১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার শুরু হয়েছিল ২০০৮ সালে স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর। ২০১৩ সাল পর্যন্ত অভিযুক্তদের বিচার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছিল। যদিও দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বাধা-বিপত্তি সত্ত্বেও বিচার বিভাগ দৃঢ়তার সঙ্গে মামলার কার্যক্রম চালিয়ে গেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী গঠিত দুটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতিরা এ পর্যন্ত নয়টি মামলার রায় প্রদান করেছেন। তার মধ্যে কিছু মামলার রায় কার্যকর হয়েছে, বেশির ভাগ মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে। এই বিচার কার্যক্রমে ১৬ কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণের একটি মাইলফলক স্থাপিত হয়েছে নিঃসন্দেহে।
কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পুনরায় আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর প্রায় তিন মাস অতিক্রান্ত হতে চলল। বিচার কার্যক্রমের গতি-প্রক্রিয়া দেখে দেশবাসী হতাশ। কী কারণে মামলাগুলোর প্রক্রিয়া স্থবির হয়ে আছে অথবা ধীর গতিতে চলছে, তা দেশবাসী জানতে চায়। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিচারাধীন আসামিদের বিচার দ্রুত সম্পন্ন করা হোক, যা এখন জনগণের দাবি।
অতএব, দেশবাসীর আকাঙ্ক্ষা, একাত্তর সালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার কার্যক্রম দ্রুত শেষ করে শাস্তি বাস্তবায়ন করা হোক। তা ছাড়া জাতীয় চার নেতার হত্যার বিচারও দ্রুত শেষ করে অভিযুক্তদের শাস্তি দেওয়া হোক। বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষে সরকারের কাছে দেশবাসীর এটাই প্রত্যাশা।
মাহতাব আলী
মিরপুর, ঢাকা।