মানুষের জীবনে কখনো এমন সময় আসতে পারে, যখন বেঁচে থাকাটাকে অর্থহীন মনে হতে পারে। জীবনকে মনে হয় নিকষ কালো এক টানেল মাত্র, যেখানে কোনো আশা নেই, আনন্দ নেই। অথবা কখনো জীবনের নানা জটিলতা এমনভাবে আমাদের চেপে ধরে যে, সামনের সময়গুলো ভেবে আমরা আতঙ্কগ্রস্ত হই। এ রকম কিছু কঠিন সময় অনেকে মৃত্যুকে সবচেয়ে সহজ সমাধান ভেবে আত্মহত্যার মতো বিধ্বংসী সিদ্ধান্ত নেয় । সম্মিলিতভাবে কিছু উদ্যোগ পারে আত্মহত্যাকে রোধ করতে ।
‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন’ প্রতিবছরের ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ পালন করে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য হলো ‘ওয়ার্কিং টুগেদার টু প্রিভেন্ট সুইসাইড’ অর্থাৎ ‘আত্মহত্যা প্রতিরোধে কাজ করি একসঙ্গে’। জিনগত বৈশিষ্ট্যের কারণেই যেকোনো পরিবেশ, সেটা যত প্রতিকূলই হোক না কেন, বেঁচে থাকার প্রবণতা মানুষের জন্মগত। তাই যত পীড়নই আসুক না কেন, সেটা মোকাবিলা করে মানুষ বেঁচে থাকতে চায়। এমনকি সন্তানের মৃত্যুর শোকও আমরা সামলে নিয়ে জীবনকে সামনে এগিয়ে নিই। সুতরাং ব্যক্তি যতই দুঃসহ অবস্থার মধ্য দিয়ে যাক না কেন, আত্মহত্যা কোনো অবস্থাতেই কোনো ধরনের পরিস্থিতির স্বাভাবিক প্রতিক্রিয়া নয়।
গবেষণায় দেখা গেছে, আত্মহত্যাকারীদের এক বিরাট অংশ কোনো না-কোনো মানসিক সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব (৫০%), বিষণ্নতা রোগ (৬%), মাদকাসক্তি (বিশেষত অ্যালকোহল) (৭%) ও অন্যান্য জটিল মানসিক রোগ (সিজোফ্রেনিয়া) অন্যতম। এ ছাড়া সমস্যা মোকাবিলায় অদক্ষতা, হীনম্মন্যতা, সামাজিকভাবে বিচ্ছিন্ন ব্যক্তিদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ৮ লাখ মানুষ আত্মহত্যা করে। বিশ্বে এই হার ৭০ বছরের ওপরের ব্যক্তিদের সবচেয়ে বেশি, যদিও বাংলাদেশসহ কিছু দেশে কম বয়সী ব্যক্তিদের মধ্যে এই হার বেশি। বাংলাদেশে এক গবেষণা অনুযায়ী, প্রতিবছর ১ লাখ ৩৯ দশমিক ৬ জন আত্মহত্যা করে। বিশ্বব্যাপী ছেলেদের মধ্যে আত্মহত্যার হার প্রায় তিন গুণ বেশি হলেও বাংলাদেশে এই হার নারীদের মধ্যে বেশি এবং কম বয়সী মেয়েদের মধ্যে এ হার সবচেয়ে বেশি। গবেষণায় আরও দেখা যায়, স্বল্পশিক্ষা, দারিদ্র্য, দাম্পত্য কলহ আত্মহত্যার সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া অন্য একটি গবেষণা অনুযায়ী প্রেম-সম্পর্কিত জটিলতা, আর্থিক অনটন, দীর্ঘস্থায়ী রোগ, পারিবারিক দ্বন্দ্ব আত্মহত্যার পেছনের অন্যতম কারণ।
আত্মহত্যা মানুষ কেন করে, সেই প্রশ্নের উত্তরে কোনো একক কারণকে দায়ী করা যায় না। বরং বলা যায়, ব্যক্তির জিনগত বৈশিষ্ট্য, মানসিক অবস্থা, সাংস্কৃতিক ও আর্থসামাজিক পরিবেশ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ বিষয়ের জটিল মিথস্ক্রিয়া এর জন্য দায়ী। সমাজবিজ্ঞানী এমিল ডুরহিমের মতে, মানুষ যখন অন্যদের সঙ্গে একাত্মতা বোধ না করে বা সমাজ থেকে বিচ্ছিন্ন বোধ করে—সেই বিচ্ছিন্নতা আত্মহত্যার অন্যতম ঝুঁকি।
গণমাধ্যমে আত্মহত্যার খবর
অন্যের আত্মহত্যার খবর অনেক সময় নাজুক মানসিক অবস্থার ব্যক্তিদের আত্মহত্যায় উৎসাহিত করে। গবেষণায় দেখা গেছে, সেলিব্রিটি, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আত্মহত্যা, জনপ্রিয় কোনো টিভি নাটক, সিনেমায় এ ধরনের ঘটনা দেখানোর পর আত্মহত্যার হার অনেক বেড়ে যায়। এ ধরনের খবর গণমাধ্যমে কীভাবে, কতটা বিস্তারিতভাবে প্রচারিত হচ্ছে—সে সবের ওপর আত্মহত্যার হার বেড়ে যাওয়াবা কমে যাওয়া নির্ভর করে।
আত্মহত্যা নিয়ে কিছু ভুল ধারণা
পৃথিবীর সবখানেই আত্মহত্যা নিয়ে কিছু মিথ বা ভুল ধারণা রয়েছে। যেমন মনে করা হয়, ‘যারা মুখে আত্মহত্যার কথা বলে বা হুমকি দেয়, তারা শুধু অন্যের মনোযোগ আকর্ষণ করতে চায়, তারা কখনোই আত্মহত্যা করে না’; ‘একবার আত্মহত্যা করতে গিয়ে বেঁচে যাওয়া ব্যক্তি এর পুনরাবৃত্তি করবে না’; ‘আত্মহত্যা নিয়ে কথা বলা উচিত না, কারণ সেটা আত্মহত্যাকে উসকে দেয়’; ‘যারা আত্মহত্যা করে ফেলে তারা কোনোভাবেই আগে অন্যকে জানায় না বা এর কোনো সতর্কসংকেত দেয় না’। কিন্তু সঠিক তথ্য হলো, যারা আত্মহত্যা করেছে, তাদের মধ্যে দুই-তৃতীয়াংশ ব্যক্তি অন্যের কাছে সুস্পষ্টভাবে তাদের আত্মহত্যার ইচ্ছা ব্যক্ত করেছে। ৪০ থেকে ৬০ শতাংশ আত্মহত্যাকারী আত্মহননের আগেও চেষ্টা করেছে এবং ছয়জনের মধ্যে একজন এক বছরের মধ্যে পুনরায় চেষ্টা করে। আত্মহত্যা নিয়ে কথা বললে এটাকে উসকে দেওয়া হয় না, বরং এ নিয়ে কথা বললে আত্মহত্যাপ্রবণ ব্যক্তির কষ্ট কিছুটা লাঘব হয় এবং সে এই সাহায্যের হাত ধরতে চায়। বেশির ভাগ ক্ষেত্রে আত্মহননকারী ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নানা রকম সতর্কসংকেত দেয়।
আত্মহত্যা প্রতিরোধে পদক্ষেপ
প্রতিটা আত্মহত্যার পেছনে কাজ করে নানামুখী বিষয়ের সমন্বয়ে এক জটিল অবস্থা। এই নানামুখী অবস্থা সমাধানের আওতায় আনাই আত্মহত্যা প্রতিরোধের অন্যতম চ্যালেঞ্জ। যে দিকগুলোতে নজর দেওয়া প্রয়োজন তা হচ্ছে: ·১. সবার জন্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, সমস্যা দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে আত্মহত্যার হার অনেক কমানো সম্ভব। ২. আত্মহত্যায় ব্যবহার করা হয়—এমন জিনিস যাতে সহজলভ্য না হয়। সে জন্য ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ দেওয়া বা পোকা মারার বিষ হাতের নাগালে রাখা বন্ধ করতে হবে। ৩. আত্মহত্যার সতর্কসংকেত সম্পর্কে সচেতন থাকতে হবে। সরাসরি আত্মহত্যার কথা বলা বা হুমকি, একবার বা বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা, বিষণ্নতা রোগে আক্রান্ত রোগী, হঠাৎ সবার কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলার বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। ৪. আত্মহত্যাপ্রবণ ব্যক্তির হাতের কাছে ছুরি, কাঁচি, ওষুধ না রাখা, একা না রাখা। ৫. গণমাধ্যমকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আত্মহত্যার বিস্তারিত বিবরণ ও ধরন বর্ণনা থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত। ৬. সারা দেশে ক্রাইসিস সেন্টার ও টেলিফোন হটলাইন চালুর উদ্যোগ নেওয়া।
কারও আত্মহত্যা শুধু ওই ব্যক্তিরই শূন্যতা ঘটায় না, প্রতিটি আত্মহত্যায় কোনো না-কোনোভাবে আক্রান্ত হয় তার সঙ্গে যুক্ত আরও অনেকে। আমরা প্রত্যেকে যদি নিজের জায়গা থেকে চেষ্টা করি, তাহলে আত্মহত্যার হার কমানো সম্ভব।
মেখলা সরকার মানসিক রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা