প্রশাসনে পদকের লক্ষ্য হওয়ার কথা ছিল দায়িত্ব, নিষ্ঠা ও পেশাদারিকে উৎসাহিত করা। দেখা যাচ্ছে, পেশাদারি নয়, সরকারের আস্থাভাজন হওয়াই পদকপ্রাপ্তির বড় যোগ্যতা। এটা যদি না হবে, তাহলে ২০১১ সালে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে বাজেভাবে প্রহারের জন্য যে পুলিশ কর্মকর্তার শাস্তি হওয়ার কথা ছিল; তাঁকে পুরস্কৃত করা হতো না। ওই ঘটনার পর তিনি পদোন্নতি পেয়েছেন, ২০১২ সালে পুলিশ পদক পাওয়ার ধারাবাহিকতায় এবারও পদকের জন্য মনোনীত হয়েছেন। যে বছর তিনি পদক পেয়েছেন, সেই বছরই তাঁর চোখের সামনেই নিরীহ পথচারী বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়। এভাবে পুনঃপুন পদকপ্রাপ্তিকে দুষ্টের দমন নয়, বরং দুষ্টের সংবর্ধনা ছাড়া আর কী বলা যায়?
এবারে পদক পেতে যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাবের মহাপরিচালক, র্যাবের সাত অধিনায়ক, পুলিশের বিভিন্ন রেঞ্জের ডিআইজিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। খেয়াল করা দরকার, গত বছর থেকে বর্তমান পর্যন্ত দেশে মানবাধিকার লঙ্ঘন, ক্রসফায়ার-বন্দুকযুদ্ধ, গ্রেপ্তার-বাণিজ্য, পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা ব্যাপক হারে বেড়েছে। এসব বিচ্যুতি ঘটেছে সরকারের ‘হাত’ শক্তিশালী করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারের মাধ্যমে। সুতরাং পুলিশ পদকে ‘পছন্দের লোক’কে বিশেষ আনুগত্যের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা তো অমূলক নয়। আরও খেয়াল করার বিষয়, পুলিশ পদকের সংবাদ যেদিন এসেছে, সেদিনই বাংলাদেশ মানবাধিকার কমিশন একটি কথিত ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা তদন্ত করে দেখেছে যে ব্যাপারটি নির্জলা হত্যাকাণ্ড। তাই যে বাহিনীগুলোর কর্মকর্তারা আইনবহির্ভূত ক্ষমতা প্রয়োগ ও বিচারবহির্ভূত হত্যার জন্য দায়ী, তাঁদের কোন যুক্তিতে পদকে ভূষিত করা যায়?
পুলিশ ও র্যাব বাহিনীর অনেক সাহসিকতা ও আত্মত্যাগ রয়েছে। মাঠপর্যায়ে তাদের অনেকের সাহসিকতার নজিরেরও অভাব নেই। তাদের বাদ দিয়ে সরকার যদি দুষ্টের দমন শিষ্টের লালন না করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কেন দুষ্টের দমন আর শিষ্টের লালন করবে?