কয়েক বছর আগেও রংপুর শহর নিয়ে গর্ব করা হতো। বলা হতো, রংপুর খুবই নিরিবিলি, খুবই নিরাপদ। বখাটেদের উৎপাত নেই, বর্ষায় সড়ক ডুবে যায় না, জীবনযাপনে ব্যয় কম; এককথায়—শান্তির শহর। সেই রংপুর এখন রীতিমতো বিড়ম্বনার শহরে পরিণত হয়েছে। রংপুর শহরে ঢুকতেই সড়ক ব্যবস্থাপনা দেখে চক্ষু চড়কগাছ হবে। ২০ থেকে ২২ ফুট সড়কের মাঝখানে সড়কবাতি বসানো, সড়কবাতি থেকে রাস্তার সীমান্তের পূর্বেই বিদ্যুতের খুঁটি। জনজীবনে বিষফোড়া এখন শহরের প্রধান সড়ক। ২০১১ সালের ২০ মার্চ রংপুর শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়, যা অবিশ্বাস্য রকমের শম্বুকগতিতে চলছে। রংপুর বিভাগ ও সিটি করপোরেশন করার মধ্য দিয়ে মহাজোট সরকার যে ইতিবাচক ভাবমূর্তি লাভ করেছিল, নাগরিক সুবিধা বিঘ্ন করার মধ্য দিয়ে সেই সুনামে কালি পড়তে শুরু করেছে। রংপুর শহরটা যেন অভিভাবকশূন্য, দেখার কেউ নেই। রংপুর সিটি করপোরেশন হলো। হওয়ার সঙ্গে সঙ্গেই যে উন্নতি নেমে আসবে, এমনটা আশা করা যায় না। কিন্তু উন্নয়ন শুরু হওয়ারও কোনো লক্ষণ নেই। সিটি করপোরেশনের মধ্যে অনেক সড়ক এখনো পাকা হয়নি, অধিকাংশ সড়কে এখনো সড়কবাতি নেই, যেখানে সড়কবাতি আছে, সেখানেও অনেক বাতি নষ্ট। শহরে চলছে প্রায় ৩০ হাজার অটোরিকশা। রাতে এগুলো পাওয়ার সাশ্রয়ের নামে লাইট না জ্বালিয়ে চালানো হয়। এগুলোয় ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করা হয়েছে। কয়েক দিন আগে অনেক স্থানের ভাড়া দ্বিগুণ করা হয়েছে। নগরের পয়োনিষ্কাশনব্যবস্থা খুবই দুর্বল। একটু বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রংপুরের পয়োনিষ্কাশনে একমাত্র শ্যামাসুন্দরী খাল অবহেলায়-অযত্নে পড়ে আছে।
রংপুর বিভাগ হওয়ার কারণে সরকারি-বেসরকারি অনেক বিভাগীয় কার্যালয় চালু হয়েছে। মানুষের আসা-যাওয়া বেড়েছে। বাড়িভাড়া আগের চেয়ে এখন প্রায় দ্বিগুণ। কিন্তু সিটি করপোরেশন ভাতা যে সরকারি কর্মচারীদের পাওয়ার কথা, তা তাঁরা পাচ্ছেন না। ফলে জীবনযাত্রায় ব্যয় বাড়লেও আয় বাড়েনি। বাড়িভাড়া কমানোর জন্য সরকারি উদ্যোগ নিতে হবে। স্বল্প সুদে সিটি করপোরেশন এলাকায় বসতিনির্মাণ ঋণ চালু করতে হবে। এতে বাড়িভাড়া কমানো সম্ভব।
আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এই ব্যর্থতার দায় সবটুকু পুলিশ প্রশাসনের নয়। রংপুর যখন একটি জেলা শহর ছিল, সেই সময়ে যে একটি থানা ছিল। যে পুলিশকাঠামো ছিল, সেটা দিয়ে একটি বিভাগীয় শহরের আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। রংপুরে এখন অনেক ভাসমান মানুষ, বর্তমান পুলিশ দিয়ে তাদের নিরাপত্তা বিধান করা অসম্ভব। প্রতিদিন অসংখ্য ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে। গত ঈদে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরি হয়েছে। ফলে একসময়ের নিরাপদ শহর হিসেবে পরিচিত পেলেও এখন এটি চরম অশান্তির শহর হয়ে পড়েছে। তাই থানার সংখ্যা বৃদ্ধি করে পুলিশি তদারকি বাড়ানো প্রয়োজন।
রংপুরে শহরে শিশু-কিশোরদের জন্য নেই কোনো বিনোদনকেন্দ্র। একমাত্র চিড়িয়াখানাটির পরিবেশও ভালো নয়। কুকরুল ও চিকলির বিল দুটি স্থানেই বৃহৎ পরিসরে বিনোদনকেন্দ্র গড়ে উঠতে পারে। শিশু-কিশোরদের জন্য সুস্থ বিনোদনকেন্দ্র না থাকায় মাদকাসক্ত ব্যক্তিদের সংখ্যা বাড়ছে।
রংপুর শহরে মানুষের চাপ বেড়েছে। সে তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান বাড়েনি। সরকারি উদ্যোগে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন। আদি রংপুর হচ্ছে মাহিগঞ্জ। সেখানে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান একটিও নেই। মাহিগঞ্জে প্রাথমিক-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ও বিশেষায়িত একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে শহর বিকেন্দ্রীকরণও হবে, একই সঙ্গে ভালো প্রতিষ্ঠানে পড়ার জন্য ছয় থেকে আট কিলোমিটার দূরে যেতে হবে না।
রংপুরকে যদি পরিকল্পিতভাবে নগরায়ণের মধ্যে আনা না যায়, তাহলে বিড়ম্বনা আরও বাড়বে। রংপুর ভূমিকম্পপ্রবণ এলাকা। ফলে ভবন কোড মেনে এখানে ভবন নির্মাণ জরুরি। ঠিক যে সময়ে রংপুর শহরে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের আবাস গড়ে উঠছে, তখনি যদি পরিকল্পিত নগরায়ণ না হয়, তাহলে আর কখনোই রংপুর শহর বসবাসের জন্য উপযোগী থাকবে না। বর্তমানে যেভাবে নগরায়ণ হচ্ছে, তাতে রংপুর একটি মাথাভারী শহরে পরিণত হবে।
কোনো কারণ ছাড়াই রংপুরকে বৃক্ষহীন করে রাখা হয়েছে। সড়ক সম্প্রসারণের জন্য সড়কের দুই ধারের প্রাচীন গাছগুলো কেটে ফেলা হয়েছে, সেখানে নতুন কোনো গাছ লাগানো হয়নি। তীব্র দাবদাহে ছায়ায় দাঁড়ানোর মতো কোনো গাছ নেই।
সরকারিভাবে চিকিৎসার জন্য রংপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল রয়েছে। সেখানকার পরিবেশ কখনো কখনো এতটাই অস্বাস্থ্যকর হয় যে রংপুরের সবচেয়ে দুর্গন্ধময় এলাকা হয়ে ওঠে। নাক বন্ধ করে দ্রুত হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
নির্বাচনের আগে ‘কেমন সিটি করপোরেশন চাই’ শীর্ষক প্রথম আলোর গোলটেবিল বৈঠকে বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু, সে সময়ের মেয়রপ্রার্থী হিসেবে দুটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। একটি হচ্ছে, ‘নতুন সিটি করপোরেশনের জন্য সরকারের আলাদা বরাদ্দ দিতে হবে। তা না হলে সিটি করপোরেশনের আয়ে প্রথম অবস্থায় সবাইকে নাগরিক সুবিধা দেওয়া যাবে না।’ সত্যি সত্যি এ নগরে নাগরিক সুবিধা দেওয়ার উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। যেটুকু হচ্ছে, তা-ও কচ্ছপগতিতে। বর্তমান মেয়রের অন্য কথাটি ছিল, ‘নগরায়ণের জন্য একটি মাস্টারপ্ল্যান থাকতে হবে।’ মেয়র বর্তমানে অসুস্থ। তাঁর সুস্থতা কামনা করছি। আশা করছি, মেয়র হওয়ার আগে তিনি সিটি করপোরেশন নিয়ে যে স্বপ্ন দেখেছেন, সেই সিটি করপোরেশন বাস্তবায়নে তৎপর হবেন।
জাতীয় রাজনীতিতে রংপুর খুবই গুরুত্বপূর্ণ। এরশাদের সমর্থন আছে রংপুরে। অতিমাত্রায় এরশাদের এই আত্মবিশ্বাসও রংপুরের জন্য কাল হয়েছে। রংপুর সদর আসনের সাংসদ রওশন এরশাদ চলতি মেয়াদে জনগণের সমস্যা নিয়ে কোনো কথাই বলেননি। রংপুর আওয়ামী লীগের মধ্যে এমন কোনো নেতৃত্ব নেই, যাঁরা রংপুরের উন্নয়নের জন্য শক্ত ভূমিকা রাখতে পারেন। রংপুর বিভাগের দায়িত্বে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী মাঝেমধ্যে রংপুরে আসেন, কিন্তু রংপুরের এসব বিড়ম্বনা তাঁর চোখে পড়ে কি না, সন্দেহ। কেননা, রংপুর শহরবাসী স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা, যোগাযোগ ও বিনোদন—সর্বত্রই সীমাহীন বিড়ম্বনার মধ্য দিয়ে জীবন যাপন করছে, অথচ সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
[email protected]