একুশে ফেব্রুয়ারির দুটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুহম্মদ জাফর ইকবাল তাঁদের বক্তৃতায় বাংলাকে বিজ্ঞানের ভাষা করা সম্ভব বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিজ্ঞান হচ্ছে একুশ শতকের ভাষা, একুশ শতকের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির শিকড়; মূল চালিকাশক্তি। সেই চালিকাশক্তিকে বহন করার ক্ষমতা বাংলা ভাষার বুকে আছে। বাংলা ভাষার ধারণক্ষমতা, গ্রহণক্ষমতা, আত্তীকরণ ক্ষমতা পৃথিবীর যেকোনো ভাষার চেয়ে বেশি। সর্বোপরি এই ভাষার মেরুদণ্ড হচ্ছে ফোনোটিক চরিত্র—অর্থাৎ উচ্চারণ বেসড, যা কি না এ শতককে চালিয়ে নিয়ে যাচ্ছে যে কম্পিউটার, সেই কম্পিউটারের জন্য সবচেয়ে বেশি সহায়ক ভাষা।
তাই বাংলাকে বিজ্ঞানের ভাষা করার প্রত্যয় কোনো শূন্যগর্ভ বক্তব্য নয়। আমি বিশ্বাস করি, এটি সত্য এবং বাস্তবের সবচেয়ে নিকটবর্তী। এই সত্যটি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করতে পেরেছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে বলতে চাই, এই সত্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিবেদিতপ্রাণ সেটি মুহম্মদ জাফর ইকবালের আছে। তিনি একে বাস্তবায়ন করার মতো প্রমিথিউস এই অভাগা দেশে।
এ জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বইপত্র সহজলভ্য করে দেওয়ার ব্যবস্থা করে সরকারকে এগিয়ে আসতে হবে। গ্রামে গ্রামে, স্কুলে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হোক। যাতে গ্রামে বসে কৌতূহলী, উৎসুক তরুণ-কিশোরেরা বিজ্ঞানপ্রযুক্তির বইপত্র পায়। পাশাপাশি প্রয়োজন হবে মুহম্মদ জাফর ইকবালের মতো আত্মত্যাগী বিজ্ঞান শিক্ষকদের সযত্নে পরিচর্যা। নেটের সহায়তায় তাঁরা যেন এই তরুণদের শিক্ষায় সহায়ক হতে পারেন, সে ব্যবস্থা করা।
এ বিষয়ে বাংলা উইকিপিডিয়া টিমের কার্যক্রম কিংবা খান একাডেমির সালমান খানের অনলাইন টিউটোরিয়ালের উদাহরণের কথা স্মরণ করা যেতে পারে। এটি করা গেলে বিজ্ঞান আমাদের দেশের জন্য আলাদিনের চেরাগের মতো কাজ করতে পারে। দূর করতে পারে দারিদ্র্য, দুর্ভিক্ষ, অভাব, বঞ্চনা।
দুজনের কাছেই আমার সনির্বন্ধ অনুরোধ, বিজ্ঞান আমাদের জন্য জিয়নকাঠির মতো প্রয়োজনীয় এবং জরুরি। বিজ্ঞান আন্দোলন তৃণমূলে ছড়িয়ে দিন। বিজ্ঞানের আলো গ্রামের ঘরে ঘরে এই প্রজন্মের কিশোর-তরুণদের বুকে পৌঁছে দিতে পারলে মৌলবাদী অন্ধকার, কুসংস্কার ও অপকর্ম—পালাবার পথ পাবে না।
আমাদের দেশের ‘কাজে বড় ছেলেদের’ এগিয়ে আনার জন্য বিজ্ঞানের প্রদীপটি তাঁদের হাতে তুলে দিতে হবে আজই, এখনই। মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূলে বিজ্ঞান বিস্তারের জন্য ইউনিয়ন পরিষদ তথ্যকেন্দ্রগুলোতে কম্পিউটার, মডেম প্রভৃতির সঙ্গে সঙ্গে বিজ্ঞান প্রযুক্তির প্রায়োগিক শিক্ষার জন্য সহায়ক বইপত্রও দ্রুত পৌঁছানোর ব্যবস্থা নিন।
সাইফ শাহজাহান, মালিবাগ, ঢাকা।