সদ্য নবম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় আমরা আইনের স্নাতক এবং স্নাতকধারীরা একই সঙ্গে হতাশ ও বিস্মিত৷ কারণ, এত কমসংখ্যক বিচারক নিয়োগের প্রজ্ঞাপন এর আগে কখনো প্রকাশ করা হয়নি৷ যেখানে উচ্চ আদালত ও নিম্ন আদালতের বিচারক নিয়োগের চাহিদা দিন দিন বেড়ে চলছে, সেখানে এত কম পদসংখ্যার বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়াটা সিত্য অযৌক্তিক ও অনভিপ্রেত৷
মানুষের ন্যায়বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ৷ মানুষের এই ন্যায়বিচার যদি বিচারকস্বল্পতা ও বিচারিক কার্যক্রমের কারণে ভূলুণ্ঠিত হয়, তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ থেকে যায়৷ বর্তমানে উচ্চ আদালত ও নিম্ন আদালতে যে অগণিত মামলার বিচারিক কার্যক্রম শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে, তার জন্য বিচারকস্বল্পতা, আইনজীবীদের সদিচ্ছার অভাব এবং মামলার তদন্তের গড়িমসি অনেকাংশে দায়ী৷ যদিও এ ধরনের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়, তার পরও পর্যাপ্ত বিচারক নিয়োগ পাহাড়সম এই মামলার জট কিছুটা হলেও প্রশমনে ভূমিকা রাখতে পারে৷ বর্তমানে নিম্ন আদালতে প্রায় দুই হাজার ৭০০ জন বিচারক নিয়োজিত আছেন, যা অপেক্ষমাণ মামলার তুলনায় খুবই অপ্রতুল এবং অপর্যাপ্ত৷
সম্প্রতি সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে আইন ও সংসদবিষয়ক সংসদীয় কমিটি উচ্চ ও নিম্ন আদালতের মামলার জট নিরসনের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে, যা বাস্তবসম্মত ও প্রয়োগযোগ্য৷ তাদের সুপারিশমালার মধ্যে প্রধান সুপািরশ হচ্ছে বিচারকদের পদসংখ্যা তিন গুণ করা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি করা৷ কিন্তু জুডিশিয়াল সার্ভিস কমিশন বিচারক নিয়োগের যে প্রজ্ঞাপন দিয়েছে, তা বাস্তবতাবিবর্জিত এবং ওই সুপারিশমালার পরিপন্থী৷ আশা করি, আইন মন্ত্রণালয় ও জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রকাশিত প্রজ্ঞাপনে বিচারক নিয়োগের পদসংখ্যা সংশোধন করে পদসংখ্যা বৃদ্ধি করে আবার প্রজ্ঞাপন দেওয়ার বিষয়টি বিশেষ বিবেচনায় নেবে৷
রাফিউল ইসলাম
আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা৷