সাভারে রানা প্লাজা ধসের দুই মাস পর তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করল, তাতে তাদের নিজেদের দায়দায়িত্বকে খাটো করে দেখানোর ঝোঁক সুস্পষ্ট। এ ধরনের দায়সারা মনোভঙ্গি তদন্তের প্রকৃত লক্ষ্য সাধনের পক্ষে সহায়ক হতে পারে না। ২৪ এপ্রিল সকালে রানা প্লাজা ধসে মোট এক হাজার ১৩১ জন পোশাকশ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছেন কতজন, তার সঠিক পরিসংখ্যান মেলেনি। দেশের পোশাকশিল্পের ইতিহাসে সর্ববৃহৎ এই ট্র্যাজেডি সম্পর্কে বিজিএমইএর তদন্ত প্রতিবেদনে ভবনধসের যে নয়টি সম্ভাব্য কারণ উল্লেখ করা হয়েছে, সেগুলোর দায় প্রধানত চাপানো হয়েছে ভবনটির মালিক সোহেল রানার ওপর। কিন্তু ওই ভবনে যে পাঁচটি তৈরি পোশাক কারখানা ছিল, সেগুলোর মালিকদের ব্যাপারে নমনীয় ভাষায় বলা হয়েছে যে ২৪ এপ্রিল কারখানাগুলো চালু রাখায় দুর্ঘটনার দায় তাঁরা এড়াতে পারেন না। নয় পাতার পুরো প্রতিবেদনে এর বাইরে কোনো কথা কারখানার মালিকদের সম্পর্কে বলা হয়নি। এ থেকে প্রতীয়মান হয়, বিজিএমইএ ওই কারখানাগুলোর মালিকদের দায়দায়িত্ব খাটো করে দেখাতে চেয়েছে। কারণ, এটি বহুল আলোচিত বিষয় যে ভবনটির পিলারে ফাটল দেখা দেওয়ার পরেও ওই মালিকেরা কারখানা চালু রেখেছিলেন। এমনকি ২৪ এপ্রিল হরতাল ছিল বলে আগে থেকেই শ্রমিকদের কাজে যোগ দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। বস্তুত, পিলারে ফাটল দেখা দেওয়ার পর কারখানাগুলো বন্ধ করে দিলে বা ২৪ এপ্রিল শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা না হলে রানা প্লাজা ধসে পড়লেও এত প্রাণহানি ঘটত না। রানা প্লাজার মালিক সোহেল রানা পিলারে ফাটল দেখা দেওয়ার পরেও পোশাক কারখানাগুলোর মালিকদের সেদিন কারখানা চালু রাখতে চাপ দিয়েছিলেন—এ কথা বলেই কারখানার মালিকেরা পার পেতে পারেন না। কারণ, ভবনমালিকের ‘চাপ’ উপেক্ষা করে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে কারখানা বন্ধ রাখার চেষ্টা ওই কারখানার মালিকেরা করেননি। রানা প্লাজা নির্মাণে নকশা ও কারিগরি ক্ষেত্রে যেসব গুরুতর ও বিপজ্জনক অনিয়ম করা হয়েছে, সেসবের জন্য ভবনটির মালিক অবশ্যই দায়ী। পিলারে ফাটল দেখা দেওয়ার পরেও তিনি পোশাক কারখানার মালিকদের কারখানা চালু রাখতে ‘চাপ’ দিয়ে গুরুতর অন্যায় করেছেন বটে। কিন্তু সহস্রাধিক পোশাকশ্রমিকের মর্মান্তিক মৃত্যুর জন্য ওই পোশাক কারখানাগুলোর মালিকদের দায়টাই প্রধান। বিজিএমইএ এই সত্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অন্যায় পক্ষপাত দেখাল। ডেকে এনে গণহত্যার শিকারে পরিণত করা হয়েছে যে সহস্রাধিক পোশাকশ্রমিককে, তাঁদের প্রাণের বিনিময়ে হলেও শ্রমিক-নিরাপত্তা বাড়াতে এই মহা-ট্র্যাজেডির জন্য দায়ী কারখানার মালিকদেরসহ সবার বিচার নিশ্চিত করতে হবে। দুঃখজনকভাবে বিজিএমইএর দৃষ্টি সেদিকে নেই। গত নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ জন পোশাকশ্রমিক মারা যাওয়ার পরেও সংগঠনটি সুকৌশলে ওই কারখানার মালিককে রক্ষার চেষ্টা করে। এমন প্রবণতা আত্মঘাতী এবং এর ফলে মালিকদের দায়িত্ববোধ ও জবাবদিহি আরও কমে যেতে পারে।