে।
আগের দিন রাত ১২টা এক মিনিটে খালেদা জিয়া জন্মদিনের কেক কাটেননি বলে আমরা আশ্বস্ত হয়েছিলাম, এবার তিনি হয়তো রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেবেন। বৃহস্পতিবার সকালে বিষয়টি সম্পর্কে সাংবাদিকেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করলে তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে জবাব দিয়েছিলেন, ‘দিনের এখনো অনেক সময় বাকি, দেখুন না কী হয়।’ সত্যিই দিনের বাকি সময়ে অনেক কিছুই ঘটে গেল। খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে রাত নয়টায় বিশাল কেক কেটে জন্মদিন উদ্যাপন করলেন। তার আগে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন কেন্দ্রীয় নেতারা। আর চট্টগ্রামে এই কেক কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ হাতাহাতি করল এবং এক পক্ষ অপর পক্ষের গাড়িতে আগুন জ্বালাল।
তাই বলব, যেই নেতারা ১৫ আগস্ট খালেদা জিয়াকে সাড়ম্বরে জন্মদিন উদ্যাপনের পরামর্শ দিয়েছেন, তাঁরা কাজটি ঠিক করেননি। বৃহস্পতিবার অন্তত দুটি টেলিভিশন চ্যানেলে আলোচনায় বিএনপির দুজন নেতা বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের কারাগার থেকে বের করে এনে সমগ্র জাতির মধ্যে ছড়িয়ে দিতে বললেন। দলমতের ঊর্ধ্বে উঠে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো জাতির কর্তব্য বলেও তাঁরা মন্তব্য করলেন। কিন্তু তাঁরা কেউই বললেন না, এই দিনে বিএনপির নেতার জন্মদিন উদ্যাপন করা ঠিক হয়নি। অর্থাৎ খালেদা জিয়া রাজনীতিতে যে নতুন ধারা তৈরির কথা বলছেন, তার আলামত দেখলাম না। নির্বাচন যতই ঘনিয়ে আসবে, দুই পক্ষের কাদা-ছোড়াছুড়িতে জীবিত নেতাদের পাশাপাশি মৃতরাও লক্ষ্যবস্তু হবেন, সে কথা নিশ্চিত বলা যায়।
খালেদা জিয়া যে এবারই প্রথম বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ব্যর্থ হলেন, তা-ই নয়। আমাদের মনে আছে, তাঁর প্রথম সরকারের আমলে ১৯৯১ সালের ১৫ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান করার সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। সম্ভাব্য অতিথিদের আমন্ত্রণ জানানো এবং অনুষ্ঠানের সেট তৈরির কাজও শেষ হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে অজ্ঞাত কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়।
সেদিন ভেতরে ও বাইরের যে অংশটি এ কাজটি করেছিল, তারা আজও সক্রিয় আছে। বিএনপির ভেতরে তারা আরেকটি বিএনপি তৈরি করেছে। বিএনপির হঠাৎ দরদিরা শাহবাগের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের নাস্তিক-মুরতাদ বলে অভিহিত করছেন, শাপলা চত্বরের হেফাজতিদের পাশে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটির পোড় খাওয়া নেতা-কর্মীরা নিশ্চয়ই বিব্রতবোধ করছেন।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]