প্রতিদিন দুপুরের পর দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিটিভির দুপুরের সংবাদ ঘটা করে সম্প্রচারিত হতে দেখা যায়৷ বিটিভির সংবাদ কেন এসব চ্যানেলে সম্প্রচার করা হয় এবং এর মাধ্যমে বিটিভি, তথা সরকারের কী ধরনের লক্ষ্য এবং তা কতটুকু অর্জিত হয়, তা অনেকেরই বোধগম্য নয়৷ অবশ্য সরকার কর্তৃক বেসরকারি টিভি চ্যানেলগুলোকে লাইসেন্স অনুমতি প্রদানের অন্যতম শর্ত পালন, তথা বাধ্যবাধকতার কারণেই এমনটি করে থাকে বলেই সবার ধারণা৷ এতে অবশ্য লাইসেন্স দানকারী কর্তৃপক্ষের কর্তৃত্বপরায়ণতা ফোটে, সন্দেহ নেই৷
তবে এ ধরনের শর্ত আরোপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চিন্তা–চেতনার দীনতারই বহিঃপ্রকাশ বলে বিবেচিত হয়৷ কারণ, শর্ত পূরণের আবশ্যকতার দরুন বেসরকারি চ্যানেলগুলোকে বিটিভির দুপুরের সংবাদ সম্প্রচারে বাধ্য করা গেলেও যাদের উদ্দেশে এটি প্রচার করা হয়, অর্থাৎ টিভির দর্শক-শ্রোতাকে ওই সংবাদ শ্রবণ ও দর্শনে বাধ্য করা সম্ভব নয়৷ কেউ যদি বিটিভির সংবাদে আগ্রহী হন, তাহলে তিনি বিটিভির চ্যানেল বা বিটিভি স্যাটেলাইট চ্যানেলে তা অনায়াসে দেখতে পারেন৷
দেশে বেসরকারি টিভি চ্যানেল চালুর পর থেকে সংবাদের সামগ্রিক মান ও আকর্ষণ বিচারে অনেক পিছিয়ে থাকায় বিটিভির সংবাদের প্রতি দর্শক-শ্রোতার আগ্রহ কম৷ বিটিভির কিছু কিছু বিনোদনমূলক অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ ভালো মানের হলেও সংবাদের ক্ষেত্রে বলতে গেলে জন্মলগ্ন থেকেই বিটিভির সংবাদ দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণে অনেক পিছিয়ে৷
বিটিভির এমন মানহীন, অনাকর্ষণীয় সংবাদ দর্শক-শ্রোতাকে জোর করে গেলানোর চেষ্টা হাস্যকর প্রচেষ্টা বলে গণ্য হতে বাধ্য৷ বিশেষ করে বর্তমান স্যাটেলাইট যুগে যখন সারা বিশ্বের সংবাদ প্রতি মুহূর্তে মানুষের হাতের নাগালে, তখন এ ধরনের যেকোনো প্রচেষ্টা বা চিন্তাভাবনা নিতান্তই বেমানান ও বাস্তবতাবিবর্জিত বলেই মনে হয়৷
শাহীদুল আযম, মিরপুর, ঢাকা৷