বিএনপির সভায় বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এ মুহূর্তে সামরিক শাসন কিংবা জরুরি আইন বলবৎ নেই। ক্ষমতাসীন সরকার নিজেকে নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকার বলে দাবি করে। তাহলে গত বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত সভাটি করতে দেওয়া হলো না কী যুক্তিতে?
কোনো যথার্থ যুক্তিই খুঁজে পাওয়া যায় না। পুলিশ ‘সভার অনুমতি নেই’ বলে বিএনপির কর্মীদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের দরজায় তালা লাগিয়েছে এবং বাইরের কলাপসিবল গেট বন্ধ করে দিয়েছে—বিএনপির এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে পুলিশের এটা মস্ত বড় জবরদস্তি। কারণ, এ ধরনের ঘরোয়া সভার জন্য পুলিশের অনুমতি নেওয়ার বিধান নেই। তবু বিএনপি এই সভার বিষয়ে পুলিশ কর্তৃপক্ষকে আগেই অবহিত করেছিল। সভা অনুষ্ঠান বিষয়ে পুলিশ কমিশনারের কার্যালয়ের সিল ও স্বাক্ষরযুক্ত আবেদনপত্র বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পুলিশ কর্মকর্তাদের দেখিয়েছেনও।
আর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ নিজেই সভার অনুমতি বাতিল করে নিজেরাই তালা লাগিয়েছে—পুলিশের এ বক্তব্য যদি সত্য হয়, তাহলে সেটা পুলিশের আগে জানার কথা সভার আয়োজকদের। কেননা, এটা বিএনপি ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মধ্যকার বিষয়, পুলিশের বা সরকারের নয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ ধরনের ঘরোয়া সভা প্রায়ই হয়ে থাকে বলেই তারা বিএনপিকে বৃহস্পতিবারের সভাটি করার জন্য মিলনায়তনের ভাড়া গ্রহণ করেছিল। পুলিশ যদি তাদের চাপ দিয়ে থাকে এবং সে কারণে তারা যদি সভার অনুমতি বাতিল করে থাকে, তাহলে সেটা সময় থাকতে অবশ্যই বিএনপিকে জানানো তাদের কর্তব্য ছিল এবং অনুমতি বাতিলের ব্যাখ্যাও তাদের দিতে হতো।
গুম কিংবা অপহৃত হয়ে নিখোঁজ রয়েছেন—বিএনপির এমন ২২ জন নেতা-কর্মীর পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার আয়োজিত দলটির ওই ঘরোয়া সভাটি কিন্তু সরকার শেষ পর্যন্ত বন্ধ করতে পারেনি। বিএনপির চেয়ারপারনের গুলশানের কার্যালয়ে সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে খালেদা জিয়া তাঁর বলার কথাগুলো বলেছেন। তাহলে এই সভাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে করতে দিলে সরকারের কী এমন ক্ষতি হতো? এই জিজ্ঞাসার পাশাপাশি নীতিনির্ধারকদের ভেবে দেখা উচিত, সভাটি করতে না দেওয়ার ফলেই বরং সরকারের ভাবমূর্তি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরোধী দলের নেতা-কর্মীরা গুম-খুন-নিখোঁজ হয়ে যাচ্ছেন, তাঁদের উদ্ধার করা দূরে থাক, সরকার তাঁদের স্বজনদের কথা পর্যন্ত বলতে দিতে চায় না—এ রকমই তো হবে সাধারণ প্রতিক্রিয়া।
সভা-সমাবেশ-মিছিলসহ নিয়মতান্ত্রিক উপায়ে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার বাংলাদেশের সব রাজনৈতিক দলের সংবিধান প্রদত্ত মৌলিক রাজনৈতিক অধিকার। সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর এসব অধিকার খর্ব করছে জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলার অজুহাতে। কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে বিএনপি একান্তই ঘরোয়া যে সভাটি করতে চেয়েছিল, তাতে বাধা দিয়ে সরকার চরম অসহিষ্ণু ও স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছে। এ ধরনের নজির রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত ক্ষতিকর, যে ক্ষতির শিকার হতে হয় প্রতিটি রাজনৈতিক দলকেই।