বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের মধ্যে যে দুস্তর ফারাক, তার প্রকৃষ্ট উদাহরণ সরকারি দায়িত্বে নিয়োজিত গবেষক ও বিজ্ঞানীদের চাকরির মেয়াদ বৃদ্ধির ঘোষণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২৪ জুলাই গবেষক ও বিজ্ঞানীদের অবসরের বয়স ৬৭ বছর করার ঘোষণা দিলেও অদ্যাবধি তা বাস্তবায়িত হয়নি৷ বিষয়টির সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি তো বটেই, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, আইন, জনপ্রশাসন মন্ত্রণালয়ও জড়িত। সে ক্ষেত্রে আন্তমন্ত্রণালয় বৈঠক করে সমন্বিতভাবেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমাদের আমলাতন্ত্র এমনই জগদ্দল পাথর যে তাকে নড়ানো যায় না।
বিজ্ঞানী ও গবেষকদের অবসরের বয়স বাড়ানোর ঘোষণা নিশ্চয়ই রাজনৈতিক সিদ্ধান্ত নয়। দেশের বিজ্ঞান ও গবেষণা যেহেতু বিশেষায়িত জ্ঞান, সেহেতু বিজ্ঞানী ও গবেষকদের চাকরির মেয়াদ বাড়লে দেশ ও জনগণ উপকৃত হবে বলে ধারণা করি৷ প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ আইন, ২০১৩ প্রণয়ন করলেও তা বাস্তবায়িত হতে পারেনি নানা কারণে৷ প্রথমত, এতে কারা গবেষক ও বিজ্ঞানী হিসেবে এই সুবিধা পাবেন, তা স্পষ্ট করা হয়নি৷ দ্বিতীয়ত, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনীহা ও সিদ্ধান্তহীনতা। এক মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের ওপর দায় চাপিয়ে নিজের দায়িত্ব এড়াতে চাইছে৷ বিষয়টি নিয়ে যে রীতিমতো ঘাড় ধাক্কাধাক্কি চলছে, তা-ই জানা গেল গতকাল প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে৷
প্রধানমন্ত্রীর ঘোষণার পরও চার বছর সিদ্ধান্তটি ঝুলে থাকল কেন? একটি কারণ হতে পারে, সরকারের সিদ্ধান্তগুলো যাঁরা বাস্তবায়ন করে থাকেন, সেই উচ্চপদস্থ কর্মকর্তাদের লাভের বিষয়টি এতে যুক্ত নয়৷ ফলে তাঁরা সিদ্ধান্ত নিতে খুবই অনাগ্রহী৷ নিজেদের স্বার্থসংশ্লিষ্ট হলে কর্তাব্যক্তিদের দৌড়ঝাঁপ বেড়ে যায়, আর অন্যের হলে হাত গুটিয়ে বসে থাকাকেই শ্রেয় মনে করেন৷ গবেষক ও বিজ্ঞানীদের প্রতি আমলাতন্ত্রের এই নেতিবাচক মানসিকতা কেবল অগ্রহণযোগ্য নয়, নিন্দনীয়৷
জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের শ্রেষ্ঠ বিজ্ঞানী ও গবেষকদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগানোর বিকল্প নেই৷ তাই, প্রধানমন্ত্রীর ঘোষণাটি যাতে দ্রুত বাস্তবায়িত হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ চাই৷